মনজুর আলী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা মনজুর আলী
মুক্তিযোদ্ধা মনজুর আলী

নিউইয়র্কপ্রবাসী মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক মনজুর আলী ননতু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউইয়র্ক সময় ১৭ জুন ভোর পাঁচটার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রায় এক দশক থেকে নিউইয়র্ক প্রবাসী মনজুর আলী স্ত্রী ও এক কন্যাসহ এল্মহার্স্ট এলাকায় বসবাস করতেন। তিনি খেলাঘর, ছাত্র ইউনিয়ন, উদীচী, ন্যাপসহ স্বাধীন বাংলাদেশের প্রগতিশীল ধারার অগ্রসৈনিক ছিলেন।

মঞ্জুর আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে প্রগতিশীল মহলে শোকের ছায়া নেমে আসে। যুক্তরাষ্ট্র উদীচী গভীর শোক প্রকাশ করে বলেছে, আজীবন প্রগতিশীল ধারার মানুষ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উদীচী।

মুক্তিযোদ্ধা মনজুর আলীর মৃত্যুতে নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা শোক জানিয়েছেন। তাঁকে মুক্তিযোদ্ধাদের দেওয়া রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানা গেছে। লকডাউনের সীমাবদ্ধতা মেনে মনজুর আলীকে নিউজার্সির মার্লবরো মুসলিম কবরস্থানে ১৮ জুন সমাহিত করা হবে বলে। নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি তাঁর দাফনের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস।