ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে রিডগেক্রেস্ট  শহরের লাইব্রেরির সব বই মাটিতে পড়ে যায়। ছবি: রয়টার্স
ভূমিকম্পে রিডগেক্রেস্ট শহরের লাইব্রেরির সব বই মাটিতে পড়ে যায়। ছবি: রয়টার্স

ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। গত দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এই অঙ্গরাজ্যে। গতকাল বৃহস্পতিবার এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভূমিকম্পের কেন্দ্র ছিল লস অ্যাঞ্জেলেস থেকে ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে রিডগেক্রেস্ট এলাকায়। ভূমিকম্পের পর কমপক্ষে চারটি বড় ধরনের মৃদু কম্পনও রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পটি জনবসতি থেকে দূরে হওয়ায় খুব বড় কোনো বিপর্যয় ঘটেনি। রিডগেক্রেস্ট শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পে শহরের বেশ কয়েক জায়গায় ক্ষয়ক্ষতি ও আগুন লাগার খবর পাওয়া গেছে। কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। আগুন নেভাতেও কাজ করছে তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভূমিকম্পে রাস্তায় ফাটল ধরেছে। ছবি: রয়টার্স
ভূমিকম্পে রাস্তায় ফাটল ধরেছে। ছবি: রয়টার্স

রিডগেক্রেস্ট শহরের মেয়র পেগি ব্রিডেন গণমাধ্যম সিএনএনকে বলেন, শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিছু কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এ ছাড়া গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা ভূমিকম্পে অভ্যস্ত, তবে এতটা ক্ষয়ক্ষতি দেখিনি।’

ভূমিকম্পে ভেঙে যাওয়া কাচ পরিষ্কার করছেন এক নারী। ছবি: রয়টার্স
ভূমিকম্পে ভেঙে যাওয়া কাচ পরিষ্কার করছেন এক নারী। ছবি: রয়টার্স

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘আমাদের পুরো বাসা ভয়াবহভাবে কাঁপছিল। আমরা দ্রুত ঘর থেকে বের হয়ে আসি। ১০ থেকে ১৫ সেকেন্ড ধরে এটা হয়েছিল। আমরা আসলেই ভয় পেয়েছি।’

রিডগেক্রেস্ট শহরের কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: রয়টার্স
রিডগেক্রেস্ট শহরের কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: রয়টার্স