ভ্রমণ নিষেধাজ্ঞা আদালতে স্থগিত
যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর দেশজুড়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন। গত শুক্রবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর সিয়াটলের বিচারক জেমস রবার্টের দেওয়া এই স্থগিতাদেশের ফলে সাতটি মুসলিম দেশের নাগরিকেরা এখন দেশটিতে ঢোকার আইনি বৈধতা পেয়েছেন। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা ওই দেশগুলোর ভ্রমণকারীদের তাঁদের ফ্লাইটে বহন করা হবে বলে জানিয়েছে।
আদালতের রায়ের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা আবার বহাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল শনিবার এক টুইটার বার্তায় তিনি সংশ্লিষ্ট বিচারককে আইন কার্যকরের বিষয়টিকে ক্ষতিগ্রস্ত করার দায়ে অভিযুক্ত করেছেন। তাঁকে ‘তথাকথিত বিচারপতি’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই বিচারকের ‘হাস্যকর অভিমত আইনপ্রয়োগের বিষয়টিকে কার্যত যুক্তরাষ্ট্রের হাত থেকে কেড়ে নিয়েছে।’
ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসনের করা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক জেমস রবার্ট এ স্থগিতাদেশ দেন। তবে এ-সংক্রান্ত পুরো পর্যালোচনা এখনো বাকি আছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আরও কয়েকজন ফেডারেল বিচারক ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের বিরুদ্ধে আদেশ দিয়েছেন। কিন্তু জেমস রবার্টের আদেশ প্রভাব ও ব্যাপ্তির দিক থেকে আগেরগুলোকে ছাড়িয়ে গেছে।
এখন কেবল জরুরি স্থগিতাদেশের মাধ্যমেই ট্রাম্প প্রশাসন এ আদেশের কার্যকারিতা আটকাতে পারবে। দেশটির বিচার বিভাগ ইতিমধ্যে বলেছে, এর বিরুদ্ধে আপিল করা হবে।
গত ২৭ জানুয়ারি ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ দেশগুলোর ভিসা পাওয়া লোকজনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছিলেন না। অনেকে শেষ মুহূর্তে বিমানবন্দরে এসে আটক হন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণের কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত করা হয়। যুদ্ধকবলিত সিরিয়ার শরণার্থীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকাল।
ফেডারেল বিচারকের দেওয়া সাম্প্রতিক আদেশের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন বলেন, ‘এর মধ্য দিয়ে সংবিধান জয়ী হলো। কেউই আইনের ঊর্ধ্বে নয়—এমনকি প্রেসিডেন্টও নন।’ অভিযোগের শুনানির সময় তিনি বলেন, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অভিবাসী ও তাঁদের পরিবারের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে এবং বিশেষভাবে মুসলিমদের লক্ষ্যে পরিণত করেছে। এর জবাবে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ব্যাপক ক্ষমতা রয়েছে ও নিজ অধিকারবলেই তিনি মার্কিন নাগরিকদের রক্ষা করার জন্য এ আদেশ দিয়েছেন।
এ সময় বিচারক বলেন, অঙ্গরাজ্যের আনা অভিযোগের আইনি বৈধতা রয়েছে। এরপরই ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ দেন তিনি। অন্যদিকে ওয়াশিংটন ছাড়াও ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কসহ আরও কিছু অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। এর মধ্যে ভার্জিনিয়া, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস ও মিশিগানে করা মামলার শুনানি হয়েছে।
ওয়াশিংটনের গভর্নর জে ইনসলি বিচারকের আদেশকে স্বাগত জানিয়ে একে ‘বিশাল জয়’ বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্পের নির্বাহী আদেশ উল্টে দেওয়ার যুদ্ধ এখনো শেষ হয়নি। আরও অনেক কিছু করা বাকি আছে। আর ওয়াশিংটন রাজ্যের সলিসিটর জেনারেল নোয়াহ্ পারসেল বলেন, ‘এ দেশে আইনের শাসনের জন্য আজকের দিনটি অসাধারণ।’
এদিকে এক বিবৃতিতে প্রেসিডেন্টের দেওয়া নির্বাহী আদেশকে ‘আইনসম্মত ও যথাযথ’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, স্বদেশ ও মার্কিন নাগরিকদের রক্ষায় এমন আদেশ দেওয়ার সাংবিধানিক কর্তৃত্ব ও দায়িত্ব প্রেসিডেন্টের আছে।
ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে ওই সাতটি দেশে দেওয়া প্রায় ৬০ হাজার মার্কিন ভিসা বাতিল হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগ বলেছে, ওই ভিসাগুলো এখন আবার ইস্যু করা হবে আর সে ভিসা পাওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে ভ্রমণও করতে পারবেন।
বিমান সংস্থাগুলোর তৎপরতা
কাতার এয়ারওয়েজ গতকাল শনিবার জানিয়েছে, শিগগিরই ভ্রমণের বৈধ কাগজপত্র থাকা যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের পরিবহন শুরু করা হবে। বিমান সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়। একই দিনে এয়ার ফ্রান্স বলেছে, ট্রাম্পের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞায় আটকে থাকা নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে পৌঁছে দেবে তারা। সংস্থাটির মুখপাত্র হাভে এশলার জানিয়েছেন, শনিবার থেকেই আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবেন তাঁরা।
আরও পড়ুন: