ভেন্টিলেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল স্পেস থাকে আর সেই জায়গাটা একলা থাকার দিনে খুব ফিল হয়। না, সেই জায়গা পোড়ায় না বরং নিজেকে নিজের সামনে দাঁড় করায়। সেই ঘরটা যেন দর্পণ বা আয়না হল। কেমন যেন মসৃণ তল। যেখানে আলোর প্রতিফলনের নিয়মানুযায়ী নিয়মিত স্পষ্ট প্রতিফলন ঘটে। দর্পণে আলোর প্রতিফলনের জন্যই বিম্বের সৃষ্টি হয়। জীবনটাও অনেকটা তেমনই।

জীবন তার মাঝ বরাবর এসে পুলককে অনেক শিখিয়েছে। সবচেয়ে বেশি যে জিনিস শিখিয়েছে, তা হলো খোলা ময়দানে কাউকে দাঁড় করিয়ে ট্রিগার চেপে ঠুসঠাস গুলি করার নাম ভালোবাসা হতে পারে না। তাই পুলক খুব সহজেই অনুর চলে যাওয়া মেনে তাকে যেতে দিয়েছে। শুধু চোয়াল শক্ত করে নিশ্বাসের সঙ্গে কান্না চেপে তাকে বলেছিল, যাচ্ছ যাও। শুধু ভালো থেকো যদি ভালো না থাকো তবে আমি হিংস্র হব। কথা রেখেছে অনু। সে তার ছোট্ট পরীকে সঙ্গে নিয়ে এখন অবধি খুব ভালো আছে।

টাইম ফ্লাই করে। এইতো মনে হয় সেদিনের কথা। অথচ ২০ বছর হয়ে গেল। পুলক অনুকে প্রথম দেখেছিল পাড়ার মোড়ের ব্রিজের ওপর। মায়ের হাত ধরে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল। আর পুলক বন্ধুদের সঙ্গে ব্রিজের নিচে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট শেয়ার করছিল। ও না, একটু ভুল হয়েছে। ওটা সিগারেট ছিল না। সেই সময়ে সিগারেট এত অ্যাভেইলেবল ছিল না। তখন কাগজের প্যাকেটে আকিজ বিড়ির চল ছিল। ওদের সিগারেটের হাতে খড়ি আকিজ বিড়ি দিয়ে। তাও লুকিয়ে লুকিয়ে। আর ব্রিজের নিচের জায়গাটা ওদের চার বন্ধুর জন্য অনেকটা সেফ জোন। পুরো প্যাকেট বিড়ি কেনার পয়সা ওদের বন্ধুদের ছিল না। ব্যাস, সারা দিন ১ টাকা দিয়ে দুইটা বিড়ি কিনতে পারলেই ওরা হ্যাপি ছিল। ওটাকেই সুখটান মনে করে ঘুরিয়ে ফিরিয়ে খেত ওরা।

কী কারণে ওই দিন ওদের কাছে দেশলাই ছিল না। যেহেতু ওটা পুলকের পাড়া, সংগত কারণেই পুলককে পাঠানো হলো ঠান্ডা কাকুর দোকান থেকে দেশলাই আনার জন্য। ব্রিজে ওঠা মাত্রই পুলকের চোখ আটকে গেল কী সাধারণ, আবার কী অসাধারণ দুটি মায়াময় চোখ দেখে! পুলক তখন সবে দশম শ্রেণিতে। রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়া শুরু করেছে। তখনো শেষ করতে পারেনি। অমিতের লাবণ্যকে নিয়ে করা প্রশংসা তখনো তার চোখে মুখে লেগে আছে। ঠিক যেন পুলকই বলছে—‘লাবণ্যের সৌন্দর্য সকাল বেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই। তার সবটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। অমিতের যেমন বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই ও অনেক জেনেছে শিখেছে, কিন্তু শান্তি পায়নি। লাবণ্যের মুখে শান্ত রূপ দেখেছিল। যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়। যা ওর বিবেচনায় শক্তির গভীরতার অচঞ্চল।

অনু ঠিক তেমন। অমিতের কী হয়েছিল, কত খানি ডুবেছিল তা তখনো জানেনি পুলক। কিন্তু তার ভেতর কিছু একটা হয়েছিল। জীবনের মানেই বদলে গিয়েছিল। জীবনকে ছাঁচে ঢেলে তৈরি করেছিল পুলক। এরপর কেটে গেল চারটি বছর ভালোবাসা আর অভিমানে। কিন্তু জীবনের মোড় বাঁকে বাঁকে বদলায়। অনু আর একদিকে বহমান থাকতে চায়নি। পুলক বাধা দেয়নি, তাকে যেতে দিল। তবে অনু যে ভালো আছে। দিন শেষে ভালোবাসার মানুষ ভালো থাকুক, এটাই কাম্য।

বলাবাহুল্য পুলকের জীবনে প্রেম এসেছিল সরল রৈখিকভাবে নয়, কিছুটা ত্রিকোনমিকভাবে। অনু যাওয়ার পর দিন যাচ্ছিল আর সব কটা দিনের মতোই। ইন্টারমিডিয়েট দু–দুবার ড্রপ করে তৃতীয়বারের মতো আবারও মন দেয় পুলক পড়ালেখায়। ভালো রেজাল্টও করে। অনু এখন অনেকটা ফিকে। মায়ের ইচ্ছেতে আবারও নিজেকে প্রস্তুত করে ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে। খুব কমপিটিশন। রাত দিন এক করে পড়তে হয় ইউনিভার্সিটির ভর্তি গাইড। এরপর চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন। সুযোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। এখানে বন্ধুত্ব হয় জয়িতার সঙ্গে। প্রখর বন্ধুত্ব। জয়িতা পুলকের দুই ইয়ার নিচে পড়ত। তারপর প্রণয়। জয়িতা বলত, পুলক নাকি তার হ্যামিলনের বাঁশিওয়ালা। ও খুব মজা করে কথা বলত। চোখে–মুখে দুষ্টুমি লেগে থাকত। পুলকের ভালোবাসার বাঁশির কম্পাঙ্ক নাকি ২৫ হার্জের ওপর ছিল। এই উচ্চ কম্পাঙ্কের ভালোবাসা তাকে হিপটোনাইজড করত। হঠাৎ একদিন জয়িতা সিদ্ধান্ত নেয়, তার হিপনোটিজম থেকে সে বেরিয়ে আসবে।

তাই বেমালুম ভুলে যায় পুলককে। একজন আর্মির ইন্টেলিজেন্সে কাজ করা অফিসারকে বিয়ে করে ফেলে। না, কোন অভিযোগ নেই। শুধু মাঝেমধ্যে অভিমান হয়। অপমান হয়। তবে তা নিজের সঙ্গে নিজের ভাগ্যের কথোপকথনে। জয়িতা ভালো থাকুক। ভালোবাসার মানুষগুলোই আমৃত্যু ভালো থাকুক।

জয়িতা যাওয়ার পর ইউনিভার্সিটির ক্যাম্পাসকে মনে হতো শ্মশানঘাট। বাবা-মাকে রাজি করিয়ে পুলক অ্যাপ্লাই করে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে। কিছুদিন পর ওরা অফার লেটার পাঠিয়ে দেয়। সব কাগজপত্র রেডি করে ভিসার জন্য দাঁড়ায় সে। কেন যেন ভাগ্যদেবতা সুপ্রসন্ন হলেন। পাসপোর্টের গায়ে স্ট্যাচু অভ লিবার্টির একটা সিল লাগল। এই প্রথম অনুকে তার অনেক দিন পর মনে পড়ল। চোখ ফেটে জল গড়ল। পুলকের মা কেঁদে–কেটে অস্থির। এরপর সে আমেরিকা চলে আসে। আসার সময় কেউ ছিল না পুলককে রিসিভ করার জন্য। এত রং-বেরঙের মানুষ। অথচ তার জন্য কেউ নেই। সেই রবীন্দ্রনাথের বীর পুরুষ কবিতার লাইনের মতো—
‘ধু ধু করে যেদিক পানে চাই
কোনখানে জনমানব নাই।’

শুরু হলো বাস্তবতা। কোন বন্ধু নেই, নেই মা-বাবা, নেই আত্মীয়-স্বজন। এখানে এসে সে জানতে পারল, স্টুডেন্টদের কাজ করার পারমিশন নেই। শুরু হলো ফাইন্যান্সিয়াল প্রবলেম। বাধ্য হয়ে ক্যাশে কাজ শুরু করল সে। কাজ হলো ব্রঙ্কসে একটা বাঙালি রেস্টুরেন্টে। ক্লিনিংয়ের কাজ। বিকাল ৪টা থেকে রাত ২টা। সকালে ক্লাসে জয়েন করে বিকেলের মধ্যে রেস্টুরেন্টে চলে যেতে হতো। সপ্তাহে ৭ দিন কাজ আর ৫ দিন ক্লাস। পেরে উঠছিল না পুলক। প্রচুর টিউশনির ফি। তারপর হুট করেই সে পড়াশোনা ছেড়ে দিল। অ্যাসাইলাম করল। ফাস্ট হিয়ারিংয়ের ডেট পড়ল তিন বছর পর। শুরু হলো জীবনের অন্য রকম লড়াই। তত দিনে সোশ্যাল সিকিউরিটি নম্বর পেল সে। মেট্রো প্লাস হেলথ কার্ডও পেল। ট্যাক্স ফাইল করল। কিছুটা নিজেকে গুছিয়ে নিল সে।

পুলক প্রতিদিন ভাবে, পেপারস পেতেই হবে। তাই সব রকমের কাগজ রেডি করছিল নিপুণ হাতে। এই রেস্টুরেন্টের প্রধান সেপ আজিজ সাহেব। ওনার স্নেহভাজন হওয়ার কারণে পুলকও একজন দক্ষ সেফ হয়ে উঠেছে। এখানকার চা সারা আমেরিকায় বিখ্যাত। কেউ নিউইয়র্ক আসবে অথচ এখানকার চা খেয়ে যাবেন না, এমনটা খুব কম হয়েছে। এই চা-টা পুলক বানায়। এই ভালো চা বানানোর সূত্র ধরেই তার পরিচয় হয় বন্যার সঙ্গে। বন্যা কাজ করে ম্যানহাটননের একটা ল’ ফার্মে। বন্যা শুধু চা পানের জন্যই পুলকদের রেস্টুরেন্টে আসে। পুলকের সঙ্গে মাঝে মাঝে অনেক গল্প হয়। কখনো রাজনীতি, কখনো বাংলা সাহিত্য, কখনো একসঙ্গের জীবনের পরিকল্পনা। বন্যা খুব ছোট বেলায় আমেরিকা এসেছে। বাংলা সাহিত্যে ওর ওরকম দখল নেই। ও শুনতে চায়। জানতে চায় রবীন্দ্রনাথ, বঙ্কিম, নজরুলদের। পুলক বন্যাকে জীবনানন্দ দাসের বনলতা সেনের কথা বলে। বলে মানিক বন্দ্যোপাধ্যায় আজও তার অবসেশন। পুলক বন্যাকে বলে, সরিষার তেলে শুকনো লঙ্কার ফোঁড়ন দিলে যেমন চোখ ঝাঁজায় তেমন ঝাঁজালো ওর দিন রাত্রির কাব্য পুতুল নাচের ইতিকথা...। বন্যা মন্ত্রমুগ্ধের মতো পুলকের কথা শোনে। বন্যা আধো বাংলায় পুলককে শুনায় কাহলিল জিবরানের ‘দ্য প্রফেট’।

ইতিমধ্যে পুলকের হিয়ারিংয়েল ডেট চলে আসে। গ্রাউন্ড ভালো হওয়ার কারণে তার অ্যাসাইলাম এক্সেপ্ট হয়। উইন করে সে। ওরা বলে গ্রিনকার্ড থ্রি উইকের ভেতর পৌঁছে যাবে পুলকের বাসার ঠিকানায়। পুলক আর বন্যা ভবিষ্যৎ পরিকল্পনা করতে থাকে। অলরেডি চারিদিক কোভিড-১৯–এর পেনডেমিক সিচুয়েশন শুরু হয়ে গেছে। নিউইয়র্ক হট স্পট। চারদিকে মৃত্যুর মিছিল। পুলক অসুস্থ হতে শুরু করে। কোথায় কীভাবে ইনফেকটেড হয়েছে সে জানে না। সে বন্যাকে বলে দিয়েছে, তার সঙ্গে আর দেখা হবে না। বন্যা শুনতে চায় না। প্রচুর শ্বাসকষ্ট, ফোনে কথা বলতে পারছে না। বন্যা চলে আসে পুলকের বাসায়। পুলক দরজা খোলে না। কিছুক্ষণ পর ও চলে যায়। তারপর পুলক অ্যাম্বুলেন্স কল করে। অ্যাম্বুলেন্স এসে পুলককে নিয়ে যায়।

পুলক বুঝতে পারছে, সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার মায়ের কথা মনে পড়ে, মনে পড়ে প্রিয় বাংলাদেশের কথা, তার প্রিয় শহরের কথা। মনে পড়ে অন দ্য ওয়েতে থাকা গ্রিনকার্ড, মনে পড়ে অনুকে, মনে পড়ে জয়িতাকে। বেশি মনে পড়ে বন্যাকে। এই সপ্তাহে ওকে শোনানোর কথা ছিল মৈত্রেয়ী দেবীর ‘ন হন্যতে’। পুলকের ভীষণ ভেন্টিলেটর দরকার। তার বাঁচার আকুতিতে নার্সের চোখে জল। সে পুলককে এই বলে আশ্বস্ত করে, সে আরও একজনের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তার যদি মৃত্যু হয়, তবে সেই ভেন্টিলেটর পুলককে দেওয়া হবে।