মধ্যপ্রাচ্যে শান্তির জন্য 'সবকিছু' করবেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরের বেথলেহেমে গতকাল পরস্পরকে স্বাগত জানান l ছবি: এএফপি
ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরের বেথলেহেমে গতকাল পরস্পরকে স্বাগত জানান l ছবি: এএফপি

ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সবকিছুই করবেন’। তিনি গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার সময় এ প্রতিশ্রুতি দিয়েছেন।
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের বেথলেহেমে ট্রাম্প গতকাল আব্বাসের সঙ্গে বৈঠক করেন। ফিলিস্তিনি নেতা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করায় সন্তোষ জানিয়েছেন ট্রাম্প।
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা তিন বছর ধরে বন্ধ আছে। ট্রাম্প স্বীকার করেছেন, এই আলোচনায় মধ্যস্থতা করাটা কঠিনতম কাজগুলোর একটি হবে।
মধ্যপ্রাচ্যে চলতি সফরে মার্কিন প্রেসিডেন্ট গতকালই শেষ দিন কাটান। গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ট্রাম্পের এই সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং ইসরায়েলি একাধিক কারাগারে ফিলিস্তিনি বন্দীদের অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে।
ট্রাম্প সোমবার বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক পুনরায় নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে গেছেন। আর ওই অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসার বিরল সুযোগ এসেছে।
বেথলেহেমে গিয়ে গতকাল সকালে ট্রাম্প বলেন, তিনি আশার উদ্দীপনা নিয়ে সেখানে গেছেন। তিনি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে একটি শান্তিচুক্তি অর্জনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। আর এ লক্ষ্য অর্জনে সহায়তার জন্য তিনি সবকিছুই করতে চান।
ট্রাম্পের ওই ‘মহান এবং সম্ভাব্য লক্ষ্যকে’ স্বাগত জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা এবং ইসরায়েলিদের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদনের জন্য আমি আপনাকে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই।’
পরে ট্রাম্প গতকালই জেরুজালেমে ফিরে যান। সেখানে তিনি ইসরায়েল মিউজিয়ামে ভাষণে বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার কাজটা কোনোভাবেই সহজ হবে না। এটা আমরা সবাই জানি। দুই পক্ষকেই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। কিন্তু শান্তি অর্জন যে সম্ভব, সেই দৃঢ়সংকল্প, সমঝোতা এবং বিশ্বাস থাকলে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা একটি চুক্তি করতে পারবে।’