মইজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা মিয়া মেম্বারের বউ কবিরাজ মইজী ওরফে শোভা বেগম। ষাটের কাছাকাছি বয়স। ১৪ বছর বয়সে বধূ হয়ে আসেন চন্দ গ্রামে। সোনা মিয়া মেম্বারের প্রথম দুপক্ষে সন্তানাদি না হওয়ায় মইজী শোভাকে বিয়ে করে আনে মেম্বার সোনা মিয়া। বিয়ের পর দুই সতিনের সঙ্গে কাইজ্যা লেগেই থাকত দেখে মেম্বার সাবের বানানো নতুন বাড়িতে বসত শুরু শোভা বেগমের। এক বন্যায় বানের পানিতে ভেসে আসা সাপের কামড়ে মারা যায় বড় সতিন মালা। চার বছর পর পাশের গ্রামে এক সালিস সেরে বাড়ি আসার পথে বিল পাড়ে খুন হয় মেম্বার সোনা মিয়া। পুলিশ মামলা নিয়ে দুদিন গ্রামে এসে বেশ কয়জনকে জিজ্ঞেস করে। পরে আর আসেনি।
পাশের বাড়ির আপন ভাতিজারা যেদিন সন্ধ্যায় তাদের মেম্বার চাচার জন্য গ্রামের মসজিদে মিলাদ পড়াল, তার পরদিন সকালে দ্বিতীয় পক্ষ দুটো পোঁটলা নিয়ে নৌকা চড়ে কই যে গেল, আজও কেউ জানল না। এরপর থেকে গ্রামের ছোট বড় সবার মইজী, শোভা বেগমের বাস ছোট্ট এই এক কোঠার ছনের বাড়িতে। মইজী ছিলেন গ্রামের পোয়াতিদের ভরসার একমাত্র জায়গা। এ ছাড়া গ্রামের সবার বিপদের কান্ডারি। ধনী গরিব যে কেউ ডাকলেই হাজির মইজী সবার দরজায়। ঝড় বৃষ্টি আর ভাদ্র মাসের আফাল কিছু আটকাতে পারত না শোভা বেগমকে। বিশেষ করে সন্তান প্রসবকালে মইজী সেবা দিতেন কিছু পাওয়ার আশা না করেই।
ভোরের আলো ফোটার আগেই মইজী ঘুরে আসতেন খালপাড়ের ৪/৫ ঘর নিয়ে সাত গ্রামের একমাত্র ঋষি পল্লি থেকে। সবাই ডাকে মুচি বাড়ি। মধ্যে ছোট একটি খাল পেরোলে মাস্টার বাড়ি। দূর থেকে পাওয়া শহর থেকে আনা চায়ের কষা আর পোড়া সুবাস মইজিকে টেনে নিয়ে যেতো মাস্টার বাড়ি। চায়ের সঙ্গে কোনো দিন এক টুকরা টোস্ট না হলে নারকেলের মালায় দুমুঠো মুড়ি। চা পর্ব শেষ করতে না করতে মনে পড়ে সৌদিপ্রবাসী আইনুদ্দিনের বউয়ের গতকালের তাগাদা। হাতে ধইরা বারবার বলেছিল, মইজী দোহাই আল্লার ভুইলেন না! কাইল আইসেন গো’।
দুই বছর পর পর আইনুদ্দিন বিদেশ থেকে বাড়ি এসে দুই মাস থেকে যায়। সৌদি থেকে ফোন করে জানতে চায়, বউ শরীর ভালা? জানতে চায় আরও অনেক খবর! বউ মদিনা দিতে পারে না স্বামীকে কোন খুশির খবর। স্বামী কয়, দিবো নে আল্লাহ, চিন্তা করিস না। সেই প্রবোধেও শান্তি পায় না মদিনা। আইনুদ্দি বলছে, কোরবানির ঈদে দেশে আইবো। মাত্র তিন মাস বাকি। মদিনার ভয়ে বুক কাঁপছে এখন থেকে। মইজীর কাছে সন্তান হওনের বনাজি ওষুধ আছে বলে শুনছে পাশের ঘরের টুনি চাচির থেকে। মইজীও বলছে, আমার কাছে ভালো জিনিস আছে, তয় সঙ্গে আরও ২/৩টি বিষয় লাগব। আনতে হবে গঞ্জের সোনা পট্টির এক দোকান থেকে। মইজী উঠতে না উঠতে বড় মাস্টারের বেগম আদরের ধমক দেন। এত অস্থির হইছো কেন মইজী? তোমার লগে কথা আছে। তবে আজ বলব না। সামনের জুম্মাবার সকাল সকাল আইসো। তখন বলব। শোভা ভাবতে ভাবতে মদিনার বাড়ির দিকে হাঁটতে থাকে। মাস্টার সাবের বাড়ির দুই বাড়ি পর গ্রামের বড় মসজিদের ইমাম সাবের বাড়ি। বাইরে গোচালায় বান্দা দুটো ইয়া বড় ষাঁড়, সঙ্গে বিদেশি দুধেল গাভি। ষাঁড় দুটিকে যত্ন করে খাওয়াইতেছে গত ছয় মাস ধরে। বড়–সড় করে কোরবানির ঈদে শহরে নিয়ে বেইচ্যা দিবো। গাভিরে রাখছে পরিবারের সবাই দুধ খাবে বলে। আর বাড়তি দুধ মাস্টার বাড়ি বিক্রি করে দেয়। হঠাৎ মনে হয় যাবে নাকি ইমাম বাড়ি? বাড়ির ছোট মেয়েটাকে দেখে আসবে! তিনটি বছর হয়ে গেল। অথচ সে দিনটির কথা কেমনে ভুলে মইজী শোভা।
এক সময় ইমাম বাড়িতে কাজ করত শোভা। মেম্বার মারা যাওয়ার পর। গ্রামে তো অন্যরে খাওন দিতে পারে পরিবার তখন মাত্র দুটো। মাস্টার বাড়ি আর ইমাম বাড়ি। ইমাম সাবের বাবা তখনো আছেন। হাঁটা চলা করতে ধরতে হয় মুরব্বিকে। সারা দিন বারান্দায় বসে হাঁক–ডাক করে বাড়ি মাথায় তোলেন। বিবি সাব বাতের ব্যথায় কাবু হয়ে বেশির ভাগ সময় বিছানায়। শোভারে দেখলেই ধমক আর ফরমাশ দিতেন বিরামহীন। এই বেটি এদিকে আয়। আমারে ধর, ঘরে যামু বলে ডাকতেন।
মুরব্বির চাহনি ভালো না। মনে হইতো ইবলিসে ভর করছে। তারপরও পেটের টানে সব সহ্য করছে অনেক দিন। শেষে আর পারেনি। ত্যক্ত হয়ে বিবি সাবরে বলেই পড়ল বিপদে। সবাই শুরু করল গালিগালাজ আর সব শেষে কয় বাড়ি থেকে বাহির হও হারামজাদি। বাবার ওপর বদনাম তুলেছে। এক বছর আর ওই দিকে যায়নি শোভা মইজী। এ–বাড়ি, ও–বাড়ি ফুট ফরমাশ করে। ঘর লেপে দেয়। রান্নায় হাত লাগায়। টুক–টাক করে কবিরাজি করে চলে।
সেই বছর বর্ষাকালে বলা নেই, কওয়া নেই আষাঢ় মাস শেষ হতে না হতেই অঝোর বৃষ্টি। দুই দিন পর নদী ফুলে একরাতে টইটুম্বর। উজান থেকে ঢল নামে বিশাল আকার নিয়ে। বৃষ্টি আর থামে না। বানের পানি উঠান ডুবিয়ে ভিটা ছুঁয়ে আছে। চৌকির ওপর বিছানাসহ বাসন–কোসন তুলে রাখবে বলে ভাবছে মইজী শোভা। দক্ষিণের হাওরজুড়ে বানের পানির খেলা। ঝর ঝর বৃষ্টিতে শোঁ শোঁ বাতাসের মধ্যে কেউ নেমে গেছে কোষা নৌকা নিয়ে নয়া পানিতে মাছ ধরবে বলে। খাল পাড়ের মসজিদ থেকে ভেসে আসছে আসরের আজান।
ঠিক তখনই মইজীর চোখে পড়ে হাঁটু পানি ভেঙে আসছে তফুর। ইমাম বাড়ির কাজের লোক। এতিম তফুর মানুষ হইছে বড় আম্মার (ইমাম সাবের মা) নিকট। বৃষ্টিতে ভেজা তফুর বানের পানি ভেঙে কাঁপা গলায় মাঝ উঠান থেকে ডাকছে, মইজী মইজী জলদি করে বের হন। ইমাম সাবের বিবির শরীর খুউব খারাপ। দাদি পাঠাইছে তোমারে নিয়া যাইতে, নতুন মেহমান আইবো, চলো মইজী চলো। মনে রাগ গোসা রাইখো না। জীবন–মরণ সমস্যা। শোভা মইজী ডান হাতে পানের বাটা নিয়ে টান দিয়ে দরজা বন্ধ করে লাফ দিয়ে বানের পানি ঠেলে এগোতে এগোতে বলে, না রে তফুর, আমি কারও ওপর রাগ–গোসা রাখি না। বেগম সাবের অনেক নুন খাইছি। জীবন–মরণে কি আমি বইস্যা থাকতে পারি? আমার অভিমানের দরজা বন্ধ হইছে অনেক আগে, অনেক আগে।