ভ্যালেন্টাইনস ডে থেকে নিউইয়র্কের রেস্তোরাঁ আংশিক খুলছে
ভ্যালেন্টাইনস ডে রেখে নিউইয়র্কের রেস্তোরাঁগুলোর ইনডোর ডাইনিং আংশিক চালু করার নির্দেশ দিয়েছেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে নগরীর রেস্তোরাঁগুলোতে ধারণ ক্ষমতার ২৫ শতাংশ গ্রাহক ভেতরে বসে থাকার খেতে পারবেন। রাজ্যের করোনা সংক্রমণ সহনীয় পর্যায়ে নেমে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর।
গত বছরের মার্চ থেকে নিউইয়র্কের করোনা সংক্রমণ শুরু হলে দীর্ঘ লকডাউনে যেতে হয়। করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিউইয়র্কে প্রায় ৪৩ হাজার মানুষের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত চার লাখ ৩৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে।
প্রথম দফা লকডাউন শিথিল করার পর করোনার দ্বিতীয় দফা সংক্রমণে নিউইয়র্কের পরিস্থিতি আবারও নাজুক হয়ে ওঠে। এ সময় থেকে নিউইয়র্কের সব রেস্তোরাঁর ভেতরে বসে খাবার গ্রহণ নিষিদ্ধ করে দেওয়া। চালু থাকে কেবল আউটডোর ডাইনিং ও ডেলিভারি সার্ভিস।
২৯ জানুয়ারি রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, রাজ্যের কোভিড-১৯ সংক্রমণ এখন ৪ দশমিক ৯ শতাংশ। দুই সপ্তাহ আগেও সংক্রমণের হার ৭ শতাংশের বেশি ছিল। সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তির হারও কমছে। সবকিছু বিবেচনা করে ১৪ ফেব্রুয়ারি থেকে নগরীতে ধারণ ক্ষমতার ২৫ শতাংশ গ্রাহকদের জন্য ইনডোর ডাইনিং খুলে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
নাজুক হয়ে ওঠা অর্থনৈতিক বাস্তবতায় নিউইয়র্কের রেস্তোরাঁগুলো যেন আগাম প্রস্তুতি নিতে পারে—এ কারণেই এমন সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হচ্ছে বলে গভর্নর উল্লেখ করেছেন।