ভেনেজুয়েলায় হামলার হুমকি ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার সঙ্গে তীব্র বাগ্‌যুদ্ধে জড়ানোর মধ্যেই এবার ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ করার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তাঁর দেওয়া এ হুমকিকে ‘পাগলামি’ বলে তাচ্ছিল্য করেছে দেশটি।

ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক অস্থিরতায় ট্রাম্পের এমন হুমকি এক অপ্রত্যাশিত উত্তেজনাই তৈরি করল বলে মনে করেন বিশ্লেষকেরা।

সাম্প্রতিক দিনগুলোতে ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকট আরও খারাপ দিকে মোড় নিয়েছে। সম্প্রতি দেশটিতে ক্ষমতাসীন নিকোলাস মাদুরো সরকারের আজ্ঞাধীন একটি নতুন সাংবিধানিক পরিষদ গঠিত হওয়ায় কংগ্রেসে বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণ খর্ব হয়েছে। এ ঘটনার পর একটি সামরিক ঘাঁটি থেকে সরকারবিরোধীদের হাতে অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এক আকস্মিক প্রশ্নোত্তর পর্বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলা প্রসঙ্গে বলেন, ‘লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন; তাঁরা মারা পড়ছেন। ভেনেজুয়েলা নিয়ে আমাদের অনেক বিকল্পই আছে। প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ চালানোর বিষয়ও এর মধ্যে রয়েছে।’

মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালাবে কি না, এ প্রশ্নের জবাবে ট্রাম্প বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে কথা বলছি না, তবে সামরিক অভিযানের বিষয়টি আমরা নিশ্চিতভাবেই বিবেচনা করতে পারি।’ যদি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি প্রদান বন্ধ না করে, তবে তাকে কড়া জবাব দেওয়া হবে—ট্রাম্পের অব্যাহত এ রকম হুমকির এক সপ্তাহের মধ্যে তিনি ভেনেজুয়েলাকে আক্রমণের এ হুমকি দিলেন।

ট্রাম্পের এ মন্তব্য দৃশ্যত কারাকাসকে এক বড় ধাক্কাই দিয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাডরিনো এ হুমকিকে ‘পাগলামির কাজ’ বলে আখ্যায়িত করেছেন।

হোয়াইট হাউস জানায়, শুক্রবারই নিকোলাস মাদুরো ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপের জন্য আগ্রহ ব্যক্ত করেন, তবে হোয়াইট হাউস তা নাকচ করে দেয়। পরে এক বিবৃতিতে বলে, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে দেশটির নেতার সঙ্গে সানন্দে কথা বলবেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সিনেটের আর্মড সার্ভিস কমিটির সদস্য সিনেটর বেন স্যাশে ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের এ অবস্থানের সমালোচনা করে বলেছেন, ‘কংগ্রেস নিশ্চিতভাবেই ভেনেজুয়েলায় যুদ্ধে যাওয়াকে অনুমোদন দিচ্ছে না।’

ট্রাম্পের ওই হুমকি দেওয়ার অনেক আগে থেকেই ভেনেজুয়েলার কর্তৃপক্ষ অভিযোগ করে আসছিল, মার্কিন কর্মকর্তা দেশটিতে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছেন। এ বছরের শুরুর দিকে সেনাবাহিনীর একজন সাবেক জেনারেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় ভেনেজুয়েলার সমুদ্র উপকূল বরাবর বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।