মজুরি বাড়ছে উবার ও লিফট চালকদের
অ্যাপসভিত্তিক জনপরিবহন ব্যবস্থার সংস্কার করে চালকদের মজুরি ২২ শতাংশ বা ঘণ্টায় আয় ন্যূনতম ১৭ দশমিক ২২ ডলার করার জন্য একটি সুপারিশ বাস্তবায়নে কাজ করছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। এই সুপারিশ বাস্তবায়ন হলে সব খরচ বাদ দিয়ে উবার ও লিফট চালকদের বছরে ৬ হাজার ৩৪৫ ডলার বাড়তি আয় যোগ হবে।
নিউইয়র্ক টাইমস এ খবর দিয়ে বলেছে, নগর প্রশাসন চালকদের সার্বিক আয় বাড়াতে যে চেষ্টা করে যাচ্ছে, এই সুপারিশের মাধ্যমে তা বাস্তবায়ন হতে পারে। অবশ্য মজুরি বৃদ্ধির এই উদ্যোগ নিয়ে ভিন্ন মত আছে অনেকের।
বর্তমানে চালকদের ঘণ্টাপ্রতি আয় ১৪ ডলারের কিছু বেশি। অনন্য খরচ বাদ দিয়ে উবার/লিফট চালকেরা খুব বেশি অর্থ
ঘরে তুলতে পারেন না। কঠোর নিয়মনীতি ও মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রিত থাকে তাদের আয় ও কর্মঘণ্টা। ফলে মুনাফার বেশির ভাগই চলে যায় নিয়ন্ত্রক সংস্থার পকেটে। এক হিসেবে বলা হয়েছে, উবারের সবচেয়ে বড় মার্কেট নিউইয়র্কে গড়ে প্রতিদিন ১০ হাজার রাইড বা সার্ভিস গণনা হয়। সেখান থেকে বছরে ২০০ কোটি ডলার আয় হয়। এর মধ্যে ৩৭ কোটি ৫০ লাখ ডলার কেটে রাখে উবার প্রতিষ্ঠান, যদিও এর পরিচালনা ব্যয় ৫ কোটি ডলারের নিচে। অনেক বেশি খরচ আর জনবল বিনিয়োগ করেও এই বিপুল অর্থ আয়ের সুযোগ পায় না যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান আমাজনও। গবেষণায় সুপারিশ করা হয়েছে, নতুন নিয়মের মাধ্যমে উবারের পরিচালনা প্রতিষ্ঠানের মুনাফা কেটে এই অর্থ চালকদের পকেটে রাখার সুযোগ আছে।
তবে, নতুন নিয়ম প্রবর্তিত হলে চালকদের শ্রমের পরিধি আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করেছেন একজন আইনজীবী। নিউইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্স-এর একজন জ্যেষ্ঠ আইনজীবী জুবিন সুলেমানি বলেন, এর মাধ্যমে একজন চালককে বেশি পরিশ্রম করা লাগতে পারে। এমনিতেই চালকেরা বাড়তি আয়ের জন্য তাদের স্বাধীনতা খুইয়েছেন। এই পরামর্শ বাস্তবায়ন হলে বাড়তি অর্থ দিতে গিয়ে উবার কর্তৃপক্ষ আরও বেশি পরিশ্রম করিয়ে নেবেন। তবে, গবেষক মিশেল রেচ অবশ্য তার গবেষণায় দাবি করছেন, যদি বাড়তি পরিশ্রম নাও করেন, তবুও ঘণ্টা প্রতি ন্যূনতম মজুরি ১৭ দশমিক ২২ ডলার আয় করবেন চালকেরা। আর এখনকার চেয়ে ঘণ্টা প্রতি আড়াই মিনিট বেশি পরিশ্রম করে (বিশ্রাম বা অন্য কাজে কর্মঘণ্টা কমিয়ে দেওয়া) আগের চেয়ে সাড়ে ২২ শতাংশ বেশি আয় করার বিধানের কথা বলা হয়েছে।
নিউইয়র্ক সিটি অ্যাফেয়ার্স অ্যাট দি নিউ স্কুলের অধ্যাপক ড. জেমস প্যারোট ও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলের অধ্যাপক মিশেল রেচ মিলে নিউইয়র্ক নগর সিটি প্রশাসনের জন্য এই গবেষণাপত্র দাঁড় করিয়েছেন। এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নিউইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্স নতুন এই গবেষণার তথ্য হাতে পেয়েছে যার সূত্র ধরেই প্রতিবেদন তৈরি করেছে নিউইয়র্ক টাইমস।
লিফট-এর মুখপাত্র আড্রিয়ান ডুরবিন বলছেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হাতে পাইনি। তবে দেখেশুনে মনে হচ্ছে, সরকার চাইছে চালকেরা এখনকার মতো পরিশ্রম করেই যেন আরও বেশি বেশি আয় করতে পারে। আমরা সরকার এবং প্রশাসনের বিধিবিধান মেনেই আমাদের সার্ভিস চালাতে চাই।’
অন্যদিকে ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের প্রধান ভৈরবী দেশাই কোনো রকম মন্তব্য করতে রাজি হননি। তবে, ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স অ্যাসোসিয়েশন চালকদের খরচাপাতির হিসাব ছাড়া বর্তমানের আয় ২৫ শতাংশ বৃদ্ধির জন্য যে আন্দোলন করছেন, সেই দাবির সঙ্গেই এই সুপারিশ অনেকটা সংগতিপূর্ণ বলে মনে করছে সংগঠনটি।
উবার ও লিফট-এর সবচেয়ে বড় বাজার নিউইয়র্ক। এই পেশায় হাজার হাজার বাংলাদেশিসহ অভিবাসী মানুষ ও ছাত্ররা কাজ করছেন। কিন্তু বেশি পরিশ্রমের পরও আশানুরূপ আয়ের ব্যাপারে বরাবরই তারা অভিযোগ করে আসছেন। আর ট্যাক্সিক্যাব চালকদের অবস্থা আরও ভয়াবহ। আর্থিক অসচ্ছলতার কারণে ক্ষোভে-দুঃখে গত ৬ মাসে নিউইয়র্কে অন্তত ৬ জন ট্যাক্সিক্যাব চালক আত্মহত্যা করেছেন।