মঙ্গল গ্রহে আলু চাষ!

রিডলি স্কটের বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর চলচ্চিত্র দ্য মার্শিয়ান-এ এক উদ্ভিদবিজ্ঞানী লাল গ্রহ মঙ্গলে আলু চাষের পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। বাস্তবের বিজ্ঞানীরা এখন এ-সংক্রান্ত গবেষণা করছেন, যাতে চলচ্চিত্রের ওই ধারণা সত্যি হওয়ার পথে আরেক ধাপ অগ্রগতি হবে। খবর সিএনবিসির।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা এবং পেরু-ভিত্তিক আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি) পৃথিবীতে কৃত্রিমভাবে মঙ্গল গ্রহের মতোই পরিবেশ তৈরি করে সেখানে আলু চাষ শুরু করতে যাচ্ছে। তাঁরা আশাবাদী, এই প্রচেষ্টা সফল হলে ভবিষ্যতে মঙ্গল গ্রহেও আলু চাষ সম্ভব হবে।
বিজ্ঞানী দলটি গবেষণাগারে মঙ্গল গ্রহের মতো পরিবেশ তৈরি করবেন। এ ক্ষেত্রে পেরুর একটি বিশেষ মরুভূমির মাটি ব্যবহার করা হবে। কেননা, ওই মাটির সঙ্গে লাল গ্রহের মাটির মিল রয়েছে।
সিআইপির সাম্প্রতিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলের পরিবেশে অনেক বেশি মাত্রায় কার্বন ডাই-অক্সাইড থাকায় আলু চাষ সহজ হবে। পৃথিবীর স্বাভাবিক পরিবেশে আলুর ফলন অন্য খাদ্যশস্যের তুলনায় দুই থেকে চার গুণ বেশি হয়।
পৃথিবীর বাইরে মহাশূন্যে চাষাবাদের এই পরিকল্পনা সফল হলে তা হলে তা হবে মঙ্গল গ্রহ, চাঁদ ও সৌরজগতে মানব অভিযানের জন্য অন্যতম বড় অগ্রগতি।
নাসার আমেস গবেষণা কেন্দ্রের গ্রহ-বিষয়ক বিজ্ঞানী ক্রিস ম্যাককে বলেন, ‘অসাধারণ এই গবেষণা সৌরজগতে চাষাবাদের নতুন দিক উন্মোচন করতে পারে।’
সিআইপির প্রধান যোগাযোগ কর্মকর্তা জোয়েল র্যা ঙ্ক বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি বুঝতে এ গবেষণা সহায়তা করবে। তিনি বলেন, ‘আমরা মানুষকে উপলব্ধি করাতে চাই যে, যদি মঙ্গল গ্রহের মতো চরম প্রতিকূল পরিবেশে আলুর চাষাবাদ সম্ভব হয়, তাহলে পৃথিবীতেও মানুষের জীবন বাঁচানো সম্ভব।’