মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ওবামা-হিলারি টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার এক অনুষ্ঠানে বারাক ওবামা ও হিলারি ক্লিনটন।
বুধবার এক অনুষ্ঠানে বারাক ওবামা ও হিলারি ক্লিনটন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। বারাক ওবামার মধ্যপ্রাচ্য নীতির প্রকাশ্য সমালোচনা করেছেন তাঁর একসময়কার ঘনিষ্ঠ সহযোগী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

২০১৬ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির বক্তব্য নিয়ে খোদ ডেমোক্র্যাট দলের মধ্যেই তোলপাড় শুরু হয়েছে।রক্ষণশীলদের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনকে মাথায় রেখেই ওবামার নীতির সঙ্গে নিজের অবস্থানকে আলাদা করতে শুরু করেছেন হিলারি। যদিও ডেমোক্র্যাট সমর্থকেরা মনে করেন, সংকটজনক এ সময়ে হিলারির বক্তব্য বিরোধীদেরই উত্সাহিত করবে।

পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার পর এবারই প্রথম প্রেসিডেন্ট ওবামার নীতির প্রকাশ্য সমালোচনা করলেন হিলারি। গত সপ্তাহে দ্য আটলান্টিক সাময়িকীতে দেওয়া সাক্ষাত্কারে সিরিয়ার বিদ্রোহীদের আগেভাগেই সহযোগিতা না দেওয়ায় ওবামার সমালোচনা করেন হিলারি। তাঁর এ বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা ক্ষুব্ধ হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, সিরিয়া প্রশ্নে দুজনের মধ্যে কেবলই সরল মতভেদ রয়েছে।

বুধবার বিকেলে নিজের লেখা বই ‘হার্ডস চয়েসেস’-এ অটোগ্রাফ দিচ্ছিলেন হিলারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওবামাকে সাক্ষাতে আলিঙ্গন দেওয়া তাঁর পক্ষে মোটেও ‘হার্ড চয়েস’ হবে না। হিলারি বলেন, ‘বন্ধুদের মধ্যে যেমন কোনো বিষয় নিয়ে মতভিন্নতা থাকে, তেমনি আমাদের মধ্যে কোনো কোনো বিষয় নিয়ে মতভিন্নতা রয়েছে মাত্র।’ তিনি বলেন, ‘আমি গর্বিত যে প্রেসিডেন্ট ওবামার অধীনে কাজ করেছি।’

এ দিকে রাজনৈতিক মিশ্র আলোচনার মধ্যেই বুধবার ওবামার সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলারি ক্লিনটন। মার্থা ভিনিয়ার্ডে সপরিবারে অবকাশ যাপন করছেন ওবামা। ডেমোক্র্যাট দলের উপদেষ্টা ভারনন জরডানের স্ত্রীর ৮০তম জন্মদিনের একান্ত অনুষ্ঠান ছিল মার্থা ভেনিয়ার্ডে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনসহ প্রেসিডেন্ট ওবামার উপস্থিতিতে জন্মদিনের একান্ত অনুষ্ঠান আর একান্ত থাকেনি। সাংবাদিকদের আমন্ত্রণ জানানো না হলেও মার্কিন মিডিয়ায় দিনভর আলোচনায় ছিল অবকাশকেন্দ্রের জন্মদিনের অনুষ্ঠানটি।

বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জানানো হয়, জন্মদিনের অনুষ্ঠানে হিলারি ক্লিনটনকে দেখে প্রেসিডেন্ট ওবামা খুশি হয়েছেন। ফার্স্ট লেডি মিশেল ওবামাসহ ক্লিনটন দম্পতির সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি এরিখ সাল্টজ জানান, ওবামা এবং ক্লিনটন দম্পতি পাশাপাশি বসে জন্মদিনের অনুষ্ঠান উপভোগ করেন। তাঁদের মধ্যে রাজনৈতিক কোনো কথা হয়েছে কি না, তা জানানো হয়নি।

ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিনটনই তাঁর পররাষ্ট্রনীতি নিয়ে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্ব সফর করেছেন।