মগের মুল্লুক!

প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর হাতে দেশের সর্বময় নির্বাহী ক্ষমতা ন্যস্ত। সে ক্ষমতা ব্যবহার করে তিনি যেকোনো সময় রাশিয়ার সঙ্গে আঁতাতসংক্রান্ত তদন্ত বন্ধ করে দিতে পারেন, অথবা তদন্তরত বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারকে পদচ্যুত করতে পারেন। তিনি চাইলে এই তদন্তে দোষী সাব্যস্ত যে কাউকে ক্ষমা করতে পারেন। এমনকি তিনি নিজেকেও ক্ষমা করতে পারেন। যেহেতু প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দেশের বিচারব্যবস্থার প্রধান, তিনি দেশের প্রধান আইনপ্রয়োগকারী, সেহেতু কোনো বিচার-প্রক্রিয়ায় তাঁর বাধা দেওয়ার প্রশ্ন ওঠে না।
এ বছর জানুয়ারিতে রবার্ট ম্যুলারের কাছে এক ২২ পাতার চিঠিতে ট্রাম্পের দুই আইনজীবী এ ব্যাপারে তাঁদের যুক্তি তুলে ধরেছেন। একই চিঠিতে তাঁরা ম্যুলার তদন্তের সামনে জবাবদিহি করতে তিনি (অর্থাৎ ট্রাম্প) বাধ্য নন, এমন কথাও বলেছেন। ম্যুলার জবাবদিহির জন্য সমন জারি করলে তা উপেক্ষা করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তাঁকে দেশ চালাতে হয়, আমেরিকার নিরাপত্তা রক্ষা তাঁর দায়িত্ব। সমনের জবাব দেওয়ার সময় কোথায় তাঁর? ট্রাম্পের আইনজীবীরা ইঙ্গিত করেছেন।
নিউইয়র্ক টাইমস পত্রিকায় সে চিঠি প্রকাশিত হওয়ার পর এই নিয়ে আইনবিশেষজ্ঞদের মধ্যে প্রবল বাগ্বিতণ্ডা শুরু হয়েছে। নিউইয়র্কের সাবেক মেয়র, বর্তমানে ট্রাম্পের প্রধান ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি শনি ও রোববার একাধিক টিভি সাক্ষাৎকারে প্রেসিডেন্টের এই নির্বাহী ক্ষমতার পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে তিনি কবুল করেছেন, নিজেকে ক্ষমা করার কাজটা প্রেসিডেন্টের করা ঠিক হবে না। তেমন কিছু করলে কংগ্রেস তাঁর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিতে পারে। ‘নাহ, কাজটা ঠিক হবে না,’ তিনি বলেছেন।
অন্যান্য আইনজীবী এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। নিউইয়র্ক টাইমস পত্রিকায় সাবেক ফেডারেল অ্যাটর্নি ও উপসহকারী অ্যাটর্নি জেনারেল হ্যারি লিটম্যান বলেছেন, ট্রাম্প তো দেশের রাজা নন, তিনি দেশের আইনের ঊর্ধ্বে নন। একই যুক্তি দেখিয়েছেন মাদার জোন্স পত্রিকার সম্পাদক ডেভিড কর্ন। তিনি প্রশ্ন করেছেন, আমাদের দেশটা কি একনায়কতন্ত্রে পরিণত হতে চলেছে?
বামপন্থী হিসেবে পরিচিত ডেইলি কস মন্তব্য করেছে, ট্রাম্প আইনজীবীদের যুক্তি সত্যি হলে এ কথা প্রতিষ্ঠিত হয় যে প্রেসিডেন্ট শুধু মিথ্যাই বলতে পারেন তা-ই নয়, তিনি ইচ্ছা করলে যেকোনো সত্য গোপন করতে পারেন, অথবা প্রয়োজনে নিজে যেকোনো অপরাধ করতে পারেন।
মার্কিন শাসনতন্ত্রের দ্বিতীয় ধারায় ঠিক উল্টো কথাই বলা আছে। হ্যারি লিটম্যান স্মরণ করেছেন, এই ধারায় বলা আছে, দেশের আইন যাতে বিশ্বস্ততার সাথে অনুসৃত হয় তা নিশ্চিত করার দায়িত্ব প্রেসিডেন্টের। এই আইন তাঁর ক্ষেত্রেও প্রয়োগযোগ্য। তিনি সর্বময় নির্বাহী ক্ষমতার অধিকারী—এ যুক্তি সত্যি হলে কোনো সরকারি কাজ করতে গিয়ে উৎকোচ গ্রহণ করতে, অথবা কোনো ব্যক্তিকে সাক্ষী দেওয়া থেকে বিরত রাখতে তাঁকে ক্ষমা করে দিতে পারেন তিনি।
নিজেকে আইনের ঊর্ধ্বে দাবি করে ওয়াটারগেট কেলেঙ্কারি এড়াতে চেয়েছিলেন প্রেসিডেন্ট নিক্সন। নির্বাহী ক্ষমতার বলে তিনি সব আইনি-প্রক্রিয়া থেকে রক্ষা পেতে পারেন, মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর এই ক্ষমতা প্রত্যাখ্যান করেন। উল্লেখযোগ্য, ১৯৭৪ সালে আইন-প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে অভিশংসনের হুমকির মুখে নিক্সন নিজেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
প্রেসিডেন্ট দেশ চালাতে ব্যস্ত, অতএব সমনের জবাবে ম্যুলারের প্রশ্নের জবাব দিতে বাধ্য নন, সেই যুক্তিও ধোপে টেকে না। লিটম্যান মনে করিয়ে দিয়েছেন, যৌন নিপীড়নের অভিযোগের মুখে প্রেসিডেন্ট ক্লিনটনও একই যুক্তি দেখিয়ে ছিলেন, কিন্তু ১৯৯৮ সালে সুপ্রিম কোর্ট সে ওজর আমলে আনেননি।
ম্যুলার তদন্তের সামনে ট্রাম্পের প্রশ্নোত্তরে হাজির না হওয়ার ব্যাপারে তাঁর আইনজীবীরা আরও এক যুক্তি দেখিয়েছেন। রুডি জুলিয়ানি বলেছেন, প্রেসিডেন্টের স্মৃতি—তাঁর ‘রিকালেকশন’ পরিবর্তিত হতে পারে। একসময় যে কথা বলেছেন, পরে তা বদলে যেতে পারে। এই কারণে ট্রাম্পের উচিত হবে না ম্যুলারের প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়া। মিথ্যা হলফের অভিযোগে অভিযুক্ত হতে পারেন তিনি।
জুলিয়ানি হঠাৎ এমন অদ্ভুত যুক্তি কেন দেখাচ্ছেন, সে কথার ইঙ্গিত অবশ্য ট্রাম্পের আইনজীবীদের চিঠিতেই রয়েছে। এত দিন হোয়াইট হাউস থেকে বারবার বলা হয়েছে, ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্প-পুত্র ডোনাল্ড জুনিয়রের সঙ্গে ট্রাম্প টাওয়ারে এক রুশ আইনজীবীর যে সাক্ষাৎ হয়, সে ব্যাপারে ট্রাম্প কিছুই জানেন না। এই বৈঠকের খবর ফাঁস হওয়ার পর পত্রপত্রিকায় যে ব্যাখ্যা পাঠানো হয়, তা লেখার ব্যাপারেও ট্রাম্পের কোনো হাত ছিল না। কিন্তু এখন ট্রাম্পের আইনজীবীরা বলছেন সেই ব্যাখ্যার খসড়া ট্রাম্প নিজেই করেছিলেন। উল্লেখ্য, সেই বৈঠকের আগে রুশ আইনজীবী জানিয়েছিলেন তাঁর কাছে হিলারি ক্লিনটনের ব্যাপারে ‘ক্ষতিকর তথ্য’ রয়েছে। কিন্তু পত্রিকা পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছিল, সেখানে তাঁরা রুশ শিশুদের দত্তক গ্রহণের প্রশ্নে আলোচনা করেন।
সমস্যা হলো, ট্রাম্প এ ব্যাপারে কিছু জানেন না, সে কথা হলফ নিয়ে মার্কিন কংগ্রেসের সামনে এক শুনানিতে বলে এসেছেন ডোনাল্ড জুনিয়র। তিনি কংগ্রেসকে জানান, নিজ পিতাকে এ ব্যাপারে তিনি বিন্দুবিসর্গ জানাননি। ট্রাম্প নিজে হলফ নেননি, ফলে তিনি হলফ ভঙ্গ বা আইনি ভাষায় ‘পারজুরি’ করেননি দাবি করলেও ডোনাল্ড জুনিয়রের সেই সুযোগ নেই। এ কথা যদি প্রমাণিত হয় যে ট্রাম্প সেই মিথ্যা ব্যাখ্যার লেখক, তাহলে তাঁর বিরুদ্ধে সত্য গোপন ও বিচার-প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগ উঠতে পারে।