ভেনেজুয়েলাকে নিরাপত্তা হুমকি ঘোষণা ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ব্যাপারে তিনি একটি নির্বাহী আদেশ জারি করেছেন। পাশাপাশি লাতিন আমেরিকার দেশটির সাতজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ওবামা। খবর আল-জাজিরার।
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট গত সোমবার এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার জনগণ এবং দেশটির সঙ্গে যেকোনো বাণিজ্যিক সম্পর্ক নতুন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। শুধু দেশটির কিছুসংখ্যক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টেলিভিশনে এক ভাষণে বলেছেন, তাঁর সমাজতন্ত্রী সরকারকে উৎখাতের লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়েছে।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ডেকে পাঠিয়েছে।
হোয়াইট হাউস সোমবারের বিবৃতিতে ‘বেশ কয়েকজন ছাত্রসহ’ সব রাজবন্দীকে মুক্তি দেওয়ার জন্য ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানিয়েছে।
ভেনেজুয়েলার ওপর গত ডিসেম্বর থেকে এ নিয়ে তৃতীয় দফা মার্কিন অবরোধ আরোপ করা হলো।