
সাধারণত ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচনের খবর আমেরিকা মূলধারার সংবাদমাধ্যমে খুব কমই পরিবেশিত হয়। কিন্তু গত সপ্তাহে কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচনটি সারা আমেরিকার দৃষ্টি আকর্ষণ কেড়েছে। এই নির্বাচনে ৩১ বছর বয়সী টিফানি কাবান এক হাজার এক শ ভোটে কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজকে পরাজিত করেন। নির্বাচন কমিশন প্রাথমিক ভোট গণনা শেষে টিফানি কাবানকে জয়ী ঘোষণা করে। কিন্তু মেলিন্ডা কার্টজ এত সহজে হার মানার পাত্রী নন। তিনি হাতে
গুনে পুনরায় ভোটগণনা করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানান।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ভোট পুনর্গণনায় দেখা যায় মেলিন্ডা কার্টজে ২০ ভোটে এগিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের কোনো নির্বাচনে ভোটের ফলাফলের এমন উলটপালট হওয়া সহজে দেখা যায় না। তাই নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনের মুখপাত্র ভেলেরী ভাসকুয়েজ ডিয়াজ বলেন, যেহেতু ভোটের ফলাফলের পার্থক্য খুবই কম। তাই সব ভোট আবার গণনা করা হবে।
অন্যদিকে, নিউইয়র্ক ডিরেক্টর অব ওয়ার্কিং ফ্যামিলি পার্টির প্রধান বিল লিপটন এই নির্বাচনে টিফানি কাবানের পক্ষে লড়েছেন। তিনি বলেন, ‘ভোটের গণনা যাতে সঠিক হয় সে জন্য আমরা আপ্রাণ কাজ করে যাব। প্রত্যেক ভোটারের চাওয়া পূরণ করতে আমরা বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস ভোট যখন আবার গণনা হবে তখন টিফানি কাবানেরই জয় হবে।’
এবার বলা যাক, কীভাবে এই নির্বাচন আমেরিকার মূলধারার সংবাদমাধ্যম তথা আমেরিকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। গত ২৫ জুন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদের নির্বাচনে টিফানি কাবান বিপুল রাজনৈতিক সমর্থন পেয়েছেন। সিনেটর এলিজাবেথ ওয়ারেন, সিনেটর বার্নি স্যান্ডার্স, নিউইয়র্ক টাইমসসহ আরও অনেকেই কাবানকে প্রকাশ্যে সমর্থন জানান।
সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী এলিজাবেথ ওয়ারেন এক বিবৃতিতে জানায়, নিউইয়র্কে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে টিফানি কাবানকে সমর্থন করতে পেরে গর্বিতবোধ করছি। কাবান জনসাধারণের জন্য লড়বেন। গণহারে কারাবাসের বিরুদ্ধে লড়বেন। অন্যদিকে, সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স টিফানি কাবানের সঙ্গে ফোন করে কথা বলেন বলে স্যান্ডার্সের নির্বাচন প্রচারে ম্যানেজার ফায়েজ শাকিরের এক বিবৃতি থেকে জানা যায়।
নিউইয়র্ক টাইমস টিফানি কাবানকে সমর্থন করে এক বিবৃতিতে বলেছিল, ৩১ বছর বয়সী টিফানি কাবান কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে প্রকৃতপক্ষে ভালো প্রার্থী। সংখ্যালঘু মানুষ ও অভিবাসী সম্প্রদায়ের ওপর অসম-অনুপাতে শাস্তির বিরুদ্ধে তিনি লড়বেন।
অন্যদিকে নির্বাচনের আগে এক বিবৃতিতে টিফানি কাবান বলেন, ‘আমি একজন পাবলিক ডিফেন্ডার। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে আমি আমার কর্মজীবনের সব সময় ব্যয় করেছি।’
জানা যায় যে, এবারের নির্বাচন কাবানই একমাত্র প্রার্থী যিনি তার রাজনৈতিক প্রচারের জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ গ্রহণ করেননি।