ম আ মুকতাদিরকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ-পরবর্তী সিলেটের রাজনৈতিক অঙ্গনের তুখোড় সংগঠক অকালপ্রয়াত ম আ মুকতাদিরের স্মরণসভায় আলোচকেরা
মুক্তিযুদ্ধ-পরবর্তী সিলেটের রাজনৈতিক অঙ্গনের তুখোড় সংগঠক অকালপ্রয়াত ম আ মুকতাদিরের স্মরণসভায় আলোচকেরা

পরিবর্তনপ্রত্যাশী সংগ্রামীর ছড়িয়ে যাওয়া চেতনা তাঁর মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়ে যেতে পারে না। একজন খাঁটি বিপ্লবীর চেতনা ছড়িয়ে থাকে স্ফুলিঙ্গের মতো। স্থান-কালের পালা বদলে ধারণ করা চেতনায় পরিবর্তন প্রত্যাশীরা স্ফূলিঙ্গের মতো জ্বলে উঠতে পারেন। মানুষের অধিকার লড়াইয়ের সংগ্রামে কোনো আত্মদান বৃথা যায় না। যেতে পারে না।
মুক্তিযুদ্ধ পরবর্তী সিলেটের রাজনৈতিক অঙ্গনের তুখোড় সংগঠক অকালপ্রয়াত ম আ মুকতাদিরের স্মরণসভায় কথাগুলো বলেছেন বক্তারা। নিউইয়র্কের এস্টরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে ২৪ সেপ্টেম্বর এ স্মরণসভা হয়।
ম আ মুকতাদির মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা গাজি সামসুদ্দিন। সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আখতারুল আলম, মুজিবুর রহমান, আবদুল মালেক খান, মোশাররফ খান, জাকির হোসেন বাচ্চু, এমাদ চৌধুরী, আবদুল বাসেত, আবদুর রহিম, আবুল কালাম আজাদ ও কাইয়ুম চৌধুরী।
বক্তারা বলেন, আদর্শ ধারণ করে মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনতার অধিকার আদায়ে অবিচল ছিলেন। মুক্তিযুদ্ধ ফেরত সমাজ পরিবর্তনের এ সৈনিক বহু তরুণকে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখাতে পেরেছিলেন। স্বৈরাচারের তাড়া খেয়ে লন্ডনপ্রবাসী হয়েও ম আ মুকতাদির বর্ণবাদ বিরোধী আন্দোলনসহ প্রবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন সার্বক্ষণিক যোদ্ধা।
বক্তারা আরও বলেন, ম আ মুকতাদিরের সতীর্থ অনুরাগীরা আজ দেশে বিদেশে ছড়িয়ে আছেন। যেখানেই অন্যায়, অসাম্য—সেখানেই প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে মা আ মুকতাদিরকে স্মরণ করা হবে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামী উচ্চারণের মধ্য দিয়ে বিপ্লবী ম আ মুকতাদিরকে স্মরণ করা হবে।