মজুমদার ফাউন্ডেশনের শিক্ষা সরঞ্জাম বিতরণ ২৯ আগস্ট
নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মজুমদার ফাউন্ডেশন আগামী ২৯ আগস্ট বিনা মূল্যে শিক্ষা সরঞ্জাম বিতরণ করবে।
ওই দিন বিকেলে ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের কাছে হোয়াইট প্লেনস রোড ও ওয়েস্টচেস্টার অ্যাভিনিউর আতাউল চৌধুরী তুষারের মেডিকেল অফিসের সামনের পার্কিং লটে এই শিক্ষা সরঞ্জাম বিতরণ করবে সংগঠনটি।
মজুমদার ফাউন্ডেশন পঞ্চম বার্ষিক শিক্ষা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দকেও সম্মাননা জানানো হবে। একই অনুষ্ঠানে বিনা মূল্যে খাদ্য সামগ্রীও বিতরণ করা হবে।
২ আগস্ট সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—মজুমদার ফাউন্ডেশনের সেক্রেটারি নুহেল চৌধুরী, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এম ফাইয়াজুল করিম, ডিরেক্টর রাশেদ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, কমিউনিটি অ্যাকটিভিস্ট মো. শামিম মিয়া, মনজুর চৌধুরী, জামাল হুসেন, এ ইসলাম মামুন, সোহান আহমেদ, নূরে আলম, আসাদুজ্জামান, জালাল চৌধুরী, এম বি তুষার, কামাল উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিকটিমদের সহায়তা প্রদান অন্যতম।
মোহাম্মদ এন মজুমদার আরও বলেন, প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই বিনা মূল্যে শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এবার এক হাজার শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হবে বলে তিনি জানান।
নিউইয়র্কে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই-আগস্ট গ্রীষ্মের ছুটি আগামী ১৩ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।