ভ্যালেন্টাইন ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিলা খাতুনের ঠেলাঠেলিতে বাকিরের ঘুম ভাঙল। এখনো অন্ধকার বাইরে। সাইড টেবিলে রাখা ঘড়ির দিকে তাকাল, বাজে মাত্র সাড়ে পাঁচটা। কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে সকাল সাতটায়। কণ্ঠস্বরে বিরক্তি লুকানোর চেষ্টা না করেই জিজ্ঞেস করল, ‘কি হলো, এই রাত দুপুরে কেন ঠেলাঠেলি করছ?’
‘হ্যাপি ভ্যালেন্টাইন’। জমিলা খাতুন আদুরে গলায় বলল, ‘আজ যে ভ্যালেন্টাইন সেটা কি সাহেবের খেয়াল আছে, না আমার কথা শুনে এখন জানলে?’
বাকির থমথমে গলায় উত্তর দিল, ‘তোমাকেও হ্যাপি ভ্যালেন্টাইন। কিন্তু এই মাঝ রাতে ঘুমটা না ভাঙিয়ে উইশটা আরেকটু পরে করলে হতো না? এখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পর ভালো করে উইশ করব।’ বাকির পাশ ফিরে আবার শুয়ে পড়ল।
৩০ সেকেন্ডও যায়নি, আবার পিঠে ধাক্কা, ‘এই শোন!’
—এখন না, প্লিজ।
—আহ, শোনো না। কি স্বপ্ন দেখেছি জানো?
—পরে শুনব প্লিজ। বালিশ উঁচু করে ধরে বাকির তার নিচে মাথাটা গুঁজে দিতে গেল। কিন্তু, তার আগেই এক ঝটকায় সেটা কেড়ে নিয়ে জমিলা খাতুন বাকিরের শার্ট টেনে তার দিকে ঘুরিয়ে নিল। —শো...নো...না!
—নাহ! আজকে মনে হয় আর ঘুমানো যাবে না। বাকির শোয়া থেকে উঠে সোজা হয়ে বসল। জমিলা খাতুনের মুখ উত্তেজনায় চকচক করছে। ‘জানো, স্বপ্নে দেখলাম, ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে তুমি আমাকে পু...রো...এ...ক...সে...ট মুক্তোর গয়না উপহার দিয়েছ। আচ্ছা বল না গো, এমন ধারা স্বপ্নের অর্থ কী? বল না...বল না… প্লি...ই...জ!’
বাকির উত্তর না দিয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল, তারপর বিছানা ছেড়ে বাথরুমের দিকে যেতে যেতে একটা অর্থপূর্ণ চাহনি দিয়ে বলল, ‘সন্ধ্যায় যখন বাসায় ফিরব, তখন এই স্বপ্নের অর্থ জানতে পারবে।’
—স…ত্যি?
—সত্যি
সন্ধ্যায় যখন বাকির ফিরল, তার হাতে গিফট র‍্যাপ করা একটা দুই ইঞ্চি পুরু, আট বাই বারো একটা বাক্স। জমিলার গালে ঠোঁট বসিয়ে দিয়ে বলল, ‘বলেছিলাম না সন্ধ্যায় তোমার স্বপ্নের অর্থ জানতে পারবে; এই যে নাও, দেখো, এর ভেতরে তোমার স্বপ্নের উত্তর।’
জমিলার মুখ উত্তেজনায় চকচক করে উঠল। আহ্লাদী মুখ করে বলল, ‘সত্যি, জানো, তোমার না তুলনা হয় না। যাও মুখ হাত ধুয়ে এসো, আজ ভ্যালেন্টাইন উপলক্ষে আমি হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করেছি। এক সঙ্গে খাব বলে সেই কখন থেকে অপেক্ষা করছি।’
—এই এক মিনিট। হাতমুখ ধুয়ে আসছি, তুমি টেবিলে বসো।
জমিলা সামলাতে পারছিল না। বাথরুমের দরজা বন্ধ হতেই এক টানে বাইরের ফুলতোলা কাগজটা ছিঁড়ে ফেলল। এরপর যা ঘটল। মোড়ক উন্মোচিত হতেই সে ভেতরের জিনিসটার দিকে বহুক্ষণ অপলক তাকিয়ে রইল। তারপর মুখ দিয়ে অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে এল। বাকির তাকে গিফট র‍্যাপ করে একটা বই দিয়েছে—বইটির নাম, সোলেমানি খোয়াবনামা...।

(প্রচলিত একটা কৌতুক থেকে অনুপ্রাণিত হয়ে)