ভ্যালেরি টেইলরের কাছে বাগডিসি'র চেক হস্তান্তর

পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্র-সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি টেইলরের কাছে তহবিল গঠনের জন্য চেক তুলে দিয়েছে বাগডিসি। গত ৩১শে জুলাই সোমবার সন্ধ্যায় ভার্জিনিয়ার ডেরা রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করা হয়। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই চেক হস্তান্তরের মাধ্যমে গত ২৩শে জুলাই বাগডিসি আয়োজিত সিআরপি’র সাহায্যার্থে অনুষ্ঠিত ‘ফান্ড রেইজিং ডিনারে’ সংগৃহীত অর্থ বাগডিসি’র পক্ষ থেকে সিআরপি’র ভ্যালেরি টেইলরের হাতে তুলে দেওয়া হয়। তাঁর হাতে চেকটি তুলে দেন বাগডিসি’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর। চেক প্রদানের সময় সঙ্গে ছিলেন বাগডিসি’র কার্যকরী পরিষদের কর্মকর্তা ও কয়েকজন স্পন্সর। যারা এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাঁরা হলেন- বাগডিসি’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, জেনারেল সেক্রেটারি এ্যন্থনী পিউস গমেজ, ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, মিসেস পারভীন পাটোয়ারী এবং মিসেস রুকসানা পারভীন, কোষাধ্যক্ষ জনাব নাইম রহমান, সহ-কোষাধ্যক্ষ রোমিও হক, সাংস্কৃতিক সম্পাদিকা শম্পা বনিক, উপদেষ্টা রাশেদুল হাসান খান, কবীর পাটোয়ারী এবং মোহাম্মদ মোস্তাফা, স্পন্সর মিসেস শিরিন আক্তার (সিইও, ডাটা এন টেক) এবং জনাব মজিবুল হক (রেয়েল্টর)।
বাগডিসি’র পক্ষ থেকে মোট ১৮ হাজার ডলার ভ্যালেরির হাতে তুলে দেওয়া হয়, যা সিআরপি’র মাধ্যমে বাংলাদেশের দুস্থ ও পঙ্গু লোকেদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে। বাগডিসি’র পক্ষ থেকে জানানো হয় যে, এই দান সংগ্রহ করে দেশের দুস্থদের সেবায় সাহায্যের হাত বাড়াতে পেরে বাগডিসি আনন্দিত এবং ভবিষ্যতেও এমন মানব কল্যাণমূলক কাজ তারা অব্যাহত রাখবে।
সিআরপির ডিরেক্টর ভ্যালেরি টেইলর সিআরপি’র পক্ষ থেকে বাগডিসি’র এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা দেশের দুস্থ মানুষের প্রতি আপনাদের গভীর মমত্ববোধ, ভালোবাসা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ এবং সিআরপি’র সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি মানুষ আপনাদের এই দানের জন্য কৃতজ্ঞ।’