ভোটের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির চিরায়ত জীবনে বারো মাসে তেরো পার্বণ। অনেক না পাওয়ার বেদনা, বঞ্চনার দুঃখ কিছুটা হলেও দূর করে এই পার্বণের উপলক্ষগুলো। আধুনিক বাঙালির জীবনে নতুন পার্বণ হিসেবে যোগ হয়েছে নির্বাচন বা ভোট। ভোট এলেই অধিকার সচেতন বাঙালি একটা উৎসবের আমেজে মেতে ওঠে। ধনী-দরিদ্র, ক্ষমতাবান-ক্ষমতাহীন, ধর্ম-বর্ণ-জাতিনির্বিশেষে কেমন জানি সবাই নিজেকে কেউকাটা ভাবতে শুরু করে। তবে এই উৎসবের মেয়াদকাল এখনো বাঙালির জীবনে ১০০ বছর অতিক্রম করেনি।
আগে পাঁচ বছরে এই উৎসবের দেখা মিলত। এখন স্থানীয় সরকার নামের বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে সাংবাৎসরিক না হলেও দুই-তিন বছরে ভোট উৎসবের দেখা মেলে। যাঁরা দেশ ছেড়ে দূরে থাকেন তাঁরা দূর থেকেই এই উৎসবের আমেজ আস্বাদন করেন। তবে প্রবাসে যাঁরা স্থায়ী হয়েছেন, তাঁরা সেখানে ভোট দেন, কেউ কেউ নির্বাচনে অংশ নেন। কিন্তু সেখানে এই উৎসবের আমেজ তেমন একটা হয়তো আসে না।
আর ঘরকুনো হিসেবেও বাঙালির যে দুর্নাম ছিল, তা বহু আগে মুছে গেছে। মুছে ফেলেছেন সাহসী প্রবাসী বাঙালিরা। কিন্তু দেশের প্রতি তাঁদের টান, ভালোবাসা, দেশের জন্য কিছু করার ইচ্ছায় কখনো ভাটা পড়েনি। সে জন্য বিদেশের বুকে দেশের নামে বিভিন্ন সংগঠন করেন। দেশের ছোট–বড় রাজনৈতিক দলের শাখা খোলেন। দেশ থেকে কোনো রাজনৈতিক নেতা গেলে তাঁকে আপ্যায়নের জন্য, দেশের কথা শোনার জন্য, ছেড়ে আসা স্বজনদের ভালো থাকার স্বপ্ন দেখার জন্য প্রাণপাত করেন। তাঁদের অনেকেই আবার দেশে ফিরে এসে কিছু করার চিন্তা করেন। তাঁদের এ প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই বড় দল বা জোটের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আমেরিকাপ্রবাসী বাঙালি নেতারাও। কিন্তু এখনো পর্যন্ত যে খবর, তাতে তাঁরা কেউ মনোনয়ন পাননি। অর্থাৎ বড় দলগুলো দেশে অবস্থানরত নেতা-কর্মী, জোটের সঙ্গীদের দাবি মেটাতে হয়তো প্রবাসীদের দিকে তাকাতেই পারেনি। এটা কিছুটা হলেও হতাশার। কিন্তু হতাশার হলেও বাস্তবতা তো মেনে নিতে হবে।
যাঁরা বিদেশের বুকে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, যাঁদের দেশের প্রতি নিখাদ ভালোবাসা আছে, তাঁরা দেশের কথা ভেবে হতাশার পরিবর্তে নিজেকে অন্যভাবে প্রস্তুত করবেন, এটাই প্রত্যাশিত। কারণ, রাজনীতির বাইরেও দেশকে সেবা করার আরও অনেক উপায় আছে। সেই পথকে তাঁরা আরও জোরালোভাবে আঁকড়ে ধরবেন, এটাই চাওয়া। তাঁদের ছোট ছোট সহায়তা দেশের স্বজনদের জন্য অনেক বড় প্রাপ্তি। এই মুহূর্তে বাংলাদেশ ভোট উৎসব উদ্‌যাপনের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এখানে যে শঙ্কা একেবারে নেই, তা নয়। তবে শঙ্কা সত্য না হয়ে উৎসবই বাস্তব হবে এবং প্রবাসীরাও কাছে বা দূর থেকে তা উপভোগ করবেন, এটাই এখন প্রার্থনীয়।