মঞ্চ মাতাল বিসিসিডিআই বাংলা স্কুলের শিক্ষার্থীরা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য তাসের দেশ-এর অনবদ্য পরিবেশনায় মঞ্চ মাতিয়েছে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা বিসিসিডিআই বাংলা স্কুলের খুদে শিক্ষার্থীরা। ২১ অক্টোবর সন্ধ্যায় ভার্জিনিয়ার আর্লিটনে কেনমোর মিডল স্কুলে অনুষ্ঠিত হয় ২৭তম উপহার বাংলাদেশ মেলা।
বিসিসিডিআই বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এই উপহার বাংলাদেশ মেলায় বাংলা স্কুলের খুদে শিক্ষার্থীদের মন মাতানো নাচেগানে পরিবেশিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য তাসের দেশ। বাংলা স্কুল ড্যান্স একাডেমির কোরিওগ্রাফিতে নৃত্যনাট্যের পরিচালনায় ছিলেন মুক্তা বড়ুয়া ও সার্বিক নির্দেশনায় ছিলেন শামীম চৌধুরী।
খেয়ালি স্বভাবের এক রাজপুত্র। অস্থির ও চঞ্চল প্রকৃতির রাজপুত্রের মধ্যে নেই কোনো নিয়মের বালাই। হঠাৎ মনে হলো রাজ্য ছেড়ে অন্য কোথাও যাবেন। যেই ভাবা সেই কাজ। সঙ্গীকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে রাজপুত্র পৌঁছালেন নিয়মের রাজ্য ‘তাসের দেশে’। যেখানে নিয়মনীতি ছাড়া কিছুই চলে না। অথচ রাজপুত্রের আগমনে ঘটল নিয়মের ব্যত্যয়ে। তাদের দ্বারা প্রভাবিত হলো তাসের দেশের অনেকেই। এ নিয়ে উদ্বিগ্ন রাজসভাও, ডাকা হলো বৈঠক। সবাই নিয়মের পক্ষে থাকলেও তাসের দেশের রানি চলে গেলেন রাজপুত্রের পক্ষে। এমনই ব্যঙ্গ-বিদ্রূপে রচিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য তাসের দেশ নিয়ে ২৭তম উপহার বাংলাদেশ মেলার মঞ্চে হাজির স্কুলের শিক্ষার্থীরা। অনবদ্য পরিবেশনায় মুগ্ধ উপস্থিত দর্শকেরা।
আমেরিকায় থেকেও দেশীয় সংস্কৃতির চর্চা করাটা নিঃসন্দেহে অনেক কষ্টসাধ্য একটি বিষয়। যেখানে রক, পপ আর ওয়েস্টার্ন মিউজিকের সংস্কৃতিতে ডুবে থাকার কথা সেখানে শিকড়কে ধরে রাখা আর শিকড়ের সঙ্গে সম্পৃক্ত থাকাটা চেতনা ও দেশপ্রেমের বিষয়। বাঙালিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়েই দেশের মঞ্চ কাঁপালেন আমেরিকার রাজধানী ওয়াশিংটনের বাংলা স্কুলের খুদে শিল্পীরা। কবিগুরুর নৃত্যনাট্য তাসের দেশ-এর মঞ্চায়নে দেশের প্রতি ও রবীন্দ্রনাথের প্রতি গভীর মমত্ববোধই তুলে ধরলেন বিসিসিডিআই ও বাংলা স্কুলের শিল্পীরা।

সমাজের তৈরি কঠিন বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়ে যান্ত্রিক হয়ে যায় মানুষ, হারিয়ে ফেলে নিজস্ব বোধশক্তি। কী করে নতুন ও তারুণ্যের উদ্দীপনা তাদের এই বন্দিত্ব থেকে মুক্তি এনে দেয়, তারই ব্যঙ্গাত্মক প্রকাশ রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ। নৃত্যনাট্যের অভিনয়শিল্পীরা হলেন দর্পণ, নোরা, অংকিতা, তানিশা, লাবিবা, ইসরা, সাবরিনা, হৃদিতা, জেসিকা নাজিলা, অদ্রিজা, অরিত্রি, অনুভা, ইয়াশা, মরিয়ম শুসান্তিকা, রানীতা, অহনা অনিটা, নায়লা, তাসনুভা, অবন্তিকা, নাইমা, অনুশা ও বাংলা স্কুলের ড্যান্স একাডেমির খুদে শিক্ষার্থীরা।
‘তাসের দেশ’ পরিবেশনার পূর্বে বাংলা স্কুল মিউজিক একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে। এই পর্বে বাঁশিতে সংগত করেন মোহাম্মদ মজিদ, গিটার মোহাম্মদ হুদা, মন্দিরায় জয় দত্ত বড়-বড়ুয়া, ঢোল হিমু রোজারিও, অক্টোপ্যাড আরিফুর রহমান, তবলায় ওস্তাদ আশীষ বড়-বড়ুয়া ও ভায়োলিনে ছিলেন দিবিয়া ও পরাগ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক ওস্তাদ নাসের চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলা স্কুলের অধ্যক্ষ শামীম চৌধুরী, বাংলা শিক্ষক আতীয়া মাহজাবীন, তানিয়া খান, বাংলা ও পালী ভাষার শিক্ষক নিভা বড়ুয়া, বাংলা ও আরবিবিষয়ক শিক্ষক ফারজানা সুলতানা, সংস্কৃতি ও বাংলা শিক্ষক জয়িতা দাস গুপ্ত, মিউজিক একাডেমির পরিচালক নাসের চৌধুরী, ড্যান্স একাডেমির পরিচালক মুক্তা বড়ুয়াকে কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারে ভূষিত করা হয়।
এ ছাড়া পুরস্কার গ্রহণ করেন অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর মোহাম্মদ হুদা, গোল্ড স্পনসর আনিস খান, সিলভার স্পনসর দিলাল আহমেদ। কমিউনিটিকে বিশেষ সেবাদানের জন্য অ্যাওয়ার্ড গ্রহণ করেন অ্যান্থনি পিয়ুস গোমেজ, হিরা খান, তাসলিম হাসান, বোরহান আহমেদ, রেদওয়ান চৌধুরী ও কামরুল ইসলাম কামাল।