
নাইনটি বিকমেন স্ট্রিটের সকালবেলা। ভোটকেন্দ্রে ঢোকার মুখে হঠাৎ থমকে গেলেন এক বৃদ্ধা, ‘এত লম্বা লাইন?’ তবে ভোটকেন্দ্র ছাড়েননি। ধীর পায়ে হেঁটে লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়েছেন।
নিউইয়র্ক শহরে ১২০৫টি ভোটকেন্দ্র। নির্বাচন কর্মকর্তারা ব্যস্ত থাকায় ভোটার সংখ্যা কেমন, আগের বছরের তুলনায় বেশি কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
তবে ইলেকশন ওয়াচের কর্মী ক্রিস্টিনা ভসিয় বলছিলেন, ভোটার অনেক। তিনি ফুলটন স্ট্রিটের সেন্ট মার্গারেট স্ট্রিটে দায়িত্ব পালন করছিলেন। ভোর সাড়ে পাঁচটা থেকে সেখানেই দাঁড়ানো। রাত ৯টায় ভোট শেষ হলে বলতে পারবেন কত ভোট পড়েছে।
সেন্ট মার্গারেট ও নাইনটি বিকমেন স্ট্রিট দুই কেন্দ্রেই বিভিন্ন বয়সী ভোটারদের দেখা গেছে। যুক্তরাষ্ট্রে ভোটের দিন অফিস-আদালত, স্কুল-কলেজ সবই খোলা থাকে। তারপরও মানুষ ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহী। বাচ্চাকাচ্চা নিয়েই অনেকে ভোট দিতে এসেছেন। আছেন শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, তরুণ, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই।
নিউইয়র্কের বড় অংশেই ডেমোক্র্যাট সমর্থক বেশি। ছয়জনের সঙ্গে কথা হয়, তাঁদের সবাই হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন। ইচ্ছে হলে বলুন—এমন প্রস্তাব দেওয়ার পরও সবাই জোর গলায় বলেছেন, তাঁরা হিলারিকে ভোট দিয়েছেন।
সারা জিয়েলস বলেন, ‘আমি গর্বের সঙ্গে বলতে চাই, হিলারিকে ভোট দিয়েছি। কারণ আমি ইতিহাসের অংশ হতে চাই। ভোট দিলাম। সারা দিন প্রার্থনা করব, যুক্তরাষ্ট্র যেন একজন নারী প্রেসিডেন্ট পায়।’ শুধু নারী বলেই হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন কি না, জানতে চাইলে সারা বলেন, ‘তাঁকে ফার্স্ট লেডি হিসেবে দেখেছি, সিনেটর হিসেবে দেখেছি, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখেছি। আমার বিশ্বাস তিনি ভালোভাবে দেশ চালাবেন।’
হিলারিকে ভোট দিয়েছেন কেটলিন গ্যালোও। বলছিলেন, ‘আমি আসলে ভাবতে পারছি না, ট্রাম্প জিতলে কী হবে। প্রচারের সময় তিনি যে বর্ণবাদী কথা বলেছেন প্রেসিডেন্ট হওয়ার পরও যদি তাঁর দৃষ্টিভঙ্গি না বদলায়? আমি জানি না। খুবই ভীত আমি।’
নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা করেছিলেন ট্রাম্প। সেই প্রেক্ষাপটেই ভোট কেমন হচ্ছে কয়েকজন ভোটারের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ভালোই হচ্ছে। সব ঠিকঠাক। একটাই সমস্যা লম্বা লাইন। ভোটকেন্দ্রের ভেতরে দুদলেরই সমান সংখ্যক প্রতিনিধি আছেন। তাঁদের একজনকে সেন্ট মার্গারেট ভোটকেন্দ্রের ভেতর দাঁড়িয়ে ভোটারদের বলতে শোনা গেল, পছন্দের প্রার্থীকে একবারই ভোট দিন।
তবে খুশি নন বয়সের ভারে প্রায় নুয়ে পড়া ভোটার ফ্ল্যাক্স লিওনার্দ। তাঁর একটাই চিন্তা ভোটটা ঠিকমতো দিতে পারলেন কি না। ব্যালট পেপার স্ক্যানারে ঢোকানোর পর ঝামেলা করছিল। তিনিও হিলারিকে ভোট দিয়েছেন।
নির্বাচন উপলক্ষে নিউইয়র্কে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দুদলের প্রার্থীই এবার নিউইয়র্কের। তাই বাড়তি সতর্কতা। বোর্ড অব ইলেকশনের চিঠি দেখানোর পরও পুলিশ সাংবাদিকদের সেন্ট মার্গারেট ভোটকেন্দ্রের বাইরে থাকার অনুরোধ করেন। কেন্দ্রের ভেতরে বা কাছ থেকে ছবি তোলা ও ভিডিও করা থেকে বিরত থাকতে বলেন।
ভোটকেন্দ্রের বাইরে কোন কেন্দ্রে ট্রাম্প সমর্থকদের পাওয়া যাবে, জানতে চাইলে রসিকতা করে একজন বলেন, ট্রাম্প টাওয়ারে। আরেক ভোটার বলেন, ট্রাম্পেরও সমর্থক আছে। কিন্তু তাঁর ভোটাররা মূলত শহরতলিতে। ইউক্রেন বংশোদ্ভূত ৭০ বছর বয়স্ক নারী লুজিয়ানা গেটম্যান ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। লুজিয়ানা বলেন, ‘আমি হিলারিকে ভোট দিইনি। অনেক হয়েছে। মিথ্যে বলায় তাঁর জুড়ি নেই। বেনগাজি নিয়ে সে যা করেছে তা খুবই অন্যায়।’ লুজিয়ানা ভোটের পরিবেশ নিয়ে খুশি। তিনি তাঁর স্বামীর সঙ্গে এসেছেন। স্বামী হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। লম্বা লাইন থাকলেও তাঁরা অগ্রাধিকার পেয়েছেন।
একজন ভোটার বলছিলেন, গত দেড়টা বছর একজন আরেকজনকে যেভাবে গালাগাল করেছেন, নির্বাচনের দিন দুই দলের সমর্থকেরা কী করেন তা নিয়ে চিন্তায় ছিলাম। দেখে শান্তি পেলাম সবাই শান্ত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।