ভোট জালিয়াতির বিষয়ে বিচার বিভাগকে চাপ দিয়েছিলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সহযোগীরা গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছিলেন।

নতুন প্রকাশিত তথ্যে জানা গেছে, ট্রাম্প ও তাঁর সহযোগীরা তৎকালীন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফ্রি রোজেনকে এ নিয়ে ই–মেইল করেছেন। ই–মেইলে নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে জালিয়াতি হয়েছে উল্লেখ করে তা চ্যালেঞ্জ করার জন্য বিচার বিভাগকে চাপ দেওয়া হয়।

১৫ জুন প্রতিনিধি পরিষদের হাউস ওভারসাইট কমিটির শুনানিতে ডেমোক্রেটিক পার্টির উপস্থাপিত নথিপত্র থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সহকারী, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ও তাঁর নির্বাচনী ক্যাম্পেইন থেকে বিচার বিভাগকে একের পর এক ই–মেইল করা হয়েছে। এসব ই–মেইলে বিচার বিভাগকে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আইনগত পদক্ষেপে যুক্ত হওয়ার জন্য বলা হয়।

তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের রাত থেকেই ফলাফল নিয়ে জালিয়াতির কথা বলতে থাকেন। তাঁর এই অমূলক দাবির সঙ্গে তৎকালীন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার একমত পোষণ করেননি। নির্বাচনে জালিয়াতির কোনো তথ্য তাঁদের কাছে নেই—এমন ঘোষণার পর উইলিয়াম বারের প্রস্থান অবশ্যম্ভাবী হয়ে ওঠে। ডিসেম্বরের মাঝামাঝি ট্রাম্প নিজেই জানান, উইলিয়াম বার তাঁর প্রশাসন ত্যাগ করছেন। তারপর চাপ শুরু হয় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফ্রি রোজেনের ওপর।

প্রকাশিত ই–মেইলে দেখা গেছে, হোয়াইট হাউসের তৎকালীন চিফ অব স্টাফ মার্ক মেডৌস ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে কোনো ভিত্তি ছাড়াই ভোট জালিয়াতি হয়েছে বলে জানান। সহকারী অ্যাটর্নি জেনারেল জেফ্রি ক্লার্ককে ভোট জালিয়াতির ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য ই–মেইলে বলা হয়েছে। জেফ্রি ক্লার্ক সে সময় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য ট্রাম্পের কাছে ধরনা দিচ্ছিলেন বলে খবর প্রকাশিত হয়।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফ্রি রোজেন ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানিকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। রুডি জুলিয়ানিসহ অন্যরা তখন রটিয়ে দেন যে ইতালি সামরিক প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভোটের ফলাফল পাল্টে দিচ্ছে। ইতালি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে নির্বাচিত করার চেষ্টা চালাচ্ছে বলে ট্রাম্পের সহযোগীদের পক্ষ থেকে গুজব ছড়ানো হয়েছিল।

ভিত্তিহীন এসব কথা ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফ্রি রোজেন আমলে নেননি। ট্রাম্পের সহযোগীদের পরামর্শ অনুযায়ী এ নিয়ে এফবিআইসহ অন্যদের নিয়ে সভা আয়োজন করা থেকে তিনি বিরত থাকেন।

নতুন প্রকাশিত এসব ই–মেইলে স্পষ্ট দেখা যায়, ট্রাম্প তাঁর ভুয়া ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছিলেন। তিনি নিজে ও তাঁর সহযোগীদের দিয়ে মার্কিন বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচনের ফলাফল পাল্টে দিতে চেয়েছিলেন। এ নিয়ে ট্রাম্পের সহযোগীদের ই–মেইল চালাচালির খবর আগেই নিউইয়র্ক টাইমসসহ অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ক্যারোলাইন মেলোনি ট্রাম্পের আমলের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মেডৌসকে শুনানিতে অংশগ্রহণের জন্য চিঠি দিয়েছেন। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ক্যারোলাইন মেলোনি বলেছেন, প্রকাশিত ই–মেইলে দেখা যাচ্ছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজের ভুয়া দাবির পক্ষে ব্যবস্থা নিতে চাপ দিচ্ছিলেন। বিষয়টিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্নীতিগ্রস্ত করার প্রয়াস বলে তিনি উল্লেখ করেছেন।

এদিকে শুনানিতে অংশগ্রহণ করবেন কি না, সে সম্পর্কে সিএনএনের প্রশ্নের উত্তরে মার্ক মেডৌস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।