ভেসে থাকুক কাগজের নৌকা
‘কাগজের নৌকা’ উপন্যাসের রচয়িতা আসিফ এন্তাজ রবি একজন মিডিয়া ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা শুরু করায় তাঁর লেখালেখি জীবনের বয়স দুই দশকের বেশি। ফেসবুকে একেকটি স্ট্যাটাস পোস্ট করার এক ঘণ্টার মধ্যে মাঝে মাঝে তিন হাজার লাইক পড়ে যায়। বন্ধুরা ন্যূনতম দুই শত মন্তব্য করে বসে।
কাজেই আসিফ এন্তাজ রবি যে ফেসবুককেই তাঁর উপন্যাসের প্রেক্ষাপট বা আঙ্গিক হিসেবে বেছে নেবেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আধুনিক প্রযুক্তি আমাদের ফেসবুকের মতো উপযোগী একটি মাধ্যম উপহার দিয়েছে। আবার সম্পূর্ণ অপরিচিত লোকদের সম্পূর্ণ অযাচিতভাবেই কাছে এনে দিয়েছে। কাগজের নৌকার প্রধান দুটি চরিত্র এভাবেই পরস্পরের সান্নিধ্যে আসে।
আজকাল নতুন কোনো বই পড়তে গেলেই মনে হয় এ ধরনের লেখা কোথায় যেন পড়েছি। এ ধরনের লেখা শুধু বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যেও প্রচুর উদাহরণ পাওয়া যায়। কিন্তু তার মাঝেও অনেক ক্ষেত্রেই লেখকের স্বকীয়তা ফুটে ওঠে। আর তাতেই বইটি বিশেষত্বের মর্যাদা পায়। কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে ৩০ থেকে পঞ্চাশের কম বয়স্কদের লেখায় প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের প্রভাব এত স্পষ্ট থাকে যে, এতে নতুন কিছু নেই বলে বইটি পাঠের আগ্রহ হারিয়ে ফেলি। পড়ার আগে আসিফ এন্তাজ রবির কাগজের নৌকাও এর চেয়ে ভিন্ন কিছু হবে মনে হয়নি। কিন্তু পড়তে গিয়ে দেখলাম এটি একটি মৌলিক উপন্যাস। খ্যাতিমান অন্য কোনো লেখকের প্রভাব এ বইতে নেই। এ রকম বই হয়তো আরও প্রকাশিত হয়েছে। কিন্তু সেসব আমার পড়া হয়নি। লেখকের লেখার স্টাইলও মৌলিক। বুদ্ধিদীপ্ত অথচ কৌতুক মিশিয়ে নির্মোহভাবে লিখে গেছেন যেন এটিই চলে এসেছে চিরকাল। কিন্তু আমরা জানি তা মোটেই নয়।
আমাদের খ্যাতিমান অনেক সাহিত্যিকই গল্প বা উপন্যাসে বর্ণিত ঘটনার সঙ্গে দর্শন বা উপলব্ধির মিশ্রণ ঘটাতে পারেন না। মনে হয় একটি গল্পের সঙ্গে একটি প্রবন্ধ জোড়া লাগানোর চেষ্টা করা হয়েছে। কাগজের নৌকায় আসিফ এন্তাজ রবি অত্যন্ত সফলভাবে প্রাত্যহিক জীবন ও আচরণের সঙ্গে দর্শনের মিশ্রণের সেই দুরূহ কাজটি করতে সক্ষম হয়েছেন। আধুনিক শিক্ষিত জীবনে মিডলাইফ ক্রাইসিস একটি সুপরিচিত সমস্যা। এই সমস্যার ঘোরপাকে অনেকেই অন্যের প্রতি আকৃষ্ট হয়, ভালোবাসার স্ত্রী-পুত্র-কন্যাকে ত্যাগ করে চলে যায়। এই চলে যাওয়াটা খুব সহজ নয়। একদিকে নতুন সম্পর্কের হাতছানি ও মোহ। অন্যদিকে বহু বছরে গড়ে ওঠা আত্মার সম্পর্কের বিচ্ছেদ বেদনা। এই বৈপরীত্য আমাদের ক্ষতবিক্ষত করে তোলে। কাগজের নৌকায় মোহ সৃষ্টিটি হঠাৎ করে হয়নি, গতানুগতিক পথেও হয়নি। হয়েছে তুলনামূলকভাবে নতুন একটি কাঠামোয় নাটকীয়তাবিহীন ঔৎসুক্য ও অহমিকা রক্ষা করতে গিয়ে। কখনো চটুল কিন্তু অপ্রচলিত বাক্য বিন্যাসে আবার কখনো গভীর উপলব্ধির প্রকাশ দিয়ে। এভাবে একটি সফল উপন্যাসের স্বাভাবিক গতিতে ক্লাইমেক্সের দিকে এগিয়ে গেছে।
ফেসবুক সংস্কৃতির ভেতর দিয়ে সুখী স্ত্রীর মাঝবয়সী স্বামী ও দুই স্নেহময়ী কন্যার পিতার সঙ্গে এক আত্মম্ভরী বিবাহিতা সুন্দরীর সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কটি একে অপরকে ঘায়েল করার। ক্রমে তা ভালোবাসার রূপ নিয়ে মিলনের দিকে এগিয়ে যায়। কিন্তু পরিণতি লাভের পূর্বে আত্মোপলব্ধির ফলে দুজনেই আবার ভালোবাসার পূর্ববর্তী স্ব স্ব স্থানে ফিরে আসে। এটিই উপন্যাসের গল্প। কিন্তু ছোট শোনালেও এই গল্পের বিস্তার অনেক বড়।
কথোপকথন ও বর্ণনার মাঝেই সহজ ভাষায় আমরা নতুন প্রজন্মের আধুনিক জীবনযাত্রা এবং সংসার সম্পর্কে অনেক গূঢ় তত্ত্বকথার সঙ্গে পরিচিত হই। যেমন এক আলোচনায় শ্রী রাম কৃষ্ণের বরাত দিয়ে বলা হচ্ছে ‘জলে নৌকা থাকুক, সমস্যা নেই, নৌকায় জল থাকলেই সমস্যা। তুমি সংসারে থাকো তাতে ক্ষতি নেই, কিন্তু তোমার ভেতর যেন সংসার না থাকে’। সমালোচনা করতে হলে বইয়ের ত্রুটি নিয়েও কথা বলতে হয়। ধর্তব্যের মাঝে নিলে পুরো বইতে একটি ব্যাপারেই তা মনে হয়েছে। মূল চরিত্র দুটি বিপরীতধর্মী নারী ও পুরুষ। অথচ ভিন্ন সময় ও পরিস্থিতিতে তাঁরা প্রণয়প্রার্থী বা বান্ধবীকে তাৎক্ষণিক বিয়ের জন্য তাড়া দেয়। দুজনই দুই মিনিট বা তিন মিনিট সময় বরাদ্দ করে দেয় সিদ্ধান্ত নেওয়ার। এই দিকটি আমার নজরে পড়েছে।
বইটির ভাষাও সুন্দর এবং ঝরঝরে। এক বসাতেই পড়ে শেষ করা যায়। স্বভাবজাত কৌতুকের সঙ্গে বিনয় প্রকাশ করে নিজের পরিচিতি দিতে লেখক লিখেছেন ‘...তবু স্বভাব দোষে বের হলো কাগজের নৌকা। এখন নৌকাডুবির অপেক্ষা’। আমার বিশ্বাস কাগজের হলেও নৌকাটি ভেসে থাকবে নিজস্ব সৌন্দর্য গুণে, যত দিন পাঠকের মনে পানির তৃষ্ণা থাকে, অর্থাৎ মৌলিক কিছু পড়ার তাগিদ থাকে।
ঢাকার প্রকাশনা সংস্থা ‘আদর্শ’ ৯৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে ২০১৭ সালে।