মজুরি বৃদ্ধির উল্টো পিঠ দেখছে মানুষ
নিউইয়র্ক, ম্যাসাচুসেটসসহ আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ন্যূনতম মজুরি বৃদ্ধিতে খুশি হয়েছিল চাকরিজীবী মানুষ। এখন তারা মজুরি বৃদ্ধির উল্টো দিক দেখতে শুরু করেছে। গত ফেব্রুয়ারি থেকে নিউইয়র্কে অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়েছে চাকরির বাজার। চাকরি হারাচ্ছে মানুষ। বন্ধ হয়ে যাচ্ছে নগরের কফি শপ, রেস্তোরাঁ, স্টোর। কমে গেছে কর্মঘণ্টা। ছোট হয়ে আসছে চাকরির বাজার। আমেরিকার বড় বড় প্রতিষ্ঠান নিয়োগের বিজ্ঞাপন দিলেও তুলনামূলকভাবে নিয়োগ দিচ্ছে কম।
রেস্তোরাঁসহ ফাস্টফুডের দোকানে কর্মরত বেশ কিছু প্রবাসী বলছেন, তাঁদের কর্মস্থলে কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। ফলে ন্যূনতম মজুরি বৃদ্ধি পেলেও তারা সপ্তাহে আয় কম করছেন। ন্যূনতম মজুরির কর্মক্ষেত্রও এখন সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে আগের মতো চাহিদা অনুযায়ী চাকরি পাওয়া যাচ্ছে না। গোলাম মওলা নামের এক প্রবাসী বলেন, দুই বছর আগেও তিনি রেস্তোরাঁয় সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজ করতেন। এখন তাঁকে কাজ দেওয়া হচ্ছে মাত্র ২৪ ঘণ্টা। কর্মঘণ্টা কমায় আয়ের ওপর চাপ পড়েছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সেবা খাতের এই কর্মজীবীর।
অর্থনীতিবিদদের মতে, ন্যূনতম মজুরি বৃদ্ধির ভালো ও খারাপ দিক রয়েছে। সুন্দর দিক হলো, অতিরিক্ত অর্থ কর্মীদের পকেটে যায়। কুৎসিত দিক হলো, নতুন করে বাড়া কর্মীদের বেতন ছোট ব্যবসার জন্য সুনামির মতো বিপদ ডেকে এনেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির কারণে স্বাস্থ্যসেবা ব্যয় বাড়ছে। পাশাপাশি বাড়ছে দোকান ভাড়া। এসব চাপে ভারসাম্য হারিয়ে বন্ধ করে দিতে ছোট ব্যবসাপ্রতিষ্ঠান।
কিছু কিছু ব্যবসার জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধি করায় ব্যবসার স্থিতিশীলতা নষ্ট হয়েছে। বোস্টনের আইকনস্টিক রেস্টুরেন্ট দুর্গিন পার্ক দুই শতাব্দী ধরে ব্যবসা করে আসছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তারা বলছে, মজুরি বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা প্রিমিয়ামের উচ্চমূল্য তারা সামাল দিতে পারছে না।
দুর্গন পার্কের এ ঘটনা বোস্টনের দোকান মালিক ও সেখানে যারা কাজ করছে, তাদের জন্য বড় ধাক্কা। দৃশ্যত, ন্যূনতম মজুরি বৃদ্ধি মালিক–কর্মী দুই পক্ষকে বিপদে ফেলেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধি অন্যান্য ছোট ব্যবসার জন্য এখন ব্যবসায়ে থাকা না–থাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মালিকেরা উচ্চবেতন সামাল দিতে না পেরে কর্মীদের কর্মঘণ্টা কমাতে বাধ্য হয়েছে। লং আইল্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজির মালিক ক্রিস বলেন, ‘আমরা ব্যবসা করতে চাইলে পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে প্রথমে আমাদের ‘ওভারটাইম’ কাটাতে হবে। পরে আমাদের কম মানুষ দিয়ে বেশি কাজ আদায় করতে হবে।’
নিউইয়র্কে প্রতি বছরই মজুরির হার বাড়ছে। এখন ১৫ ডলারের ন্যূনতম মজুরির জন্য আমেরিকাজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। গত ৩১ ডিসেম্বর নিউইয়র্ক নগরে ন্যূনতম মজুরি ১৫ ডলারে উন্নীত করা হয়। সঙ্গে সঙ্গে বেড়ে উঠে স্বাস্থ্যসেবার প্রিমিয়াম। সবকিছু মিলে নগরের ছোট ব্যবসাপ্রতিষ্ঠান আর্থিক ক্ষতিতে পড়েছে, যার ফলে নিউইয়র্ক নগরের তিন-চতুর্থাংশ রেস্তোরাঁর মধ্যে ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টায় ১৫ ডলার হওয়ায় শ্রমঘণ্টা কাটা হচ্ছে।
নিউইয়র্ক নগরের হসপিটালিটি অ্যালায়েন্সের একটি জরিপ অনুযায়ী ৭৬ দশমিক ৫ শতাংশ পূর্ণসেবা (রেস্তোরাঁ+হোটেল) মালিকেরা বলেছেন, তাদের কর্মীদের কর্মঘণ্টা কাটাতে হবে এবং অন্য ৩৬ শতাংশ বলেছিলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রতিক্রিয়ায় তারা কর্মী ছাটাই করবেন। তথ্য মতে, যেখানে ২০১২ সালে নিউইয়র্ক নগরে পূর্ণ সেবা রেস্তোরাঁর চাকরি ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু গত দুই বছরে মাত্র ২ শতাংশ বেড়েছে।
সব অর্থনীতিবি বুঝতে চান না, শ্রম সমস্যার বর্তমান সমস্যার অন্যতম প্রধান কারণ ন্যূনতম মজুরি বৃদ্ধি। নিউইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড বিজনেস ফোরকাস্টার ফাইন্যান্সের অধ্যাপক পল আর কুটাসোভিচ মনে করেন, নিউইয়র্ক নগরের ব্যবসার শ্রম সমস্যা শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে মার্কিন অর্থনীতিতে ১ লাখ ৯৬ হাজার নতুন চাকরির বাজার যোগ হয়েছে, যা কিনা গত ফেব্রুয়ারিতেও ছিল ৩৩ হাজার। ফলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, চাকরির বাজারে ঊর্ধ্বগতি। কিন্তু বাস্তবতা হচ্ছে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখনো তুলনামূলক কম মানুষ নতুন চাকরিতে নিয়োগ পাচ্ছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, বেকারত্বের হার এখনো ৩ দশমিক ৮ শতাংশ। গত মার্চে নিয়োগের হার বেশ ভালো ছিল। গত মাসের প্রথম দিকে ১ লাখ ৮০ হাজার নতুন চাকরি সুযোগ সৃষ্টি হয়। ২০১৮ সালে যা ছিল ২ লাখ ২৩ হাজার। অর্থনীতিবিদরা চলতি বছরে বড় ধরনের মন্দার আশঙ্কা করছিলেন। সব ধরনের লক্ষণ ধীরে ধীরে মন্দার দিকে গেলেও ২০১৯ সালে পিছিয়ে পড়া অর্থনীতি ঝুঁকে মুখে পড়েছে বলে মন্তব্য করার মতো সময় এখনো আসেনি।
সেন্ট্রাল ফ্লোরিডা ফর ইকোনমিক ইনস্টিটিউটের ইউনিভার্সিটির পরিচালক শান সনাথ বলেন, ‘চাহিদার তুলনায় চাকরির বাজার কম তৈরি হয়েছে। তাই সত্যিকারের বাস্তবায়ন চোখে পড়ে না। চাকরির বাজার জনগণের কাছে লুকিয়ে রাখার বিষয় নয়। নিয়োগ দেওয়ার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করা উচিত। আশ্বস্ত হওয়ার কিছু বিষয় ইতিমধ্যে চোখেও পড়েছে। যেমন আফ্রিকান আমেরিকানদের বেকারত্বের হার ২০১৮ সালের মে মাসে ৭ শতাংশে গিয়ে দাঁড়িয়েছিল। এখন তা ৬ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।
পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চলতি বছরের ফেব্রুয়ারিতে মাত্র ১ হাজার লোক নিয়োগ দিয়েছে। তবে এ খাতে মার্চে ৬ হাজার কর্মী চাকরি হারিয়েছে। এ জন্য গ্লোবাল উৎপাদন দুর্বলতা ও মাউন্টিং শিল্পের ওপর সরকারের শুল্ক করারোপকে দায়ী করা হচ্ছে। ওহাইওর জেনারেল মটরস লর্ডস্টাউন কোম্পানির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
২০১২ সালের জানুয়ারিতে খুচরা যন্ত্রাংশ বিক্রি বন্ধ হয়ে গেলে মানুষ চাকরি হারাতে থাকে। এর জের ধরে মার্চে এই খাতে আরও ১২ হাজার চাকরির সুযোগ কমে যায়। ব্যুরো অফ লেবার স্ট্যাটিকসের তথ্য মতে, ২০০২ থেকে ২০১০ পর্যন্ত ২ দশমিক ৩ শতাংশ মানুষ বেকার ছিল। সেখানে মাঝের বছরগুলোতেও একই অবস্থা বজায় ছিল। তবে ২০১৯ সালের মার্চে এসে বেকারত্ব ১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে যা সত্যিই আশার কথা বলে অনেকে মনে করেন।
পরিবারভিত্তিক ছোট ছোট জরিপের ভিত্তিতে জানা যায়, কর্মক্ষম শ্রমশক্তির তুলনায় এখনো চাকরির বাজারের সংখ্যা কম। যদি বিগত বছরগুলোর প্রবণতা চলতে থাকে, তা শ্রম বাজারে চরম অস্থিরতার সৃষ্টি করবে বলে অর্থনীতিবিদরা মনে করেন। এ ছাড়া কাঠামোগত চ্যালেঞ্জ দুর করে সব খাতে দায়িত্বশীল ভূমিকা নিয়ে নতুন চাকরির বাজার তৈরি করতে হবে বলে বিশেষজ্ঞরা বলছেন। আমেরিকায় সাম্প্রতিক সময়ে ৭৯ শতাংশ শিক্ষিত কর্মক্ষম মানুষের মধ্যে ৯ দশমিক ৬ শতাংশ মানুষ এখনো বেকার।