ভেনেজুয়েলা 'জাতীয় নিরাপত্তা হুমকি': যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলাকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেন। একই সঙ্গে ভেনেজুয়েলার সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার আল-জাজিরা অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে, যাদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র অভিযুক্ত মনে করে। এটি ভেনেজুয়েলার জনগণ বা বাণিজ্য-সংশ্লিষ্ট কারও ওপর না।

হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, ‘ভেনেজুয়েলার যেসব সাবেক ও বর্তমান কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির সঙ্গে জড়িত, যুক্তরাষ্ট্র তাদের স্বাগত জানাবে না। যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন আর্থিক ব্যবস্থার মধ্যে থাকা সম্পদ ব্যবহার করতে পারবে না।’ একই সঙ্গে বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলা বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর যে দমন-পীড়ন চালাচ্ছে, যুক্তরাষ্ট্র তার তীব্র নিন্দা জানাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘সাম্রাজ্যবাদের প্রতিনিধি প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমার সরকারকে পরাজিত করে দেশটিতে নিজেদের আধিপত্য বিস্তার করার।’

কিউবার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই শীতল। তবে সাম্প্রতিক সময়ে ৫০ বছর ধরে বৈরী সম্পর্ক বিরাজ করা যুক্তরাষ্ট্র ও কিউবার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঐতিহাসিক ঘোষণা আসে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন উদ্যোগের বিষয়ে কিউবার দুই কাস্ত্রো ভাই ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রোকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক হিসেবে পরিচিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নিয়মিতই পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটে।