মধ্যবিত্ত পরিবারে আয় বৃদ্ধি, কমছে দারিদ্র্য
আমেরিকায় দারিদ্র্যের হার কমছে। মধ্যবিত্তের আয় বাড়ছে। অর্থনীতিতে ঘুরে দাঁড়ানো আমেরিকায় মধ্যম আয়ের পরিবারের গড় বার্ষিক আয় ৬১ হাজার ৩৭২ ডলারে উন্নীত হয়েছে। ১২ সেপ্টেম্বর প্রকাশিত মার্কিন পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে। গত বছর অর্থাৎ ২০১৭ সালের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
গত কয়েক বছরে মধ্যবিত্ত পরিবারে ক্রমবর্ধমান আয় বেড়েছে। আমেরিকায় গভীর মন্দা থেকে অর্থনীতিতে চাঙা ভাব ফিরে এসেছে এবং লাখ লাখ আমেরিকান আবার চাকরি পেয়েছে। পরিবারের একাধিক ব্যক্তির কাজ থেকে অতিরিক্ত আয় হচ্ছে। লোকজনের অতিরিক্ত কর্মঘণ্টার কারণেও পরিবার প্রতি আয় বেড়েছে বলে মনে করা হচ্ছে।
জনসংখ্যা ব্যুরোর সহকারী প্রধান ট্রুডি রেনউইক বলেন, ‘পূর্ণ সময়ের কাজ থেকে আমেরিকার পরিবারের একটি স্থানান্তর দেখতে পাচ্ছি, এ কারণেও আয় বেড়েছে।’
সেনসাস ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার দারিদ্র্যের হার কমে ১২ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। এক দশকের বেশি সময়ের মধ্যে তা সর্বনিম্ন স্তরে নেমেছে।
পরিবার প্রতি আয় বাড়লেও আমেরিকায় ধনী-দরিদ্রের আয়ের পার্থক্য বেড়েছে। পুঁজিবাদী অর্থনীতি সুফল হিসেবে সমাজের সব স্তরের আয়ের বৃদ্ধি সমতার সঙ্গে হয়নি। বৈষম্য আধুনিক যুগে সর্বোচ্চ স্তরের কাছাকাছি এসেছে। ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকার এখনো প্রায় ৯ ভাগ মানুষ স্বাস্থ্য বিমার বাইরে আছে।
সাম্প্রতিক বছরগুলোতে আয় বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে, বেশির ভাগ মানুষ চাকরি পেয়েছে। যদিও উদারনৈতিক অর্থনীতিবিদরা মনে করেন, মজুরি বৃদ্ধি এখনো হতাশাজনক অবস্থায়। আমেরিকার শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে উৎপাদনশীলতার সম্পর্ক নিয়ে অর্থনীতিবিদরা উচ্চকণ্ঠ।
২০১৭ সালে আমেরিকার ৩৯ দশমিক ৭ মিলিয়ন লোকের বসবাস ছিল দারিদ্র্য সীমার মধ্যে যা এর আগের বছরের চেয়ে অনেক কম এবং ২০০০ সালের পর থেকে এই পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে।
আফ্রিকান-আমেরিকান এবং হিস্পানিকদের মধ্যে দারিদ্র্যের হার বেশি, শ্বেতাঙ্গ ও এশীয়দের জন্য তুলনায় যা যথেষ্ট বেশি। আফ্রিকান-আমেরিকান এবং হিস্পানিকদের মধ্যে দারিদ্র্যের হার প্রায় ২০ শতাংশ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করনীতির ফলে ধনী-দরিদ্রের আয়ের ফারাক বাড়ছে বলে ডেমোক্র্যাটরা মনে করছে। সেনসাস ব্যুরোর তথ্য-উপাত্তে দেখা গেছে, আমেরিকার বয়স্ক ও নারীদের আয় কমেছে। পারিবারিক আয় বৃদ্ধিতে পরিবারের একাধিক লোকের আয় এবং অতিরিক্ত কর্মঘণ্টা কাজের কারণে পরিবারের আয় বেড়েছে।