ভুয়া দাবিতে আশ্রয় চান অধিকাংশ আশ্রয়প্রার্থী!
সম্প্রতি আমেরিকায় রাজনৈতিক আশ্রয় চাওয়া অভিবাসীদের মোটামুটি সব কাগজপত্রই বানোয়াট বলে মনে করা হচ্ছে। আশ্রয়প্রার্থীদের একটি বড় অংশই ত্রুটিপূর্ণ নথি নিয়ে আশ্রয় আবেদন করছেন, যা খুব সহজেই খারিজ হয়ে যাচ্ছে। সম্প্রতি সীমান্ত অতিক্রম করার পর আটক ব্যক্তিদের বিষয়ে নতুন এটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ফলে বিপদে পড়ছেন সত্যিকার অর্থেই সংকটগ্রস্ত আশ্রয়প্রার্থীরা।
বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই নানাভাবে সীমান্ত অতিক্রম করে আশ্রয় চাইছে। এর মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ আবেদন নানা কারণে বানোয়াট প্রমাণিত হচ্ছে। আশ্রয় মামলা প্রত্যাখ্যান বা বাতিল হওয়ার অনেক কারণ আবেদনপত্রেই উল্লেখ থাকলেও দুর্বল প্রমাণাদি দিয়ে মামলা উপস্থাপন করা হচ্ছে। ফলে এসব আশ্রয়প্রার্থীর আমেরিকায় অবস্থানের প্রতিশ্রুতি দেওয়া
কঠিন হয়ে পড়ছে। ভুয়া প্রমাণ সংবলিত আবেদনপত্র এত বেশি জমা পড়ছে যে, কর্তৃপক্ষ মোটাদাগে সব আবেদনকেই ভুয়া বলে মনে করছে। ফলে যারা সত্যিকারের কারণসহ আবেদন করছেন, তাঁদের জন্য সমস্যা তৈরি হচ্ছে।
সরকারি নথি অনুযায়ী, প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই বৈধ প্রমাণ ছাড়া আশ্রয় আবেদন করেন। আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) রূপরেখা অনুযায়ী আশ্রয় প্রার্থনার দুটি প্রধান প্রক্রিয়ার ওপর তাঁরা বেশি গুরুত্ব দেন। এর মধ্যে একটি ইতিবাচক আশ্রয় আবেদন, অন্যটি প্রতিরক্ষামূলক আশ্রয় আবেদন।
আমেরিকায় বসবাসকারী কোনো ব্যক্তি ইতিবাচক আশ্রয় আবেদন প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে আবেদনে তাঁদের অভিবাসন অবস্থা ও তাঁরা কীভাবে এ দেশে পৌঁছেছেন তার যথাযথ বিবরণ কারণসহ উল্লেখ করতে হয়। প্রতিরক্ষামূলক আশ্রয় আবেদন অনুমোদন ছাড়া এ দেশে প্রবেশের চেষ্টার সময় সীমান্তে আটক হওয়া বা অবৈধভাবে বসবাসের জন্য আইন প্রয়োগকারী কর্মকর্তার হাতে ধরা পড়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য।
বিচার বিভাগের তথ্যমতে, ২০১৮ সালে হওয়া মোট আশ্রয় আবেদনের ১৬ শতাংশ মঞ্জুর হয়। একটি বিশ্বাসযোগ্য ভয় থেকে এ দেশে থাকার দাবির যথার্থতা তুলে ধরার মতো যথেষ্ট প্রমাণ এসব আবেদনে ছিল। একই সময়ে প্রায় ২৯ শতাংশ আশ্রয় আবেদন সরাসরি বানোয়াট গল্পের কারণে প্রত্যাখ্যান করা হয়েছিল। আর প্রায় ১৫ শতাংশ ক্ষেত্রে প্রশাসনিক বা অন্যান্য কারণে আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। অবশিষ্ট ৪০ শতাংশ ক্ষেত্রে বিশ্বাসযোগ্য কারণ থাকলেও তা প্রমাণে যথাযথ নথি ছিল না। অর্থাৎ নথির অভাবে আবেদনগুলো রুদ্ধ হয়। ২০১৭ সালের হিসাবে দেখা যায়, মোট আশ্রয়ের মামলার মধ্যে প্রায় ২০ শতাংশ দাবি মঞ্জুর করা হয়েছিল। প্রত্যাখ্যান করা হয়েছিল প্রায় ৩৪ শতাংশ আবেদন। অবশিষ্ট মামলাগুলো নির্দিষ্ট কারণে বন্ধ বা বাতিল করা হয়।
ফোর্ডহ্যাম ল স্কুলের আইনের অধ্যাপক জেনিফার গর্ডন বলেন, ‘দাবির সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কারণে সংশ্লিষ্ট মামলাগুলো বাতিল করা যেতে পারে। এ ঘটনাই এখন ঘটছে বেশি। ভুয়া আবেদনের হার বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন তাঁরা, যারা সত্যিই সমস্যায় রয়েছেন।’
আইন বিশ্লেষক শেন শো বলেন, যারা রাজনৈতিক আশ্রয় চাইছেন, তাঁদের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশের কোনো বৈধ কারণ নেই। এটি এমন এক সংকট তৈরি করছে, যা মোটাদাগে সব আশ্রয়প্রার্থীর জন্যই বিপদের কারণ হয়ে উঠছে।’