প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বৈধতার কাগজপত্রহীন অভিবাসীদের বহিষ্কারে যে অভিযান চলছে, তাতে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে একদিকে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অন্যদিকে এই আদেশ প্রতিহত করার আন্দোলনও জোরদার হচ্ছে। এই প্রতিরোধ আন্দোলনে একটি প্রধান ভূমিকা নিয়েছে উপাসনালয়গুলো।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কারের আদেশে ভীত অভিবাসীদের আশ্রয় দিতে তারা বিশেষ ব্যবস্থা নিয়েছে। গির্জার নিজস্ব ভবনে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। সরকারি নির্দেশের বিরুদ্ধাচরণ হবে জেনেও তারা এই ব্যবস্থা নিতে চলেছে।
পাশাপাশি চলছে আইনি লড়াইয়ের প্রস্তুতি। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এ ব্যাপারে নেতৃত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রে যেসব মুসলিম বিদ্বেষপ্রসূত অপরাধের শিকার হয়েছে, তাদের সহায়তায় এগিয়ে এসেছে এসিএলইউ। সংগঠনটি ইতিমধ্যে অভিবাসীদের জন্য ‘হটলাইনের’ ব্যবস্থা করেছে। এ ছাড়া অভিবাসীদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মশালা ও তথ্য প্রচারের ব্যবস্থা করেছে। ১১ মার্চ তারা ‘প্রতিরোধ প্রশিক্ষণ’ দিবস পালন করতে যাচ্ছে।
অনেক শহরের পৌর নেতাও এই প্রতিরোধ আন্দোলনে যুক্ত হয়েছেন। রোববার নিউইয়র্কের কুইন্স বরো (পৌর অঞ্চল) প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজের আমন্ত্রণে এই পৌরসভার কেন্দ্রীয় দপ্তরে এক বহুজাতিক গণজমায়েত হয়। এতে অভিবাসীদের স্বার্থ রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এই শহরের রাজনৈতিক ও কমিউনিটি নেতারা।
ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসী বহিষ্কারের যে নীতিমালা প্রকাশ করেছে, তাতে অগ্রাধিকারের ভিত্তিতে ইতিপূর্বে অপরাধী হিসেবে সাজা পেয়েছেন, এমন ব্যক্তিদের বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া আদালতের রায়ে যাঁরা বহিষ্কারের নির্দেশ পেয়েছেন, তাঁরাও আশু বহিষ্কারের হুমকির মুখে। অভিবাসনবিরোধী এই অভিযানে ইতিমধ্যে কয়েক হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। তাঁদের অনেককে বহিষ্কারও করা হয়েছে। প্রধানত দক্ষিণ আমেরিকা থেকে আসা অভিবাসীরা এই অভিযানের শিকার হয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সালের পর বহিষ্কারের নির্দেশ পেয়েছেন এমন অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় ১০ লাখ। এদের অর্ধেকের বেশি মেক্সিকোর নাগরিক। এরপরেই রয়েছে এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাস থেকে আগত অভিবাসী। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বল্পসংখ্যক অভিবাসীও এই তালিকায় আছেন। নিউইয়র্ক টাইমস-এর তথ্য অনুযায়ী, অস্থায়ী বন্দিশালায় আটক অবৈধ অভিবাসীর সংখ্যা ১৩ হাজারের বেশি।
প্রধানত বড় কোনো অপরাধকর্মে যুক্ত ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে বহিষ্কারের কথা বলা হলেও চলতি অভিযানে যাদের আটক করা হচ্ছে, তাদের অনেকেই খুব সামান্য অপরাধে শাস্তিপ্রাপ্ত ব্যক্তি।