ভ্যাঙ্কুভারে বর্ণাঢ্য বৈশাখী মেলা

কানাডার ভ্যাঙ্কুভারের আকাশে-বাতাসে যেন আনন্দ আর নানা রঙের ছটা লেগেছিল পয়লা বৈশাখে। পাহাড়ের চূড়ায় জমে থাকা তুষারে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যেন হাসিমুখে বলছিল ‘শুভ নববর্ষ’।
১৪ এপ্রিল গ্রেটার ভ্যাঙ্কুভারের সারে সিটির রিভারসাইড সিগনেচার হলে অনুষ্ঠিত হয় গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন (জিভিবিসিএ) আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলা। নানা রঙের মুখোশ, ঢোল-করতাল-মন্দিরা আর রঙিন হাসিতে মুখরিত মঙ্গল শোভাযাত্রায় যেন বাংলাদেশের চিরন্তন আবহ ফুটে উঠেছিল।
মঙ্গল শোভাযাত্রার পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নব আনন্দে জাগো’। পুরো আয়োজন জুড়ে ছিল বাঙালিয়ানা। স্বাগত বক্তব্যে সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহানা আকতার মহুয়া বলেন, ‘পয়লা বৈশাখ একটি সর্বজনীন অনুষ্ঠান। এতে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। এই উৎসব বাঙালির প্রাণের উৎসব। আত্মপরিচয়ের শেকড় ও বাঙালি জাতির সত্তা প্রোথিত রয়েছে এই উৎসবে। বহু সংস্কৃতির এই দেশে বেড়ে ওঠা প্রজন্মকে আমরা আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছি। আজ তাই পুরো অনুষ্ঠান জুড়েই আছে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।’

সমবেত কণ্ঠে পয়লা বৈশাখের আবাহন সংগীত ‘এসো হে বৈশাখ, এসো এসো’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠান প্রাঙ্গণে রাখা বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা, রকমারি পোশাক, গয়না ও হরেক রকমের খাবারের দোকান। এ সবের সমন্বয়ে যেন প্রবাসের বুকে উঠে এসেছিল এক টুকরো বাংলাদেশ। শুধু বাঙালিরাই নন, বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির দর্শকের সমাগম ছিল বৈশাখী মেলায়। সারে সিটি মেয়র ডোগ ম্যাককালাম, ডেপুটি স্পিকার রাজ চৌহান, মিনিস্টার অব লেবার (প্রভিন্সিয়াল) হ্যারি বেইন্স, সিনিয়র ভ্যাঙ্কুভার পুলিশ ডিটেকটিভ কাল দোসানজসহ শুভেচ্ছা জানাতে মেলায় এসেছিলেন সুখ ধালিওয়াল এমপি, কেন হার্ডি এমপি, জাগরুপ ব্রার এমএলএ, পিটার জুলিয়ান এমপি, মাইকেল লি এমএলএ, টড স্টোন এমএলএ, রণদীপ সারাই এমপি, হারপ্রীত সিং এমপি পদপ্রার্থী।
অনুষ্ঠানে তিনজন আলোকিত মানুষ শাহীন রেজানূর, বুলি ইসলাম এবং অদিতি মলি দত্তকে সম্মাননা দেওয়া হয়।
জাহিদ লতিফ, সাহিল, আনিকা মাহমুদ আর দুলাল আল হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনা এবং নাটক, ফ্যাশন শোসহ সাংস্কৃতিক পরিবেশনা মেলায় উপস্থিত তিন সহস্রাধিক দর্শক-শ্রোতাকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখে। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা শেষে মঞ্চে আসেন সিয়াটল থেকে আসা আমন্ত্রিত শিল্পী রেডএফএম মাল্টিকালচারাল আইডল উইনার ২০১৭ মুনমুন আহমেদ।
সংগঠনের সভাপতি তারিক মালিক বলেন, ‘পয়লা বৈশাখের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহমান রয়েছে। এ আমাদের লোকসংস্কৃতির অংশ যার মধ্যে লুক্কায়িত থাকে মানুষের অতীত সমাজের মূল্যবোধ, বিশ্বাস, প্রথা, কলা, নৈতিকতাবোধ, জীবন-সংগ্রাম, সৃজনশীলতা ইত্যাদি। যা আমরা আবহমানকাল ধরে লালন করে চলেছি। আসুন, হাজার বছরের পুরোনো ঐতিহ্য এবং সংস্কৃতিকে অন্যান্য জাতির কাছে তুলে ধরি।’