মডার্নার টিকা নেওয়ার পরই চিকিৎসক অসুস্থ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মডার্নার টিকা নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন এলাকার চিকিৎসক। নেওয়ার পরেই ঘটে বিপত্তি। টিকা নেওয়ার পরেই হোসেন সদরজাদেহ নামের ওই চিকিৎসকের শরীরে অ্যালার্জিজনিত নানা প্রতিক্রিয়া শুরু হয়।
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে রয়টার্সের আজ শনিবারের খবরে জানানো হয়, হোসেন সদরজাদেহ বোস্টন মেডিকেল বয়স্কদের ক্যানসারবিষয়ক ফেলো (জেরিয়াট্রিক অনকোলোজি)। চিকিৎসক হোসেন বলেছেন, টিকা নেওয়ার পরপরই তাঁর প্রতিক্রিয়া শুরু হয়। তিনি অসুস্থবোধ করেন ও হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক হয়ে যায়।
মডার্নার টিকা প্রয়োগের প্রথম সপ্তাহে এই প্রথম প্রকাশ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানানো হলো। বোস্টন মেডিকেল সেন্টারের মুখপাত্র ডেভিড কিবে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানান, চিকিৎসক হোসেন বুঝতে পেরেছেন, তাঁর অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়েছে। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় ও চিকিৎসা দেওয়া হয়। তিনি পরে সুস্থবোধ করেন। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কর্মকর্তা গত সপ্তাহে বলেছেন, ফাইজার ও বায়োএনটেকের টিকা নেওয়ার পর দেখা দেওয়া পাঁচ ধরনের অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া নিয়ে তাঁরা গবেষণা চালাচ্ছেন।