ভেনেজুয়েলার ওপর অবরোধ বিল পাস করল কংগ্রেস
ভেনেজুয়েলার ওপর অবরোধ আরোপ বিষয়ে একটি বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। খবর এএফপির।
কংগ্রেসে পাস হওয়া বিলটি আইনে পরিণত হলে লাতিন আমেরিকার দেশটির যেসব সরকারি কর্মকর্তা বিক্ষোভকারীদের অধিকার লঙ্ঘন করেছেন, তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পথ সুগম হবে।
বিলটি গত বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়। আর চলতি সপ্তাহের শুরুর দিকে উচ্চকক্ষ সিনেটেও অনুমোদন পায়। এখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সই করলেই তা আইনে পরিণত হবে।
ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে একটি ‘ঔদ্ধত্যপূর্ণ সাম্রাজ্যবাদী অবরোধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ ও হুমকির মাধ্যমে ভেনেজুয়েলাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন প্রেসিডেন্টের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মাদুরো বলেন, ‘অবরোধ আরোপের মতো উন্মত্ত পথ গ্রহণ করা হলে প্রেসিডেন্ট ওবামা, আমি মনে করি আপনার খুবই কুৎসিত এক চেহারা উন্মোচিত হতে যাচ্ছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক বছরের পর বছর ধরেই খারাপ। কংগ্রেসের এই অবরোধ আরোপের পর তা আরও খারাপের দিকে মোড় নেবে বলে মনে করা হচ্ছে।