ভয়ংকর কয়েক মুহূর্ত

পাশের শ্রেণিকক্ষে একের পর এক গুলির শব্দ। ভয়ে সিঁটিয়ে যাচ্ছিলেন ক্যাসান্ড্রা ওয়েল্ডিং ও তাঁর সহপাঠীরা। শ্রেণিকক্ষের দরজা সব বন্ধ করে দিয়েছিলেন। আলো দেখে বন্দুকধারী আসতে পারে, তাই আলোও নিভিয়ে দেন। ভয়ে কেউ কোনো কথা বলতে পারছিলেন না। মা-বাবাকে মনে পড়ে ক্যাসান্ড্রার। সাবধানে তিনি ফোন করেন তাঁদের। বলেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’
ক্যাসান্ড্রা ভেবেছিলেন এটাই হয়তো মা-বাবার সঙ্গে তাঁর শেষ কথা। কিন্তু শেষতক বেঁচে গেছেন।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের উম্পকুয়া কমিউনিটি কলেজে এ ঘটনা ঘটে। কলেজে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে এক দুর্বৃত্ত। এএফপির খবরে জানানো হয়, এ ঘটনায় এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
অন্য একটি বার্তা সংস্থা অবশ্য নিহতের সংখ্যা ১৩ জন বলে জানিয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলির এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আবার এ ধরনের ঘটনা ঘটল। এটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটাকে বন্ধ করতে হবে। বন্দুকের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনার ব্যাপারে জোর দেন তিনি। এ জন্য আইন জোরদার করার কথা বলেন ওবামা।
ক্যাসান্ড্রা এই কলেজেরই শিক্ষার্থী। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভয়াবহ ওই মুহূর্তের স্মৃতি আওড়ান তিনি। ক্যাসান্ড্রা বলেন, পাশের শ্রেণিককক্ষে যখন একের পর এক গুলির শব্দ হচ্ছে, বাঁচার চেষ্টায় তাঁরা ব্যাকুল। গুলি থেকে রক্ষা পেতে ব্যাগগুলো তাঁরা বুকে চেপে ধরেন। সামনে এনে রাখেন বসার চেয়ার।
কলেজের আরেক শিক্ষার্থী ব্র্যাডি উইন্ডার স্থানীয় গণমাধ্যমকে বলেন, পাশের শ্রেণিকক্ষে গুলির শব্দ শুনে তিনি চমকে যান। প্রথমে ভেবেছিলেন কেনো টেবিল পড়ে গেছে বা কেউ মেঝেতে শব্দ করছে। শব্দ শুনে অবাক হয়েছিলেন শিক্ষকও। বাইরে কী হচ্ছে—উইন্ডারকে তিনি দেখে আসতে বলেন। বাইরে যেতে না যেতে গুলির শব্দ কানে আসে। এ সময় শিক্ষার্থীরা ‘গুলি গুলি’ বলে চিৎকার করে ওঠে। ব্র্যাডি এরপর আর দেরি করেননি। সঙ্গে সঙ্গে দরজার হুড়কো লাগিয়ে দেন। সে সময় আর চিন্তা করার সময় ছিল না। হয় লড়তে হবে, নয় পালাতে হবে। এ ছাড়া আর কোনো উপায় ছিল না।
এ সময় কলেজ চত্বরে অনেক শিক্ষার্থী ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। তাঁদের অনেকে কিছুই বুঝতে পারেননি। পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের শব্দ শুনে তাঁরা অবাক হন। জানতে পারেন—কী ভয়াবহ ঘটনা ঘটেছে।
লিউক রজার্স নামের এক শিক্ষার্থী বলেন, তাঁরা ঘটনাস্থল থেকে দূরে ছিলেন। প্রথমে ভেবেছিলেন কোনো ড্রিল মেশিনের শব্দ হচ্ছে। কারণ দুর্ঘটনার সময় তাঁরা কোনো সতর্ক-সংকেত শোনেননি। যখন তাঁরা ভবন থেকে বের হন, তখন পুলিশ মাথার ওপর হাত তুলে লাইন ধরে আসতে বলেন। ঘটনাস্থল পার হওয়ার সময় তাঁরা ছোপ ছোপ রক্ত দেখতে পান। সেখানে তখন তদন্তকাজ চলছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারেও অনেকে এই ভয়াবহ ঘটনার টুকরো বিবরণ তুলে ধরেছেন। কায়লা মেরি নামের এক শিক্ষার্থী লিখেছেন, ‘ঈশ্বর রক্ষা করুন। সে সময় শিক্ষার্থীরা প্রাণভয়ে ছুটোছুটি করছিল।’
ঘটনার পর কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করেন তাঁরা। জীবিত থাকার বিষয়টি যেন তখনো অবাস্তব। বাসে করে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এএফপি অবলম্বনে
আরও জানতে পড়ুন