মন মাতানো ইয়েলোস্টোন

আমেরিকা এক বৈচিত্র্যময় দেশ। এই ঐশ্বর্যময় দেশের এক অঙ্গরাজ্য আরেক অঙ্গরাজ্য থেকে সম্পূর্ণ আলাদা। কোনো অঙ্গরাজ্য নদী-পাহাড় আর খালবিলে ভরে আছে, কোনো অঙ্গরাজ্য পর্বত আর মরুভূমিতে ছেয়ে আছে। আমেরিকায় অঞ্চলভেদে সময় এবং জলবায়ুর তারতম্যও বিদ্যমান। এই অপূর্ব দেশের অঞ্চলে অঞ্চলে প্রকৃতিও ভিন্ন ভিন্ন রূপে সেজে আছে। আর সেই ভিন্ন প্রকৃতির অপরূপ রূপ দেখতে আমি এক সামারে উত্তর-পশ্চিম আমেরিকা যাই। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং নানা বৈচিত্র্যে ভরপুর ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ঘুরে দেখি।

আমি নিউইয়র্ক সিটি থেকে বিমানে ডেনভার যাই। সেখান থেকে সড়কপথে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। পথিমধ্যে যেতে আমেরিকাপল্লির অচেনা জনপদের মনমাতানো নৈসর্গিক দৃশ্য দেখে আমার চোখের ক্ষুধা মিটাই। ইয়েলোস্টোন পার্কের কাছাকাছি পৌঁছতেই প্রকৃতির চোখ ঝলসানো এক অপার সৌন্দর্য দেখি। চারদিকে ঘন সবুজের সমারোহ। পথে মাঠে আছে অসংখ্য বন্য মহিষ বা ষাঁড়। পালে পালে তারা মনের সুখে চরে বেড়াচ্ছে। আবার মাঝে মাঝে ঘোড়ার খামারও চোখে পড়ে। আমি বিরতিহীনভাবে চলে পার্কের দিকে এগিয়ে যাই। এখানে হাইওয়ের এক পাশে সবুজ পাহাড়ের সারি। তার পাশ দিয়ে বয়ে গেছে ইয়েলোস্টোন নদী। অন্য পাশে আছে সবুজ চিকন পপিনগাছের নান্দনিক দৃশ্য। আমি প্রকৃতির এই অপরূপ নজরকাড়া দৃশ্যের মাঝ দিয়ে চলে ইয়েলোস্টোন পার্ক পৌঁছাই।
ইয়েলোস্টোন পার্কে ঢোকার জন্য আছে মোট পাঁচটি গেট। আমি উত্তর গেটের রুজভেল্ট আর্চ দিয়ে ভেতরে ঢুকি। তোরণ আকৃতির গেট। গেটের ওপর ইংরেজিতে লেখা একটি বাক্য শোভা পাচ্ছে। আমি সেটি পড়ি। এতে লেখা—‘ফর দ্য বেনিফিট অ্যান্ড এনজয়মেন্ট অব দ্য পিপল’ অর্থাৎ ‘জনগণের উপকার এবং আনন্দের জন্য এই পার্ক’। একেবারে শতভাগ খাঁটি সত্যি কথা। কারণ, লোকজন পার্কের প্রাকৃতিক পরিবেশ, নৈসর্গিক দৃশ্য, নানা জীবজন্তু এবং বন্য প্রাণী দেখে আনন্দ লাভ করে। আর এতে অবশ্যই তাদের শরীর-স্বাস্থ্যের উন্নতি হয়। পার্কে ঢুকেই আমি এই বাক্যের সত্যতা টের পাই। পার্কের ভেতর চারদিকে অপূর্ব সবুজ গাছপালা, নদী এবং পাহাড়ের নান্দনিক দৃশ্য! সেই মনোলোভা চিত্ত হরণকারী দৃশ্যের সত্যি জুড়ি মেলা ভার।
ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আমেরিকার একটি জাতীয় উদ্যান। এর আয়তন প্রায় ৯ হাজার বর্গকিলোমিটার। এটি আমেরিকার তিনটি অঙ্গরাজ্য ওয়াইওমিং, মন্টানা এবং আইডাহোতে বিস্তৃত। তবে পার্কের বেশির ভাগ ওয়াইওমিং অঙ্গরাজ্যে অবস্থিত। এই নয়নাভিরাম পার্ক ইউনেসকো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থান।
আমি প্রথম ইয়েলোস্টোন পার্কের হট স্প্রিং ভিলেজ দেখতে যাই। এটি পার্কের উত্তর-পশ্চিম কোনায় অবস্থিত। রুজভেল্ট আর্চ থেকে পাঁচ মাইল দূরে এর অবস্থান। আমি পার্কের আঁকাবাঁকা পথে চলে সেদিকে যাই। পথে যেতে যেতে আমি ইয়েলোস্টোন পার্কের অপরূপ সৌন্দর্য উপভোগ করি। আমি হট স্প্রিং ভিলেজে যখন পৌঁছাই তখন বেলা দুইটা। চারদিক তখন হালকা রোদে চিকচিক করছিল। দিনের এমনি অপূর্ব সময়ে আমি গাড়ি থেকে নামি। ইয়েলোস্টোন পার্কের মাটিতে পা রেখে আনন্দিত হই। তখন লাঞ্চ খাবার সময় হয়। তাই লাঞ্চ খেতে আমি মামোথ হোটেলে ঢুকি। ভিক্টোরিয়ান স্টাইলে তৈরি হোটেল ভবনটি দেখতে অতি চমৎকার। এর ভেতরের পরিবেশ ছিল আরও আকর্ষণীয়। পরিষ্কার-পরিচ্ছন্ন হোটেলের আসবাবপত্রগুলো ছিল রুচিশীলভাবে সাজানো। এখানে খাবার কাস্টমারের অসম্ভব ভিড় দেখি। সবাই লাঞ্চ খেতে এসেছে। আমি লাইনে দাঁড়িয়ে খাবার অর্ডার দিই। স্মোকড ভেজি স্যান্ডউইচ, গ্রিল পটেটো, এক কাপ কফি এবং সঙ্গে এক বোতল মিনারেল ওয়াটার। এগুলো দিয়ে তৃপ্তিসহকারে লাঞ্চ সারি। এরপর মামোথ হট স্প্রিং দেখতে যাই।
মামোথ হট স্প্রিং হলো, চুনাপাথরের পাহাড়ে প্রাকৃতিকভাবে মাটির নিচ থেকে গরম পানি বেরিয়ে আসার এক কমপ্লেক্স। হাজার হাজার বছর পূর্বে আগ্নেয়গিরির এক ভূমিকম্পের ফলে এর সৃষ্টি হয়। আমি হেঁটে হট স্প্রিংয়ের কাছে যাই। হট স্প্রিং থেকে উৎকট গন্ধ বেরিয়ে আসছে। বুঝি রাসায়নিক পদার্থের বিশ্রী গন্ধ। ঠিক ঢাকার হাজারীবাগ ট্যানারি এলাকার মতো অবস্থা আরকি। নাকে রুমাল দিয়ে কোনো রকমে হাঁটি। হট স্প্রিং এলাকার আশপাশে গাছপালার কোনো চিহ্নও নেই। রাসায়নিক পদার্থমিশ্রিত গরম পানিতে সব মরে সাফ হয়ে গেছে। আমি এখানে খানিক সময় অতিবাহিত করি। এরপর হট স্প্রিং ভিলেজ ঘুরে দেখি।
মামোথ হট স্প্রিং ভিলেজের চারপাশ ধূসর পাহাড়ে ঘেরা। এখানকার মাটির রং অনেকটা তামাটে রঙের। পাহাড়ের মাঝে সমতলভূমিতে হোটেল-মোটেল, ভিজিটর সেন্টারসহ অনেকগুলো অনিন্দ্যসুন্দর ভবন দাঁড়িয়ে আছে। ভবনগুলো ব্রিটিশ ঔপনিবেশিক আমলের স্থাপত্যরীতিতে তৈরি। দেখতে অপূর্ব লাগে। আমি সবুজ গাছপালাশোভিত সড়ক দিয়ে কিছুক্ষণ হাঁটি। দূরে তাকিয়ে পাহাড়ের নান্দনিক দৃশ্য দেখি। সামারের জন্য এখানে দেশি-বিদেশি অসংখ্য পর্যটকের আনাগোনা দেখি।
মামোথ হট স্প্রিং থেকে পরে আমি ক্যানিওন ভিলেজ দেখতে যাই। এই দুই ভিলেজের দূরত্ব ৩৩ মাইল। গাড়ি পার্কের অপরূপ দৃশ্যের মাঝ দিয়ে চলে। পথে যেতে নানা ধরনের বন্য জীবজন্তু দেখি। ঘণ্টাখানেক চলে গাড়ি গ্র্যান্ড ক্যানিয়নের পাশে এসে থামে। আমি গাড়ি থেকে নেমে সড়কের পাশে পাহাড়ের এক উঁচু স্থানে গিয়ে দাঁড়াই। জায়গাটির চারপাশ রেলিংয়ে ঘেরা। তাই ভয়ের কোনো কারণ ছিল না। আমি এখান থেকে গ্র্যান্ড ক্যানিয়নের শ্বাসরুদ্ধকর নান্দনিক দৃশ্য দেখে চোখ জুড়াই। একজন পার্করেঞ্জার বলেন, এটাই ইয়েলোস্টোন পার্কের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় দৃশ্য। আসলেও তা-ই। এমন মনোহর দৃশ্য দুই নয়নে দেখে এর সৌন্দর্য উপভোগ করি।
গ্র্যান্ড ক্যানিয়ন ইয়েলোস্টোন নদীর ওপর বিশাল এক গিরিখাত। এই গিরিখাত ২৪ মাইল লম্বা, ৮০০ থেকে ১ হাজার ২০০ ফুট গভীর এবং সোয়া থেকে পৌনে এক মাইল চওড়া। এখানে ইয়েলোস্টোন নদী ইয়েলোস্টোন জলপ্রপাত থেকে ভাটির দিকে বয়ে গেছে। আমি গিরিখাতে জলপ্রপাতের দিকে তাকিয়ে এর সৌন্দর্য উপভোগ করি। গিরিখাতের দুদিকে হলুদ পাহাড়ের রূপ দেখে চোখ ঝলসে যায়। পার্কের নাম কেন ইয়েলোস্টোন হলো, তার যথার্থতা এখানে টের পাই।
সূর্য তখন পশ্চিমে হেলে গেছে। আলো-ঝলমল দিনের পড়ন্ত বিকেল। এমনই মনোরম সময়ে আমি ওল্ড ফেইথফুলে গিজার দেখতে যাই। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে ওল্ড ফেইথফুলের দূরত্ব প্রায় ৩২ মাইল। পার্কের ভেতর দিয়ে চলে এক ঘণ্টায় আমি সেখানে পৌঁছাই। আমি গাড়ি থেকে নেমে ভিজিটর সেন্টারে ঢুকি। এখানে বসার এবং খাবারদাবারের বেশ ভালো বন্দোবস্ত আছে। আমি দুপিস কুকিস এবং এক কাপ কফি খেয়ে একটু চাঙা হই। এরপর ওল্ড ফেইথফুল গিজার অভিমুখে ছুটি।
গিজার কী? সাদামাটা বাংলায় গিজার হলো, ভূগর্ভ থেকে প্রাকৃতিকভাবে গরম পানি ছিটিয়ে বেরিয়ে আসা। যার ভালো বাংলা উষ্ণ প্রস্রবণ। ওল্ড ফেইথফুল গিজার থেকে প্রতি দেড় ঘণ্টা অন্তর উষ্ণ প্রস্রবণ বের হয়। আমি তা দেখার জন্য ফেইথফুল গিজারের পাশে গ্যালারিতে বসি। এখানে আরও অনেক দর্শনার্থী ছিল। সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে পানির উৎক্ষেপণ দেখার জন্য। অবশেষে সবার অপেক্ষার পালা শেষ হয়। হঠাৎ দেখি বিরাট আকারের উষ্ণ পানির ঝরনাধারা সজোরে আকাশ পানে ছিটিয়ে বেরিয়ে আসছে। আর তা মাত্র তিন-চার মিনিট স্থায়ী হয়। মা প্রকৃতির এ এক আশ্চর্য রূপ দেখি এখানে।
ওল্ড ফেইথফুল গিজারের উৎক্ষেপণ উচ্চতা গড়ে ১৩০ ফুট। আর প্রতি উৎক্ষেপণে ৩৭ হাজার থেকে ৮৪ হাজার গ্যালন গরম পানি উৎক্ষিপ্ত হয়। এই উষ্ণ পানির তাপমাত্রা ৯৫ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বের অর্ধেকেরও বেশি গিজার ইয়েলোস্টোন পার্কে অবস্থিত। আর তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ওল্ড ফেইথফুল গিজার। তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়। তাই আমি গ্যালারি থেকে উঠি। তখন রুপালি জোছনার পরিষ্কার আলোতে সারা আকাশ ছেয়ে গেছে। এমনি সুন্দর চাঁদের আলোয় আমি গাড়িতে মোটেলের উদ্দেশে রওনা হই।
আমি যখন ওয়েস্ট ইয়েলোস্টোন শহর পৌঁছাই তখন রাত ১০টা। আমি গাড়ি থেকে নেমে মোটেল লবিতে যাই। আগেই মোটেলের বুকিং দিয়েছিলাম। এখানে লবিতে চেক ইন করে রুমের চাবি নিই। মোটেলের নাম ‘ডুড অ্যান্ড রাউন্ড আপ মোটেল’। মেডিসন অ্যাভিনিউর এই মোটেল অতি পুরোনো। আমি চাবি দিয়ে অতি কষ্টে রুমের তালা খুলি। আর এতেই টের পাই মোটেলটি মান্ধাতার আমলের। রুমের ভেতর গিয়ে দেখি আসবাবপত্রগুলো সেকেলে। আমি একটু ঠান্ডা অনুভব করি। তাই দেয়ালে লাগানো হিটারটা অন করতে গিয়ে দেখি নব ভাঙা। হিটারে মরিচা ধরে জং পড়েছে। বিকল্প একটা ইলেকট্রিক হিটার ছিল বলে রক্ষা পাই। তবে রুমটা ছিল পরিষ্কার। আর শোবার ব্যবস্থা ছিল অতি চমৎকার। আর এতেই আমি খুশি হই। আমি হাতমুখ ধুয়ে ডিনার খেতে বের হই। পাশেই চায়না টাউন চায়নিজ রেস্টুরেন্ট। চায়না টাউন রেস্টুরেন্টে গিয়ে দেখি ভীষণ ভিড়। কারণ, এখন পর্যটন মৌসুম। পার্ক দেখা শেষে অনেক পর্যটক এখানে ডিনার খেতে এসেছে। কী আর করা। কিছুক্ষণ অপেক্ষা করে অর্ডার দিই। এগ নুডলস, ভেজি কারি এবং ফ্রাইড ফিশ দিয়ে একটি তৃপ্তিকর ডিনার খাই। এরপর মোটেলে এসে ঘুমিয়ে পড়ি।
পরদিন ভোরবেলা পাখপাখালির কলরবে আমার ঘুম ভাঙে। পাখির সুমিষ্ট সুরেলা আওয়াজ কানে অতি মধুর লাগে। ইয়েলোস্টোন পার্কের সবুজ ছায়াঘেরা পাখি ডাকা নির্জন-নিরিবিলি পরিবেশ দেখে আমি নস্টালজিয়ায় ভুগি। আমার মনে হলো, আমি পল্লিবাংলার প্রত্যন্ত অঞ্চলের কোনো গ্রামীণ পরিবেশে বসে আছি। ইয়েলোস্টোন পার্কে রাত কাটানোটা আমার সার্থক হয়। আমি গোসল সেরে নাশতা খাই। এরপর ওয়েস্ট ইয়েলোস্টোন শহরটা একচক্কর ঘুরে দেখি।
ওয়েস্ট ইয়েলোস্টোন মন্টানা অঙ্গরাজ্যের একটি ছোট শহর। ইয়েলোস্টোন পার্কের পাশে এর অবস্থান। শহরের লোকসংখ্যা অতি সামান্য। সাকল্যে দেড় হাজারেও কম। হাতে গোনা কিছু বাড়িঘর এবং দোকানপাট ছাড়া এখানে আর কিছু নেই। সামারে পর্যটকের পদচারণে সারা শহর মুখরিত হয়ে ওঠে। আর শীতকালে প্রচুর তুষারপাতের কারণে এটি তখন একটি ভুতুড়ে শহরে পরিণত হয়। আমি শহরের এদিক-ওদিক একটু ঘুরে হোটেলে ফিরে আসি। এরপর রেডি হয়ে আবার পার্ক দেখতে বের হই।
আমি হোটেল থেকে বেরিয়ে ওয়েস্ট থামভ ভিলেজ যাই। সেখানে ছোট-বড় অনেক গিজার দেখি। এরপর হেঁটে ইয়েলোস্টোন লেকের পাড়ে গিয়ে দাঁড়াই। বিশাল লেক। সাগরের অথই জলের মতো এর নীল জলরাশি। দুই নয়নে লেকের সৌন্দর্য উপভোগ করি। এরপর ইয়েলোস্টোন পার্কের গহিন বনের ভেতর দিয়ে হেঁটে মোটেলে এসে ঘুমিয়ে পড়ি। পরদিন পরিতৃপ্ত হৃদয়ে বিচিত্র ইয়েলোস্টোন পার্ক ভ্রমণের এক মধুর স্মৃতি নিয়ে নিউইয়র্ক সিটি ফিরি।
* এম আবুল কাসেম: আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত।