মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে যে পরিকল্পনা তাঁর জামাতা জ্যারেড কুশনার প্রণয়ন করেছেন, তা হয়তো বাস্তবায়ন সম্ভব না-ও হতে পারে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়াশিংটনে ইহুদি নেতাদের সঙ্গে এক বৈঠকে বলেন, এই পরিকল্পনা ‘বাস্তবায়নযোগ্য নয়’ বলে যে অভিযোগ উঠেছে, তা হয়তো ঠিক। গতকাল রোববার ট্রাম্প সাংবাদিকদের জানান, পম্পেওয়ের মূল্যায়ন ঠিক হলেও হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা সেরা পরিকল্পনাই হাজির করছি, দেখা যাক কী হয়।’

এই পরিকল্পনায় কী আছে, সে কথা এখনো প্রকাশ করা হয়নি। আপাতত এই পরিকল্পনার অংশ হিসেবে জুনের ২৫ ও ২৬ তারিখ বাহরাইনের রাজধানী মানামাতে বসছে একটি অর্থনৈতিক ‘কর্মশালা’। এর লক্ষ্য পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনি নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কম করে হলেও ৫০ বিলিয়ন ডলারের অনুদান সংগ্রহ। ফিলিস্তিনিদের রাজনৈতিক স্বাধীনতার বদলে তাদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এই পরিকল্পনার লক্ষ্য। সৌদি আরব, আরব আমিরাতসহ স্বল্পসংখ্যক আরব দেশ এই সম্মেলনে অংশ নিতে রাজি হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ অংশ নিচ্ছে না বলে জানিয়েছে। তাদের অভিযোগ, অর্থ দিয়ে শান্তি কিনতে চাইছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের অবস্থান একপেশে, এই অভিযোগে কোনো ফিলিস্তিনি নেতা তাঁর সঙ্গে সংলাপে রাজি না হলেও কুশনার ইসরায়েলের সঙ্গে সলাপরামর্শ করেই এই পরিকল্পনা প্রণয়ন করেছেন। ইসরায়েল সম্মেলনে অংশ নেবে, তবে চলতি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন ওঠায় তা জ্যারেডের জন্য শিরঃপীড়ার কারণ হয়ে উঠেছে। গত মাসে সমাপ্ত নির্বাচনে বিজয়ী হওয়া সত্ত্বেও একটি কোয়ালিশন সরকার গঠনে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। দুর্নীতির একটি মামলার কারণেও নেতানিয়াহুর রাজনৈতিক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

কুশনার অবশ্য হাল ছেড়ে দিচ্ছেন না। ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত আরব দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার পর তিনি এখন দ্বিতীয় সারির আরব দেশগুলোর সমর্থন আদায়ে ব্যস্ত রয়েছেন। গত সপ্তাহে তিনি মরক্কো সফরে এসে সে দেশের বাদশাহর কাছে সম্মেলনের দাওয়াত পোঁছে দিয়েছেন।

কুশনার নিজে মনে করেন, যে শান্তি পরিকল্পনা তিনি প্রণয়ন করেছেন, তা বাস্তবায়ন সম্ভব। কারণ ফিলিস্তিনিরা নিজেরাই রাষ্ট্র গঠনের বদলে অর্থনৈতিক উন্নয়নে অধিক আগ্রহী। রাজনৈতিক নেতারা কী বলেন, তা গুরুত্বপূর্ণ নয়। সাধারণ ফিলিস্তিনরা কী বলে সেটাই গুরুত্বপূর্ণ। এক দিন আগে ওয়েব পত্রিকা এক্সিয়সের সঙ্গে এক সাক্ষাৎকারে কুশনার এই মন্তব্য করেন। ফিলিস্তিনি নেতাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রয়েছে কি না, কুশনার তা নিয়েও প্রশ্ন তোলেন।

এইচবিও টিভির জন্য গৃহীত এই সাক্ষাৎকারে কুশনার বলেন, সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে কথা বলে তিনি দেখেছেন, তারা সবাই অর্থনৈতিক সমৃদ্ধির আকাঙ্ক্ষা পোষণ করে। তাদের মতের সাথে ‘টেকনোক্র্যাট’ নেতাদের মতের কোনো মিল নেই। তিনি কবে কোথায় ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন, এই প্রশ্ন করা হলে কুশনার বলেন, সবাই না জানলেও তিনি নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।