ভোক্তাদের ৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে ইকুইফ্যাক্স
গত কয়েক বছরে হ্যাকিংয়ের মাধ্যমে ইকুইফ্যাক্স ইনকের (ইএফএক্স) বিপুলসংখ্যক ভোক্তার তথ্য হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। এতে প্রতিষ্ঠানটির ভোক্তাদের অনেক গোপন তথ্য চলে যায় অপরাধীদের হাতে, যার মধ্যে এমনকি ক্রেডিট কার্ডের তথ্যও রয়েছে। নিজের ভোক্তাদের তথ্যের নিরাপত্তা দিতে না পারায় এখন প্রতিষ্ঠানটি ৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ইকুইফ্যাক্স ঘোষণা জানায়, ওই বছরের মে ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় ১৪ কোটি ৩০ লাখ ভোক্তার তথ্য হাতিয়ে নিয়েছে একটি চক্র। পরের সপ্তাহে এ সংখ্যা বেড়ে ১৪ কোটি ৫৫ লাখে দাঁড়ায়। পরের বছরও অনেক ভোক্তা এতে আক্রান্ত হন। সব মিলিয়ে ইকুইফ্যাক্সের প্রায় ১৫ কোটি ভোক্তার গোপন তথ্য চলে যায় সাইবার অপরাধীদের হাতে, যার মধ্যে ছিল ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্যও। এখন প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত ভোক্তাদের মধ্যে যাদের ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য খোয়া গেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ক্ষতিপূরণ পেতে হলে আবেদন করতে হবে।
ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ২৯ জুলাই ওই ঘটনার ব্যাপারে একটি রায় দিয়েছে। এতে বলা হয়েছে, হ্যাকিংয়ের কারণে ক্রেডিট রিপোর্টিং সংস্থা ইকুইফ্যাক্সকে ব্যক্তিগত ক্ষতিপূরণ ও নাগরিক জরিমানা বাবদ ৭০ কোটি ডলার দিতে হবে। কমিশনের অনলাইন দাবির প্রক্রিয়া অনুযায়ী, যাদের ব্যক্তিগত তথ্য হ্যাকের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল, তাদের দশ বছরের জন্য বিনা মূল্যে ক্রেডিট পর্যবেক্ষণ দিতে হবে। এর মধ্যে প্রথম চার বছর তিনটি বড় ক্রেডিট ব্যুরো ইকুইফ্যাক্স, এক্সপিয়ান ও ট্রান্সইউনিয়নের মাধ্যমে এবং বাকি ছয় বছর বিশেষ করে ইকুইফ্যাক্সের মাধ্যমে এই সেবা দিতে হবে।
এই রায়ের ফলে ভোক্তাদের জন্য ক্ষতিপূরণ পাওয়ার রাস্তা খুলে গেল। কারও ক্রেডিট পর্যবেক্ষণ প্ল্যান থাকলে তিনি ইকুইফ্যাক্সের ওয়েবসাইটে এ বিষয়ে দাবি করে ১২৫ ডলার অর্থ পেতে পারেন। অন্যদিকে তথ্য খোয়া যাওয়ার ফলে সময় ও অর্থ ব্যয় করে থাকলে ইকুইফ্যাক্সের কাছ থেকে যথাযথ প্রমাণ দেখিয়ে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। বিভ্রাটের কারণে ২০ ঘণ্টার বেশি সময় ব্যয় করে থাকলে এবং এ বিষয়ে যথেষ্ট প্রমাণপত্র থাকলে ঘণ্টাপ্রতি ২৫ ডলার করে পাওয়ার সুযোগ রয়েছে।
প্রশ্ন হচ্ছে কীভাবে আপনি ইকুইফ্যাক্স থেকে এ ক্ষতিপূরণ পাবেন? প্রক্রিয়াটি একদম সোজা। আপনি ইকুইফ্যাক্সের তথ্য লঙ্ঘন নিষ্পত্তি সম্পর্কিত অনলাইন প্ল্যাটফর্মে একটি দাবি দাখিল করতে পারেন। সাইটটির নাম হচ্ছে এলিজিবিলিটি ডটইকুইফ্যাক্সব্রিচসেটেলমেন্ট ডটকম। গুগল করেও এ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে দশ মিনিটির মতো সময় লাগতে পারে। এ ছাড়া ইকুইফ্যাক্সের একটি ওয়েবসাইট আছে, যেখানে কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছিল কিনা, তা খুঁজে দেখা যাবে।