ভেতরের ক্ষমতা: আত্মশক্তি
মহাত্মা গান্ধী আশ্রমে তাঁর শিক্ষক জীবনের ‘আত্মিক শিক্ষা’ লাভ সম্পর্কে কয়েকটা কথা বলেছেন যা শুরুতে উদ্ধৃতি আকারে উপস্থাপন করছি—
‘শিক্ষার্থীদের শরীর ও মনের শিক্ষা অপেক্ষা আত্মার শিক্ষা দেওয়ার সময়ই আমাকে বেশি পরিশ্রম করতে হয়েছে।’
‘শরীর গঠনের শিক্ষা ব্যায়াম চর্চা দ্বারা, বুদ্ধির শিক্ষা বুদ্ধি চর্চা দ্বারা দেওয়া যায়, তেমনি আত্মার শিক্ষা আত্মার চর্চা দ্বারাই দেওয়া যায়—আত্মার চর্চা শিক্ষকের ব্যবহার থেকে লাভ করতে পারা যায়। এ জন্য ছাত্ররা শিক্ষকের সম্মুখে উপস্থিত থাকুক আর না থাকুক, শিক্ষকের সাবধান হয়ে থাকা দরকার। বহু দূর বসে থেকেও শিক্ষক নিজের আচরণ দ্বারা নিজের শিষ্যদের আত্মাকে প্রভাবিত করতে পারেন। আমি যদি মিথ্যা বলি ও আমার শিষ্যদের সত্য কথা বলাতে চেষ্টা করি তবে সে চেষ্টা ব্যর্থ হবে।’
‘আমি দেখলাম চারদিকের যুবক-যুবতীদের সম্মুখে আমারই আদর্শ হয়ে থাকা আবশ্যক। এমনি করে আমার ছাত্ররা আমার শিক্ষক হলো। আমার জন্য না হোক, তাদের জন্য হলেও আমার সমস্ত আচরণ শুদ্ধ হওয়া চাই—এ রকম আমি বুঝলাম।’
মহাত্মা গান্ধীর প্রতিটি কথা মহামূল্যবান। এই লাইনগুলো যদি কোনো মা-বাবা আত্মস্থ করতে পারেন, এতে তাঁর সন্তানের আচরণ পরিবর্তন হতে বাধ্য। আধ্যাত্মিক বিশ্বের জ্ঞানীজনরা, মনোবিজ্ঞানের চেয়েও কয়েকগুণ বেশি শক্তি নিয়ে কাজ করেন। বাস্তবতার সঙ্গে আত্মার যোগসূত্র দেখান, দেখান কর্ম কীভাবে প্রভাবিত করে আমাদের। আজকের যুগে যে মেডিটেশন করা হয় তা ওই আধ্যাত্মিক বিষয়েরই অঙ্গ। মানুষের ভেতরের ক্ষমতার কথাই তারা বলেন। মনোবিজ্ঞানে পড়ানো হয় চিন্তন, আবেগ, আচরণ এসব কিছু। কিন্তু সেই বিষয়গুলো কীভাবে নিজেদের এবং আশপাশের জগৎকে প্রভাবিত করে তা শেখায় আত্মিক জ্ঞান।
ক্ষমতা আসলে আমাদের নিজেদের কাছে। মহাত্মা গান্ধী একটা কথা বলেছেন ‘দূর থেকে’ আচরণের পরিবর্তন। ছোটবেলায় মা-বাবারা আচরণ শেখান এবং এখনো আমরা শেখাই বাচ্চাদের এটা করো না, ওটা করো না। কিন্তু এটা শেখানো হয় না যে কারও সম্পর্কে কখনো খারাপ কিছু চিন্তাও করো না। চিন্তাগুলো কোটি মাইল ব্যবধানের প্রতি মুহূর্তে স্থানান্তরিত হয়। আপনি কারও জন্য জীবন দিয়ে দিচ্ছেন কিন্তু তাঁর সম্পর্কে চিন্তা সব সময়ই খারাপ। হতে পারে সে আপনার সন্তান, স্বামী-স্ত্রী বা কাছের যেকোনো একজন। সেই চিন্তাগুলো আপনার ভালো কর্মের চেয়েও বেশি দ্রুত তার কাছে পৌঁছে যাচ্ছে, এবং তার নেতিবাচক আচরণ আরও শক্তিশালী করে তুলছে।
যেমন মনে মনে হাজার বার বললেন, ‘ছেলে তো কথা শোনেই না, শোনেই না’। সেই না-এর পরিমাণ এত বেশি যে আপনার সরাসরি দেওয়া একবারের উপদেশ বা দোয়া খুব কম হয়ে যায়। সেটাই তার মনে নেতিবাচক শক্তি বৃদ্ধি করছে। এটা বন্ধ করে দেন, দেখবেন পরিস্থিতি বদলে যাবে। আপনার চিন্তা প্রতি মুহূর্ত তাকে এই না-এর সঙ্গে সম্পৃক্ত করছে। আপনার আচরণ আর চিন্তায় যোগসূত্র না থাকলে, কাউকে যত ভালোবাসাই দিন না কেন, তা কাজে আসবে না। সে বলবেই, আপনি তাকে সহ্য করতে পারেন না। তাই আগে আমাদের চিন্তা-ভাবনা কোথায় ‘পজ বাটন ‘দেব তার জন্য নিজের আত্মক্ষমতা বাড়াতে হবে।
নিজের সম্পর্কে আপনি ছাড়া কেউ বেশি জানে না। যদি আপনি জানেন আপনি কে? তবে কারও ভাবনা আপনাকে কখনো কষ্ট পেতে দেবে না। সারা পৃথিবী যদি আপনাকে অসম্মান করে আর আপনি নিজেকে সম্মান করেন তবে কেউ আঘাত করতে পারবে না। পুরো দুনিয়া আপনাকে সম্মান করল কিন্তু নিজের কাজের প্রতি, ভাবনার প্রতি আপনার নিজের সম্মান নেই তাহলে কখনোই সুখী হতে পারবেন না। দুঃখজনকভাবে সত্য এই যে, আমরা এই ‘লাইক ডিজলাইকের’ যুগে অন্যের দৃষ্টি দিয়ে নিজেকে যাচাই করি। নিজেকে মূল্যায়ন করি, তাই খুব সহজেই আমরা দুঃখী হয়ে পড়ি। কেউ ভালোবাসে না, তাই আমি আত্মহত্যা করব?-না। আপনি ভালোবাসতে পারেন না সেটা আপনার কমতি। ভালোবাসা হবে শর্তবিহীন। ভালোবাসায় লেনদেন আসলেই তা হয়ে যায় ব্যবসা। এ বিষয়গুলো বোঝার জন্য দরকার ক্ষমতা।
আরেকটা দিক হলো ইগো, ইগো মানে অহং। সামনের মানুষটিকে ইগো দেখানো মানে হলো আপনি তার উপস্থিতিকে উপেক্ষা করলেন। তাকে অবহেলা করলেন। কিন্তু ওই ব্যক্তি আপনার অহংকে উপেক্ষা করে হাসি মুখে অভ্যর্থনা জানাল। এটা হলো তাঁর আত্মসম্মান, নিজস্ব গুণ। আপনি স্থিতিশীল। স্থিতিশীল মানে অবহেলা আপনার ব্যবহারে পরিবর্তন আনেনি। আপনার ক্ষমতা যা অন্যের দুর্ব্যবহারেও পরিবর্তিত হয়নি।
পক্ষান্তরে যখনই এ কাজটা করেন তখন নিজের ব্যক্তিত্ব থেকে বিচ্যুত হয়ে অন্যের খারাপ আচরণটা ধারণ করেন। যেমন, সে আমার ছবিতে লাইক দেয়নি, তো আমি কেন দেব? সে আমার স্ট্যাটাসে কমেন্ট করেনি তো, আমি কেন করব? ভেবে দেখুন যখনই এই আচরণ কপি করলেন আপনি কিন্তু আপনার যোগ্যতাকে নিজ হাতে বন্ধ করে দিলেন।
আজকের দিনে সম্পর্কগুলো কেন জটিল হয়ে যাচ্ছে দিনে দিনে? যেকোনো সম্পর্ক মা-বাবা-সন্তান, স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, ভাই-বোন, বন্ধু—সব সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে। কারণ আমরা কারও চাহিদা মতো গ্রহণ করতে পারি না। আমরা চাই অন্যজন আমার মতো আমার কথা বলুক। আমাদের প্রত্যাশা বেশি, গ্রহণযোগ্যতা কম। আমরা সবাই নিজেকে বড় দেখতে চাই। এটা কমাতে হবে।
আমরা যখন কোনো ব্যক্তিকে অন্য কারও সঙ্গে বা কোনো একটা বড় পরিসরে পরিচয় করিয়ে দিই তখন কিন্তু শুধু ওই ব্যক্তিকেই পরিচয় করিয়ে দিই না, মূলত নিজেকে দিই। নিজের ব্যক্তিত্বকে দিই। যেমন একজনকে পরিচয় করিয়ে দিয়ে সঙ্গে তার কিছু গুণাবলির উল্লেখ করলাম, এটা হলো আমার দেখার দৃষ্টিভঙ্গি। আমার ভেতরের শক্তি, আমি তাকে কীভাবে দেখছি! হতে পারে তার তেমন কোনো গুণ নেই। কিন্তু এই ভালো বলার গুণটার জন্য আপনি আমাকে মনে রাখবেন, যাকে পরিচয় করিয়ে দিলাম তাকে ভুলে যাবেন। তদ্রূপ খুব গুণী একজনকে আমি হয়তো আমার ভেতরের হীনম্মন্যতার জন্য হযবরলভাবে তুলে ধরব। সেখানেও খারাপভাবে আমার ব্যক্তিত্বই চমকানোর কথা। কারণ গুণী যিনি তিনি কোনো না কোনো দিন আপন আলোয় আলোকিত হবেন।
আমাদের আত্মিক জ্ঞানের উন্নতি অবনতি দুটোই জীবনকে স্থিতিশীল করতে পারে আবার অস্থিতিশীল করতে পারে। তাই আসুন চল্লিশের পরে মেডিটেশনের মাধ্যমে নয়, প্রতিদিন ছোট ছোট আচরণের মাধ্যমে নিজেদের মধ্যে কিছু সংস্কার গড়ে তুলি আমরা।