মতিঝিল কলোনিতে সুরের উচ্ছ্বাসে প্রাণের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উডসাইডের গুলশান টেরেসে মতিঝিল কলোনি উত্তর আমেরিকাপ্রবাসী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে অতিথিরা
উডসাইডের গুলশান টেরেসে মতিঝিল কলোনি উত্তর আমেরিকাপ্রবাসী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে অতিথিরা

বাংলাদেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন ও জানে আলমের নাচে-গানে জমে উঠেছিল মতিঝিল কলোনি। সংগীতের মোহময় সুরে প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন উত্তর আমেরিকার প্রবাসীরা।
৯ জুলাই মধ্যরাত পর্যন্ত উডসাইডের গুলশান টেরেসে সুরের জাদুতে দর্শকদের মোহিত করে রাখেন এই দুই শিল্পী। সংগীতের সঙ্গে ছিল স্মৃতিচারণা ও গল্প। টানা পাঁচ ঘণ্টার অনুষ্ঠানে সংগীত আর স্মৃতিচারণা আয়োজকদের সব ক্লান্তি মিশিয়ে দেয়।
প্রথমবারের মতো মতিঝিল কলোনি উত্তর আমেরিকাপ্রবাসী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে বিভিন্ন রাজ্য ছাড়াও কানাডা থেকে ছুটে এসেছিলেন অনেক বাংলাদেশি। তাঁরা বারবার মঞ্চে উঠে স্মৃতিচারাঁ করেছেন। নিজেরা আনন্দ করেছেন, অন্যদেরও আনন্দে ভাসিয়েছেন, আবেগতাড়িত করেছেন।
অনুষ্ঠানে আসা অতিথিদের ভাষায়, মতিঝিল কলোনি উত্তর আমেরিকাপ্রবাসীদের মিলনমেলা নিউইয়র্কের আলোচিত অনুষ্ঠান হয়েছে। মধ্যরাত পর্যন্ত বেবী নাজনীন ও জানে আলমের গান মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন কলোনিবাসী ও আমন্ত্রিত অতিথিরা।
রাত সাড়ে ১১টার দিকে যখন বেবী নাজনীন মঞ্চে ওঠেন তখনো গুলশান টেরেসের হলরুম ভর্তি ছিল কানায় কানায়। রবীন্দ্রসংগীত দিয়ে শুরু করেন বেবী নাজনীন। একে একে তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এর মধ্যে ‘কাল সারা রাত’ ‘মরার কোকিলে’ গানের সঙ্গে সঙ্গে কলোনিবাসী নেচে-গেয়ে আনন্দ করেছেন। এর আগে ‘একটি গন্ধমের লাগিয়া’ এবং ‘দয়াল বাবা কেবলা কাবা’ শিল্পীখ্যাত জানে আলম পরিবেশন করেন তাঁর জনপ্রিয় গানগুলো।
কলোনির সদস্য ও পপসম্রাট আজম খানের ‘ওরে সালেকা ওরে মালেকা’সহ তিনটি গান পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী জাকারিয়া মহিউদ্দিন। উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীদের মধ্যে কামরুজ্জামান বকুল এবং শাহ মাহবুবও সংগীত পরিবেশন করেন। কলোনিবাসী শারমীন মহসিন শর্মী ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ ও কলোনির সংগীতশিল্পী বীণা আহমেদ ‘আমায় একটা মা দে না’ গান পরিবেশন করে সবাইকে ফিরিয়ে নিয়ে যান নস্টালজিয়ায়।
অনুষ্ঠানের সূচনা ঘটান শাফী মাহমুদ ও শারমীন মহসিন শর্মী। শুরুতেই মঞ্চে আসেন সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকা। তিনি কলোনির ইতিহাস ও স্মৃতিকথা তুলে ধরেন। বলেন, মোগল সাম্রাজ্যের সময় থেকেই মতিঝিল এলাকার নাম শোনা যায়। সেই সময় এটি মির্জা মোহাম্মদের মহল হিসেবে গণ্য হতো, যার মধ্যে ছিল একটি পুকুর। শুরুতে সুকাকু মহলের পুকুর হিসেবে খ্যাত হলেও পরে এই পুকুরটি মতিঝিল নামে পরিচিত হয়ে ওঠে এবং এর নামানুসারেই এলাকাটির নামকরণ করা হয় মতিঝিল। তিনি কলোনিতে বেড়ে ওঠা এবং যাঁদের হারিয়েছেন, তাঁদের স্মরণ করেন। এ সময় কলোনিবাসীর মধ্যে যাঁরা চিরবিদায় নিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মঞ্চে আসেন কলোনির আমেরিকায় বেড়ে ওঠা গর্বিত তরুণ প্রজন্ম আদিত্য। আদিত্য ইংরেজি এবং বাংলা গান পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন তরুণ প্রজন্মের ওয়াজিহাও।
মঞ্চে ডেকে আনা হয় অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা কলোনির গর্ব হিসেবে পরিচিত আবু সাঈদ আহমদকে। তিনি উপস্থতি দর্শনার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সহযোগিতায় আজ এ সফল অনুষ্ঠান। মতিঝিল কলোনির প্রাণরা আজ এখানে উপস্থিত হয়েছে দেখে আমি অভিভূত, আবেগতাড়িত। মতিঝিল কলোনির আকার ছোট হলেও কলোনিবাসীর মন যে কত বড়, এই আয়োজনের মাধ্যমে তা বুঝতে পারবেন সবাই। আমরা চাই ভবিষ্যতেও নিজেদের মধ্যে বন্ধন অটুট রাখতে এ ধরনের অনুষ্ঠান করতে।’
আবু সাঈদ কানাডাসহ বিভিন্ন রাজ্য থেকে আসা কলোনিবাসী ও অনুষ্ঠানে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। সহযোগিতাকারীদের মধ্য থেকে এনওয়াই ইনস্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ রফিক, রিয়েল এস্টেট ইনভেস্টর মঈনুল ইসলাম ও তরঙ্গ মাল্টিমিডিয়ার কর্ণধার রাশেদ আহমেদ এবং নিলুফার শিরীন পারুলকে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠান সফল করতে ভূমিকা রেখেছেন সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকা, খাদিজা বেগম খুকী, কামরুদ্দিন ফয়সাল, মাসুদ হাসান পিন্টু, নিলুফার শিরীন, মীর দুলাল, রেজাউর রহমান, এস মুনির বাবু, শেখ মিজানুর রহমান, শাহ নেওয়াজ শাহীন, আবু সাঈদ আহমদ, নওশাদ উদ্দিন আহমদ, মাহবুব আলী সোয়েব, নাসির উদ্দিন, আবিদুর রহমান, মাসুমুল আলম, শাফী মাহমুদ, শারমিন মহসিন, তারিকুল ইসলাম, হুমায়ূন কবির, শাকীল আলী প্রমুখ।