ভয়েস অব আমেরিকায় রোহিঙ্গা ভাষায় সম্প্রচার শুরু

ভয়েস অব আমেরিকায় (ভিওএ) রোহিঙ্গা ভাষায় খবর ও চলতি ঘটনাবলি নিয়ে অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে।
গত ২৯ জুলাই বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে আন্তর্জাতিক বেতার তরঙ্গের মাধ্যমে এই সম্প্রচার শুরু হয়। এখন থেকে সপ্তাহে পাঁচ দিন, সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ৩০ মিনিট রোহিঙ্গা ভাষায় খবর ও চলতি ঘটনাবলি নিয়ে রেডিওর মাধ্যমে অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে।
রোহিঙ্গা ভাষায় ভয়েস অব আমেরিকায় রেডিও শো সম্প্রচারের প্রথম দিন নিজেদের ভাষায় খবর ও অনুষ্ঠানমালা শুনে কক্সবাজারের শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় রোহিঙ্গা ভাষার জন্য এটি একটি ইতিহাস রচিত হয়েছে বলেও মন্তব্য করেছেন রোহিঙ্গারা।
ভয়েস অব আমেরিকার সাংবাদিক মোয়াজ্জেম হোসাইন সাকিল বেশ কয়েকজন রোহিঙ্গা শ্রোতার সঙ্গে কথা বলে এ প্রতিক্রিয়া নিয়েছেন।
রোহিঙ্গা ভাষায় সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার উপলক্ষে ভয়েস অব আমেরিকার (ভিওএ) ডিরেক্টর আমান্দা বেনেট ও ভিওএ বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দার বিশ্বব্যাপী থাকা রোহিঙ্গাদের শুভেচ্ছা জানিয়েছেন। রোহিঙ্গা ভাষায় সংবাদ সম্প্রচারের দায়িত্ব পালন করছেন সামি আহমেদ ও মোহাম্মদ হোসেন। আর সংবাদদাতা হিসেবে কাজ করছেন মোহাম্মদ রোকন উদ্দিন ও মোহাম্মদ ইদ্রিস আবদুল্লাহ।
শর্টওয়েভ ৯৩১০ কিলোহার্জ এবং ৯৯৮০ কিলোহার্জ, ৩১ মিটার ব্যান্ডে অথবা ১১৫৭৫ কিলোহার্জ ২৫ মিটার ব্যান্ডে সময়সূচি অনুযায়ী রোহিঙ্গা ভাষায় খবর ও অনুষ্ঠানমালা শুনতে পারবেন শ্রোতারা। ভয়েস অব আমেরিকা (ভিওএ) হচ্ছে আমেরিকা সরকারের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন এবং সবচেয়ে বড় মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম। বিশ্বব্যাপী ভিওএ প্রায় অর্ধশত ভাষায় খবর ও চলতি ঘটনাবলি নিয়ে অনুষ্ঠানমালা সম্প্রচার করে।