মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন সুপ্রিম কোর্টের প্রতি গত বৃহস্পতিবার আহ্বান জানিয়েছে। দেশটির একাধিক নিম্ন আদালত ওই নিষেধাজ্ঞায় কয়েক দফা বাধা দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প গত জানুয়ারিতে এক নির্বাহী আদেশে ওই নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু বৈষম্যমূলক অভিযোগ এনে তীব্র সমালোচনা, গণবিক্ষোভ এবং বিভিন্ন বিমানবন্দরে বিভ্রান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত আদেশটির কার্যকারিতা আটকে দেন। সর্বশেষ ফোর্থ সার্কিট কোর্ট অব অ্যাপিলস নামের ফেডারেল আদালত ওই নিষেধাজ্ঞার ওপর দেশব্যাপী স্থগিতাদেশ বহাল রেখেছেন। এ ক্ষেত্রে ট্রাম্পের আদেশের আইনি অবস্থা জানতে চেয়ে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে।
বিচার বিভাগের মুখপাত্র সারাহ ইসগার ফ্লোরেস বলেন, প্রেসিডেন্ট নিজের দেশকে সন্ত্রাস থেকে নিরাপদ রাখতে নিজের আইনি ক্ষমতার আওতার মধ্যে থেকেই নির্বাহী আদেশটি দিয়েছেন। এ বিষয়ে ট্রাম্প প্রশাসন অত্যন্ত আত্মবিশ্বাসী।
ফোর্থ সার্কিট আদালত বলেন, ওই নির্বাহী আদেশের একটি অংশে সুনির্দিষ্ট কয়েকটি দেশের (ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন) নাম উল্লেখের বিষয়টি জাতীয় নিরাপত্তার চাইতে প্রেসিডেন্টের মুসলিম নিষেধাজ্ঞার প্রতিশ্রুতির প্রতি বেশি গুরুত্ব আরোপের প্রতিফলন করে।