মতিনের স্ত্রী হামলার বিষয়ে জানতেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পালস নাইটক্লাবে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে কাজ করছেন তদন্ত কর্মকর্তারা। ছবি: রয়টার্স
পালস নাইটক্লাবে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে কাজ করছেন তদন্ত কর্মকর্তারা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিনের স্ত্রী নূর সালমান আগে থেকেই হামলার এ পরিকল্পনা সম্পর্কে জানতেন। শিগগিরই তাঁর বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হবে। গতকাল মঙ্গলবার দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র এ তথ্য জানায়।

রয়টার্সের খবরে জানানো হয়, একজন কেন্দ্রীয় গ্র্যান্ড জুরি আজ বুধবার নূর সালমানের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন।

সিনেট ইনটেলিজেন্স কমিটির সদস্য মার্কিন সিনেটর অ্যাংগুশ কিং গতকাল এ হামলার বিষয়ে ব্রিফ করার সময় বলেন, কী ঘটতে যাচ্ছে, এ বিষয়ে তিনি (নূর সালমান) আগে থেকে কিছু কিছু জানতেন বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনকে কিং বলেন, ‘এখন এই নারীর কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি।’

ফক্সনিউজডটকম এফবিআইয়ের সূত্রের বরাত দিয়ে বলে, মতিনের স্ত্রী আগে থেকে হামলার বিষয়ে জানার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানানো ও ফেডারেল এজেন্টদের মিথ্যা বলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে ওমর মতিন বন্দুক নিয়ে পালস নাইট ক্লাবটিতে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হন।