ভুয়া ফোনকলের বিষয়ে সতর্ক থাকুন
নিউইয়র্কসহ আমেরিকায় বিভিন্ন জায়গায় অনেক গ্রাহকের ফোনে ভুয়া ফোন কল আসছে। একটি প্রতারক চক্র এই কাজ করছে বলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে। একইসঙ্গে এসব প্রতারণার ব্যাপারে নাগরিকদের সতর্ক থাকতে সরকারেরর পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, ফেডারেল কমিউনিকেশন কমিশন (এসসিসি) চলমান ‘রবোকল স্কেম’ নিয়ে সাবধানতা অবলম্বন করতে জনগণের প্রতি সতর্কবাণী জারি করেছে। এফসিসি জানিয়েছে, ফোন কলগুলোর বেশির ভাগই এক রিং হতেই কেটে দেওয়া হয়। ‘২২২’ ও ‘২৩২’ কোড থেকে এসব ফোন আসছে। অনেকে মিসকল দেখে পরে কলব্যাক করতে গিয়েই সমস্যায় পড়েন। এসব কোড পশ্চিম আফ্রিকান দেশ মৌরিতানিয়া ও সিয়েরা লিওনের। ধারনা করা হচ্ছে, এসব দেশ থেকে প্রতারকচক্র কল করছে। কলব্যাক করলেই অন্যপক্ষের কাছে একটা পরিমাণ ‘ফি’ চলে যাচ্ছে অবলীলায়।
এফসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কল একটি ‘ওয়ান রিং’ স্ক্যাম। এফসিসি নাগরিকদের উদ্দেশ্যে বলেছে, অপরিচিত নম্বর থেকে ফোন আসলে ধরবেন না। বিশেষ করে বিদেশি কোড থেকে ফোন আসলে নিশ্চিত না হয়ে ধরবেন না। পাশাপাশি সন্দেহযুক্ত ফোন আসতে থাকলে এফসিসির কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। ফোন কোম্পানির সঙ্গে আন্তর্জাতিক কল অপশন বন্ধ রাখার জন্যও প্রয়োজনে পরামর্শ করতে পারেন। নিয়মিত ফোন বিল চেক করা ও অযাচিত বিলের জন্য ফোন কোম্পানির সঙ্গে আলোচনা করে অতিরিক্ত বিলের ব্যাপারে সুরাহা করতে পারেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশি কোড ছাড়াও আয়কর বিভাগ, অভিবাসন বিভাগ, এমনকি স্থানীয় পুলিশের পরিচয়ে ফোন করে জালিয়াত চক্র প্রতিদিন লোকজনকে বিভ্রান্ত করছে। এসব ফোন কলে সাধারণ কাণ্ডজ্ঞানহীন লোকজনই কেবল নয়, অনেক সচেতন লোকও বিভ্রান্তিতে পড়ছেন। এসব ফোন কলে বিভ্রান্ত না হওয়ার জন্য নাগরিকদের সতর্ক করে দেওয়া হচ্ছে বারবার।