
মাত্র এক দিন পর, মঙ্গলবার, মার্কিন ভোটাররা তাঁদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। কিন্তু তাঁরা সবাই ভোট দিতে পারবেন কি না, অথবা ভোট দিলেও তা গণনায় আনা যাবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর কারণ একদিকে ভোট গ্রহণের ইলেকট্রনিক মেশিন হ্যাকিংয়ের আশঙ্কা, অন্যদিকে সংখ্যালঘু ভোটারদের পরিচয়পত্র নিয়ে ভীতি ছড়ানো ও সন্ত্রাসের চেষ্টা।
যুক্তরাষ্ট্র সরকার অনেক আগে থেকেই বলে আসছে যে রাশিয়া এ বছরের নির্বাচনকে প্রভাবিত করতে সাইবার আক্রমণের পাঁয়তারা করছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও তাঁর নির্বাচনী দপ্তরের ডেটাবেইসে যে উপর্যুপরি সাইবার আক্রমণের ঘটনা ঘটে, তার পেছনে মস্কোর হাত রয়েছে। মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা সে কথা জোর দিয়ে বলেছেন, যদিও কোনো সুনির্দিষ্ট প্রমাণ তাঁরা হাজির করতে পারেননি। এখন তাঁরা বলছেন, নির্বাচনের দিন ইলেকট্রনিক ভোটিং মেশিন রুশ হ্যাকারদের হাতে আক্রান্ত হতে পারে। এর ফলে কোথাও কোথাও এসব মেশিন বিকল হয়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা ভোটের ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। ভোটিং মেশিনে অনুপ্রবেশ ছাড়াও সাইবার শিকারিরা মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা করতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন।
মার্কিন সাইবারব্যবস্থায় অনুপ্রবেশ করার ক্ষমতা মস্কোর রয়েছে, সে বিষয়ে কোনো পক্ষের সন্দেহ নেই। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত ভিক্টোরিয়া নুল্যান্ড ও স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তার কথাবার্তা গোপনে রেকর্ড করে তা ইউটিউবে ছেড়ে দেওয়া হয়। এর পেছনে মস্কোর হাত ছিল, তা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ নিশ্চিত।
মঙ্গলবারের নির্বাচনে সাইবার হামলা ঠেকানোর জন্য আমেরিকা সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছে বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউল এনবিসি টিভিকে বলেছেন, রাশিয়া এই মুহূর্তে আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে, তবে তা ঠেকানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্রও একই কথা বলেছেন।
জানা গেছে, রুশ সাইবার আক্রমণ ঠেকাতে হোয়াইট হাউস ও অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের নেতৃত্বে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে সাইবার আক্রমণ ‘মনিটর’ করা ছাড়াও সব ভোটিং মেশিন নিরাপদ রাখার ব্যাপারে ফেডারেল থেকে সর্বনিম্ন প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, হ্যাকারদের চেষ্টা সত্ত্বেও নির্বাচনে বড় ধরনের বিঘ্ন ঘটানোর সম্ভাবনা কম।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের সব অভিযোগ নাকচ করে দিয়েছেন। গত মাসে সোচিতে বিজ্ঞানীদের এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, মস্কো মার্কিন নির্বাচনকে প্রভাবিত করবে, এ কথা ভাবাই তো বাতুলতা।
মস্কোর সাইবার আক্রমণ ও আল-কায়েদার সন্ত্রাসী হামলা প্রতিহত করা গেলেও অন্য যে বিপদ নিয়ে মার্কিন কর্তৃপক্ষ উদ্বিগ্ন, তা হলো নির্বাচনের দিন ভোট গ্রহণে বাধাদানের চেষ্টা। প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকদের ভোট কারচুপির ব্যাপারে কড়া নজর রাখতে বলেছেন। এর ফলে অনেক সংখ্যালঘু ভোটার, যাঁদের ছবিসহ পরিচয়পত্র নেই, তাঁরা ভোট দিতে না-ও পারেন। যাতে তেমন কিছু না ঘটে, তা নিশ্চিত করতে ডেমোক্রেটিক পার্টির আইনজীবীরা ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন ওহাইও, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা ও নেভাদা অঙ্গরাজ্য নিয়ে।
আদালতের হস্তক্ষেপের চেষ্টায় আংশিক হলেও সফল হয়েছেন ডেমোক্র্যাটরা। ওহাইওতে একজন ফেডারেল বিচারক রিপাবলিকান পার্টিকে নির্বাচনের দিন ভোট নজরদারির চেষ্টা না করার নির্দেশ দিয়েছেন। তবে অ্যারিজোনা ও নেভাদায় আদালত ডেমোক্র্যাটদের অনুরোধ ‘পর্যাপ্ত প্রমাণের অভাবে’ বাতিল করে দিয়েছেন। পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলাইনায় আদালত এ ব্যাপারে এখনো কোনো রায় জানাননি।
ডেমোক্র্যাটরা অবশ্য মনে করছেন, বিষয়টি আদালতের গোচরে আনার ফলে যারা ঝামেলা পাকানোর কথা ভেবেছে, তারা হয়তো দ্বিতীয়বার চিন্তা করবে। রিপাবলিকান পার্টির তরফ থেকেও সতর্কতা অবলম্বনের আভাস মিলেছে। নেভাদার রিপাবলিকান পার্টি এক ই-মেইলে তার সমর্থকদের নির্দেশ দিয়েছে, পরিচয়পত্র প্রশ্নে ইচ্ছাকৃত মিথ্যা বা অর্থহীন চ্যালেঞ্জ তাঁরা যেন না করেন।
ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই অভিযোগ করে আসছেন, নির্বাচনে তাঁকে পরাস্ত করতে ডেমোক্র্যাটরা জালিয়াতি ও কারচুপি করছেন। তাঁদের ঠেকাতেই তিনি নিজের সমর্থকদের ভোট নজরদারি করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে নেভাদায় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সংখ্যায় হিস্পানিক ভোটার আগাম ভোটে অংশ নিয়েছেন। এই ভোটের জোরে এই গুরুত্বপূর্ণ রাজ্যে হিলারি জয় পেতে পারেন, ডেমোক্রেটিক কর্তৃপক্ষ সে ব্যাপারে আস্থা প্রকাশ করেছে।