ভ্যাঙ্কুভারে অন্য রকম বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজকুমার রবীন্দ্র পরিষদ আয়োজিত বসন্ত উৎসবে নৃত্য পরিবেশনা
রাজকুমার রবীন্দ্র পরিষদ আয়োজিত বসন্ত উৎসবে নৃত্য পরিবেশনা

বসন্তের রং প্রকৃতি থেকে ছড়িয়ে পড়ে মানুষের মনে। হৃদয়ে জেগে ওঠা নতুনের সেই আনন্দে মেতে বসন্তকে বরণ করে নেওয়া বাঙালির শত বছরের ঐতিহ্য। কিন্তু বসন্ত যে কেবল বাঙালির মনেই দোলা দেয় না, এর আবেদন যে বিশ্বজনীন, তারই স্বাক্ষর রাখল রাজকুমার রবীন্দ্র পরিষদের আয়োজনে উদ্যাপিত বসন্ত উৎসব, ‘টেগোর স্প্রিং ফেস্টিভ্যাল ২০১৭’।
২০ মে সারি সিটি হলে অনুষ্ঠিত এ উৎসবে বাঙালির বসন্ত উদ্যাপন বহুজাতিকতার নতুন মাত্রা লাভ করেছে। দর্শকের হৃদয় জয় করে নেওয়া এ অনুষ্ঠানে বাংলা নাচ-গানের সঙ্গে ছিল ইংরেজি কবিতা, কর্ণাটকি সংগীত এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ধারায় সেতারের মূর্ছনা।
নানা বর্ণ, জাতি ও পেশার হলভর্তি দর্শকের সামনে সংগীত পরিবেশন করেন গুণী শিল্পী পিনু সাত্তার। তাঁর ভরাট গলার রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালনের গান কিংবা কীর্তন দর্শকদের হৃদয় স্পর্শ করে। পিনুর সঙ্গে তবলায় ছিলেন শুভময় দাসগুপ্ত। মৃদঙ্গম, ঘতম এবং মোরসিংয়ের মতো নানা রকম বাদ্যযন্ত্রের সমন্বয়ে কর্ণাটকি সংগীত পরিবেশন করেন লক্ষ্মী মেনন। সেতারের সুরে দর্শকদের মুগ্ধ করেন মোহামেদ আসানী। তাঁকে তবলায় সংগত করেন অমরজিত সিং।
ইংরেজি কবিতা পাঠ করেন কানাডীয় কবি বার্নিস লিভার, কোরিয়ান কবি বং জা আহন ও আমেরিকান কবি কারলা শেফার।

উৎসবে কর্ণাটকি সংগীত পরিবেশন করেন লক্ষ্মী মেনন
উৎসবে কর্ণাটকি সংগীত পরিবেশন করেন লক্ষ্মী মেনন

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলার পল্লি প্রকৃতিতে বসন্তের আগমন। ঋতুর পরিবর্তন নিয়ে নজরুলগীতি পরিবেশন করেন শঙ্খনাদ মল্লিক, অভীক দে ও কেকা সেনগুপ্ত। তাঁদের গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন একঝাঁক নবীন-প্রবীণ শিল্পী, যার মধ্যে অবাঙালি আলেক্স পারাপ্পিল্লি দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। যন্ত্রানুষঙ্গে ছিলেন সবুজ মজুমদার, তাপস বিশ্বাস ও টম হান্টার। ছায়ানটের প্রাক্তন শিক্ষিকা অর্ণ কমলিকা এতে নেতৃত্ব দেন।