ভুঁইফোড় সংগঠন নিয়ে ব৵স্ত বিএনপি নেতারা
এক যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কোনো কমিটি নেই। এক সময় যারা নেতৃত্ব দিয়েছেন, তাঁরা এখন দ্বিধা বিভক্ত। অনেক তদবির করেও কমিটি গঠনে কেন্দ্রীয় নেতাদের রাজি করানো যায়নি। ফলে বছরের পর বছর কমিটি ছাড়াই চলছে যুক্তরাষ্ট্র বিএনপি। সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক ওরফে মিলন কমিটি গঠন করতে এসে এক পক্ষের তোপের মুখে পড়েন। পরে তিনিও কমিটি গঠন না করে চলে যান। এরপর থেকে বিএনপির নেতারা ভুঁইফোড় সংগঠনের সঙ্গে জড়িত হয়ে নিজেকে রাজনীতিতে ধরে রাখার চেষ্টা করছেন। এমন সংগঠনে উচ্চ পদ পেলে তা আবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছেন। এসব সংগঠন নিয়ে বিতর্কেরও শেষ নেই।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিএনপির দুই সাবেক নেতা একটি সংগঠনের এরকম দুটি পদে দায়িত্ব পেয়েছেন। স্থানীয় গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তাঁরা পদ পাওয়ার বিষয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই দুই নেতা হলেন যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক আহ্বায়ক মিলটন ভূঁইয়া ও সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া। ঢাকার সংগঠন জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতির দায়িত্ব পান এই দুই নেতা। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম। তাঁর স্বাক্ষরিত চিঠিতে তাঁদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি করা হয়েছে বলে বিজ্ঞপ্তি পাঠানো হয়। এ ছাড়া মিলটন ভূঁইয়া দায়িত্ব পেয়ে কমিউনিটি পত্রিকায় বিজ্ঞাপনও দেন।
কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক কাজী আযম ও আরেক সাবেক সহসাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপি গঠন করা হয়। সেখানে তারা দুজনই সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
এমন সংগঠন তৈরি ও এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হলে ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী আযম বলেন, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সব উচ্চ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে ইন্টার স্টেট বিএনপি গঠন করা হয়েছে। এই সংগঠনের ব্যানারে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জাতিসংঘের সামনে বিক্ষোভ মিছিল করা হয়। ইন্টার স্টেট বিএনপির আরেক নেতা ফিরোজ মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির ১১ বছর কোনো কমিটি নেই। বিএনপির আদর্শ-উদ্দেশ্যে ধারণ করাই এই সংগঠনের মূল কাজ এবং সবার মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্যই মূলত কাজ করছে ইন্টার স্টেট বিএনপি।
এ দিকে জিয়া স্মৃতি পাঠাগারের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির দুই নেতার দায়িত্ব পাওয়ার পর এ নিয়ে সংগঠনের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল সালামের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, জিয়া স্মৃতি পাঠাগার বাংলাদেশে গঠিত একটি সংগঠন। দেশে বিএনপির এত ত্যাগী নেতা-কর্মী থাকতে যুক্তরাষ্ট্র থেকে কেন এই দুই নেতাকে বেছে নিলেন। এতে বোঝা যায়, এখানে স্বজনপ্রীতি করা হয়েছে অথবা অন্য কিছু জড়িত আছে। সহসভাপতি করার বিষয় দেখে মনে হচ্ছে, আবদুস সালাম একাই তাদের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দুই নেতাকে তাঁর একক সিদ্ধান্তে পদ দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, কাকে পদ দেবে না দেবে-সেটি সংগঠনের বিষয়। একই সঙ্গে তিনি বলেন, এটি কোনো আহামরি সংগঠন নয় যে এর পদ নিয়ে এত আলোচনা-সমালোচনা হবে।
জানা গেছে, আবদুস সালাম যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী। মাঝেমধ্যে বেড়াতে আসেন এ দেশে। এ সময় দলীয় নেতা মিলটন ভূঁইয়ার সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠে। সম্পর্কের খাতিরে তাকে এই পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জিয়া স্মৃতি পাঠাগার প্রসঙ্গে বিএনপির আরেক নেতা ও জিয়া স্মৃতি পাঠাগার পোর্টালের চেয়ারম্যান ও প্রকাশক মতিউর রহমান বলেন, ২০১২ সালে নিউজার্সি স্টেট সিনেটের রাষ্ট্রীয় সংবর্ধনা শেষে সিনেটর হল রুমে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি পাঠাগারের একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করেন। সেই সময় এই পাঠাগার পোর্টালের সম্পাদনার দায়িত্ব দেওয়া হয় খালেদা জিয়ার এপিএস সামছুল আলমকে। সহসম্পাদনার দায়িত্ব দেওয়া হয় খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি আশিক ইসলামকে। সার্বিক সহযোগিতার দায়িত্ব দেওয়া হয় নিউজার্সি স্টেট বিএনপির সাবেক সভাপতি সোলায়মান সানিয়াদ ও পটুয়াখালী জেলা বিএনপি নেতা আশরাফ আলী হাওলাদারকে। একই সঙ্গে এই পাঁচজনকে জিয়া স্মৃতি পাঠাগার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
মতিউর রহমান বলেন, এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঢাকার মিরপুরে একটি অফিস নিই। কিন্তু ২০১৩ সালে ডিবির লোকজন আমাদের অফিসে হানা দিয়ে অফিসের কম্পিউটার ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়।
মতিউর রহমান দাবি করেন, এরপর ২০১৫ সালে বিএনপি নেতা ও সাবেক ডেপুটি মেয়র আবদুস সালামের সঙ্গে নিউইয়র্কের ম্যানহাটনে একটি রেস্টুরেন্টে বৈঠকে তিনি জিয়া স্মৃতি পাঠাগারকে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে এগিয়ে নেওয়ার বিষয়ে পরামর্শ চান। তখন আবদুল সালাম সেই সময় পাঠাগারের বিষয়টি তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এখন মতিউর রহমান শুনছেন, আবদুস সালাম নিজেই এই সংগঠনের সভাপতি। এটি একটি আশ্চর্য জনক ব্যাপার।
তবে আবদুস সালাম বলেন, মতিউর রহমানের সঙ্গে ম্যানহাটনে এসব বিষয় নিয়ে কোনো আলাপ বা বৈঠকে হয়নি। কেউ যদি জাতীয়তাবাদী শক্তির সঙ্গে জড়িত থাকেন বা কাজ করতে চান, তাহলে তিনি কাজ করবেন।
জিয়া স্মৃতি পাঠাগারের সদ্যদায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহসভাপতি জসিম ভূঁইয়ার সঙ্গে কথা বলতে ফোন করলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা দেওয়া হলেও তার কোনো উত্তর দেননি। অবশ্য গত কয়েক মাস ধরে করোনাকালে জসিম ভূঁইয়ার রাজনৈতিক তৎপরতা তেমন একটা দেখা যায়নি বলে তাঁর দলীয় এক সহযোগী জানান।