ভুল শুদ্ধ করার নির্ভুল উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই সন্তান, ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব বা সহকর্মীদের ভুল ধরিয়ে তা শুদ্ধ করতে গিয়ে নানা বিপাকে পড়েন। তাঁরা মনে করেন ভুল না ধরিয়ে দিলে তা শুদ্ধ হবে কীভাবে। কিন্তু এতে বেশির ভাগ ক্ষেত্রেই ভুল শুদ্ধ হয় না। কারণ এতে যার ভুল ধরছেন তার—

১. আত্মসম্মানের অবমাননা করা হয়
২. চিন্তা-ধারাকে অশ্রদ্ধা করা হয়
৩. কাজকে অবমূল্যায়ন করা হয়
৪. উৎসাহ নষ্ট করা হয়
৫. ভুলকে বড় হিসেবে দেখা হয়
৬. মনকে জেদি করা হয়
৭. বিশ্বাস নষ্ট করা হয় ও
৮. মহান হওয়ার বীজ অঙ্কুরেই নষ্ট করা হয়।

তাহলে কীভাবে সেসব ভুল ধরিয়ে দেবেন? কীভাবে তা শুদ্ধ করবেন? চলুন, দেখা যাক ভুল শুদ্ধ করার কিছু নির্ভুল পদ্ধতি—
১. ভুলগুলো বলার আগে শুদ্ধগুলো বলুন।
২. বকা-বকি বা গালি-গালাজ না করে ভুল শুদ্ধ করতে উৎসাহিত করুন।
৩. যারা কম বোঝে বা বেশি ভুল করে, তাদের একটু বেশি মায়া করুন।
৪. যদি কোনো কারণে আপনার কথা না শোনে বা আপনার কোনো কথার গুরুত্ব না দেয়, তবে ভাবুন আপনার ভুল হচ্ছে; কোথাও না কোথাও।
৫. অন্যরা ভুল করতে পারে, সে চিন্তা থেকে নিজেকে বিরত রেখে, নিজে কী ভুল করছেন সেটা ভাবুন।
৬. আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া বা তর্ক করা থেকে বিরত থাকুন।
৭. ভুলকে এতই ক্ষুদ্রভাবে ধরিয়ে দিন, যেন এটা কোনো ভুলই না। বরং এটাকে খুবই সহজে আরও ভালো করা যেত।
৮. যখনই খুব অল্প হলেও ভুল কমবে বা শুদ্ধ হবে, সেটাকে অনেক বড় করে দেখুন যেন আর তেমন ভুলই নেই।
৯. যখনই অল্প হলেও ভুল কমবে বা উন্নতি হবে, তার জন্য পুরস্কৃত করুন।
১০. ভুল ধরিয়ে দিতে ভুলকে খুবই ছোট করে দেখার পাশাপাশি আপনার নিজের সে সম্পর্কিত ছোট ছোট ভুলগুলোকে বড় করে তুলে ধরুন।
১১. যে বেশি ভুল করে তাকে অন্যের ভুল ধরার দায়িত্ব দিন বা অন্যের ভুল শুদ্ধ করার কাজে নিয়োজিত করুন।
১২. কখনোই বলবেন না ‘এটা ভুল’ বা ‘এটা ঠিক নয়’।

ভুলকে ভুল, আর শুদ্ধকে শুদ্ধ বলা আমাদের সৎ ও নৈতিক দায়িত্ব। কিন্তু, ভুল শুদ্ধ করতে ভুলকে কখনো ‘ভুল’ বলবেন না। ভুলকে ‘ভুল’ বলুন শুধুমাত্র মূল্যায়ন করতে।