মনজুর কি মুক্তিযোদ্ধার শেষ সম্মান পেলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনজুর আলী
মনজুর আলী

নিউইয়র্কপ্রবাসী মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক মনজুর আলী (ননতু) ১৭ জুন আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। প্রায় এক দশক ধরে তিনি মনজুর আলী স্ত্রী ও এক কন্যাসহ নগরের এল্মহার্স্ট এলাকায় বসবাস করতেন। একমাত্র মেয়ে মৌরির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর হার্টের সমস্যা থাকলেও তিনি বেশ সুস্থ ছিলেন। হঠাৎ করেই শরীর খারাপ করলে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান।

মৌরি বলেন, জ্যামাইকা মুসলিম সেন্টার থেকে দাফন–কাফনের ব্যবস্থা করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধার জন্য কমিউনিটির কোনো সহযোগিতা বা ফোন পেয়েছেন কি না, প্রশ্ন করা হলে বলেন, তাকে বা তার মাকে কেউ ফোন করেননি। কনসুলেট জেনারেল থেকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের কথা বলা হলেও তারা শুধু একটি জাতীয় পতাকা পাঠিয়েছে।

করোনার বিধি মেনে মনজুর আলীকে নিউজার্সির মার্লবরো মুসলিম কবরস্থানে ১৮ জুন সমাহিত করা হয়েছে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ ইউএসএ কমান্ডের কমান্ডার আবদুল মুকিত চৌধুরী বলেন, ১৭ জুন সকালে মনজুরের ভাই মাহফুজ আলী আমার নম্বর পেতে আমার ভাই অ্যাটর্নি মইন চৌধুরীকে ফোন করেছিলেন। মাহফুজ আমাকে ফোন করে মনজুরের মৃত্যুর খবর দেন। তিনি আমাকে মনজুর মোবাইলে কল করে পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সেই সূত্র ধরেই কমান্ডার মুকিত চৌধুরী ফোন করেন প্রয়াতের মেয়ে মৌরীকে। মুকিত চৌধুরী জানতে পারেন, মুক্তিযোদ্ধা মনজুরের পারিবারিকভাবে শেষ যাত্রার ব্যয় নির্বাহের কোনো ব্যবস্থা নেই। জানতে পারলেন, তাঁর কোনো সেভিংসও নেই।

মুকিত বলেন, মেয়ের সঙ্গে কথা বলেই পরিবারের অসহায় অবস্থা টের পান তিনি। সঙ্গে সঙ্গেই তিনি মনজুরের পরিবারকে দুশ্চিন্তা না করতে বলেন। বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদারের কাছে একটি কবরস্থান চেয়ে অনুরোধ করেন। সময়ক্ষেপণ না করে আবদুর রহিম হাওলাদার তাদের নিউজার্সির কবরের জায়গার কথা জানান। তারপর তিনি জ্যামাইকা মুসলিম সেন্টারের জেনারেল সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরীকে অনুরোধ করে ফ্রি ফিউনারেলের ব্যবস্থা করেন। বাংলাদেশ সোসাইটি এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের সব সময়ই অসহায় দুস্থ মানুষের বিনা মূল্যে দাফন–কাফনের ব্যবস্থা করার সুনাম রয়েছে। কমান্ডার মুকিত ও মুক্তিযোদ্ধা সংসদ ইউএসএ মুক্তিযোদ্ধা মনজুর আলীর বিনা মূল্যে কবরের জায়গা প্রদান ও ফিউনারেল খরচ বহন করায় বাংলাদেশ সোসাইটির ও জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

এত কিছু করার পরও মনঃকষ্ট নিয়ে মুকিত বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ইউএসএর কেউই তাদের প্রিয় মনজুর ভাইকে শেষ শ্রদ্ধা জানাতে পারেননি। তার পরিবার থেকে দাফনের সময় বা দিন তারিখ জানানো হয়নি। মুকিত সাহেব দুঃখ করে বলেন, গার্ড অব অনার ছাড়া একজন মুক্তিযোদ্ধার শেষ বিদায় হলো!

কথা হয় মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, মনজুর ভাইয়ের বৃহৎ কর্মযজ্ঞের ব্যাপারে জানা যায়। তিনি একাধারে খেলাঘর, উদীচী, ছাত্র ইউনিয়ন, ন্যাপ, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংসদের অন্যতম সম্পাদক ছিলেন। তিনি একসময় ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক সম্পাদকসহ প্রগতিশীল ধারার বহু কর্মযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-সিপিবি গেরিলা বাহিনীর অন্যতম যোদ্ধা। তিনি কুমিল্লা বেতিয়ারায় বাহিনীর ২৮ জন যোদ্ধা সম্মুখ যোদ্ধাদের একজন ছিলেন। ১১ জন মারা গিয়েছিলেন সে যুদ্ধে, তিনি সেই গ্রুপের বেঁচে যাওয়া একজন সদস্য। আরও জানা যায়, মনজুর আলী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অধ্যাপক মোজাফফর আহমদকে গভীর শ্রদ্ধা করতেন। তাকে নিয়ে একটি বইও লিখেছেন। ২০১২ সাল থেকে তিনি নিউইয়র্কের এল্মাহার্স্টে থাকতেন।

প্রবাসী কোনো মুক্তিযোদ্ধার মরদেহ যদি কেউ তার দেশের বাড়ি নিতে চান, সে ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিনা মুল্যে তার ব্যবস্থা করে থাকে। মুক্তিযোদ্ধা মনজুর আলীর মরদেহ দেশে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি হয়তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে।

সর্বত্রই এখন ভুয়া মুক্তিযোদ্ধার কথা শোনা যায়। মুক্তিযুদ্ধ হয়েছে ৫০ বছর বছর হতে চলেছে। মুক্তিযোদ্ধারা আজ সবাই জীবন সায়াহ্নে। অনেকেই অর্থনৈতিক টানাপোড়েনে নীরবে দিন কাটাচ্ছেন। আমরা বেঁচে থাকতেই তাদের অবমূল্যায়ন দেখতে পাই। এমনকি কারও কারও জন্য পরিবারের অবহেলাও পরিলক্ষিত হয়। অসম্মানের কথা শোনা যায়।

নিউইয়র্কপ্রবাসী মুক্তিযোদ্ধা মনজুর আলী এ নগরের অনেকেরই পরিচিত ছিলেন। সময় পেলেই তিনি প্রগতিশীল সব কর্মকাণ্ডে উপস্থিত থাকতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক অগ্রযাত্রায় মনজুর আলীদের ঘাম ও রক্ত জড়িয়ে আছে। জানা–অজানা নানা বিষয় নিয়ে লেখার জন্য পাণ্ডুলিপি প্রস্তুত করছিলেন মনজুর আলী। এমন এক দীর্ঘ পাণ্ডুলিপি হাতে লিখে নিয়ে এসেছিলেন প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে।

কথা ছিল, এখানকার পত্রিকায় ছাপার মতো করে কম্পোজ করে নিয়ে আসবেন। তা আর হয়ে ওঠেনি। আমাদের অজানাই থেকে গেল একজন মনজুর আলীর না বলা কথাগুলো।