ভুয়া ফোনকলে অতিষ্ঠ নিউইয়র্কবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অহেতুক টেলিফোন কলে অতিষ্ঠ হয়ে পড়েছে নিউইয়র্কবাসী। দিনরাত, এমনকি ভোররাত পর্যন্ত ভুয়া টেলিফোন কল আসতে থাকে। অভিবাসীরা এই বিড়ম্বনার শিকার হচ্ছেন বেশি। আমেরিকার বাইরে থেকে এসব ফোনকল আসে। অভিবাসীদের মূল্যবান তথ্য সংগ্রহের লক্ষ্যে অনাকাঙ্ক্ষিত এসব ফোনকলের ফাঁদে পড়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অর্থনৈতিকভাবে।
টেলিমার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের জালিয়াত চক্র এসব ফোনকল করছে। কল করার আগে থেকেই সংশ্লিষ্টদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে রাখে ফোনকলকারীরা। এতে বিশেষভাবে বিপাকে পড়ছেন অভিবাসীরা। অনেকেই ভালো ইংরেজি না জানার কারণে অজানা ফোনকল ধরে ‘ইয়েস, ইয়েস’ করতে থাকেন। ফলে রেকর্ড করা টেলিমার্কেটররা কল গ্রহীতার কাছ থেকে বিভিন্ন পণ্য, ভেকেশন বা ক্রেডিট কার্ড পাঠানোর সম্মতি নিয়ে নেয় অজ্ঞাতেই। এভাবে বিভিন্ন পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানের টেলিমার্কেটিং বিভাগ অনেকটা ফাঁদে ফেলেই নিজেদের পণ্য গছিয়ে দিচ্ছে।
আমেরিকাসহ বিশ্বের বহু দেশেই এ ধরনের অশুভ চক্র রয়েছে। ফোনকলের মাধ্যমে মূল্যবান মূল্যবান ব্যক্তিগত গোপনীয় তথ্য পাচারের ঘটনাও নতুন নয়। ডিজিটাল মার্কেটিংয়ের এ যুগে ব্যক্তিগত গোপনীয় তথ্যের জন্য মুখ হা করে বসে থাকে বড় বড় প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বহু চক্র তৈরি হয়েছে, যারা এ ধরনের তথ্য জোগাড় করার কাজটি করে। আর সাধারণ ফোনগ্রহীতারা প্রতিনিয়ত অনেকটা গিনিপিগের মতো করেই ব্যবহৃত হচ্ছে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে যথেষ্ট হুঁশিয়ার করলেও এই প্রতারক চক্র বেশ জোরেশোরেই এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছে।
ভুয়া ফোনকল নিয়ে আমেরিকার সংবাদমাধ্যমগুলো বেশ আন্তরিকভাবে প্রচার চালাচ্ছে। সচেতনতা তৈরি করতে ইলেকট্রনিক মাধ্যমসহ সব মাধ্যমেই নিয়মিত এ সম্পর্কিত তথ্য প্রচার হচ্ছে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে মার্কিন কংগ্রেসও। বিশেষত অভিবাসীদের সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে এমনকি আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছে অভিযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিড়ম্বনা থেকে বাঁচতে খোলা হয়েছে একটি ওয়েবসাইটও। ডুনটকল ডটজিওভি নামের এই ওয়েবসাইটে গিয়ে নিজের ফোন নম্বর যে কেউ চাইলে নিবন্ধন করতে পারে। এতে করে ওই নম্বরে অনাকাঙ্ক্ষিত টেলিমার্কেটিং ফোনকল আসা কমবে। যদিও প্রতিদিনই জালিয়াত চক্র নতুন নতুন প্রযুক্তিগত উপায় বের করছে। ফলে সতর্কতা অবলম্বনই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তাঁদের মতে, এসব ফোনকল গ্রহণের পর সাধারণত একটি রেকর্ডেড ভয়েস বিভিন্ন দিকনির্দেশনা দেয়। এগুলো সাধারণত টেলিমার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান থেকে আসে। তাদের বিভিন্ন প্রশ্নের বিপরীতে সংশ্লিষ্ট ব্যক্তির দেওয়া উত্তরের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। অনেক সময় এই পরবর্তীতে যোগাযোগ রক্ষা করতে ইচ্ছুক কিনা এমন প্রশ্ন করা হয়। উত্তরে ‘ইয়েস’ বললেই একই প্রতিষ্ঠানের অন্য ফোনকলের জন্য আপনার সম্মতি দেওয়া হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে কিছু বিশেষ নম্বর চাপতে বলা হয়। অনেকেই বুঝে না বুঝে নির্দেশনা অনুযায়ী নম্বরে চাপ দেন। কিন্তু এসব করাটা বিপজ্জনক। এর মাধ্যমে পরবর্তী বিড়ম্বনার ক্ষেত্র প্রস্তুত হতে পারে। এমনকি আর্থিক ক্ষতিরও আশঙ্কা বিপুল। এ কারণে ফোন না ধরা বা প্রতি উত্তরে কিছু বলা থেকে বিরত থাকাই শ্রেয়। এ ছাড়া বিভিন্ন প্রতারক চক্রও রয়েছে, যারা ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতে চায়। রয়েছে মূল্যবান তথ্য হাতিয়ে নেওয়ার পাঁয়তারায় থাকা বিভিন্ন গোষ্ঠী। ফলে অপরিচিত যেকোনো ফোনকলের ক্ষেত্রেই সতর্ক থাকাটা জরুরি।