ভেদাভেদ ভুলে সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় অতিথিরা
জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় অতিথিরা

নিউইয়র্কে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বিএনপির নেতারা বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে প্রবাসে দলের নেতা-কর্মীদের মধ্যে ঐক্যের বিকল্প নেই। ভেদাভেদ ভুলে একই পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলনকে বেগবান করার এখনই উপযুক্ত সময়।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত জিয়াউর রহমানের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্তোরাঁয় এই আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র শাখা ছাত্রদল। এতে যুক্তরাষ্ট্র শাখা বিএনপি, যুবদল, জাসাসের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান ভূইয়া, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, বাকির আজাদ, নিয়াজ আহমেদ জুয়েল, ফারুক হোসেন মজুমদার, আবুল কালাম আজাদ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, নাসিম আহমেদ, সৈয়দা মাহমুদা শিরিন, সুমন রহমান, কাওসার হোসেন, রফিকুল ইসলাম, সোয়েব আহমেদ, অয়েস আহমেদ, আবু তাহের, মো. সুরুজ্জামান প্রমুখ।
সভায় গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশ এখন লুটপাটের দেশে পরিণত হয়েছে। সরকারি দলের লোকজন লুটপাট করছে। বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। এ থেকে উত্তরণের একমাত্র পথ শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বিএনপির ক্ষমতায়ন।
আলোচনা সভার শেষ পর্যায়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।