মনিকা হক: ব্রঙ্কসের প্রিয় মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রঙ্কসে পরিচ্ছন্নতা কর্মসূচিতে মনিকা হকসহ ‘সোয়েকে’র সদস্যরা
ব্রঙ্কসে পরিচ্ছন্নতা কর্মসূচিতে মনিকা হকসহ ‘সোয়েকে’র সদস্যরা

নিউইয়র্ক সিটির কুইনস, ব্রংকস, ব্রুকলিন, ম্যানহাটন বা লং আইল্যান্ড—প্রতিটি বোরোতেই এখন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির বসবাস। কোনো কোনো এলাকায় এসব প্রবাসী বাংলাদেশি সংঘবদ্ধ এবং নানা সামাজিক সংগঠনের মাধ্যমে বেশ সংগঠিত। অনেক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে উজ্জীবিত করে তুলছেন তাঁরা নিজেদের। 

নিউইয়র্কের ব্রঙ্কসভিত্তিক বাংলাদেশি নারীদের এমনি একটি সামাজিক সংগঠনের নাম ‘স্ট্রং উইম্যান কমিউনিটি এমপাওয়ারমেন্ট’; সংক্ষেপে ‘সোয়েক’ নামে পরিচিত। এই সংগঠনের যাত্রা শুরু ২০১৬ সালের ২ অক্টোবর আরবি বছরের প্রথম দিন। বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠন অগ্রাধিকার দেয় নারীর উন্নয়ন ও ক্ষমতায়নকে, একই সঙ্গে তাদের আইনি সহায়তা দেওয়া ও পরিবেশ উন্নয়ন তাদের লক্ষ্য। ব্রঙ্কসের পার্কচেস্টারের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত এলাকায় কার্যকর ভূমিকা রেখে সংগঠনটি অল্পদিনেই স্থানীয় অধিবাসীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করেছে তাদের গৃহীত পরিচ্ছন্ন কর্মসূচি। তাদের কর্মীবাহিনী নিয়মিত পথে নেমে পড়ে রাস্তা থেকে টিস্যু পেপার, র‌্যাপার ও পোড়া সিগারেটের অবশিষ্টাংশ সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করতে। বৈশ্বিক উষ্ণায়নবিরোধী কর্মসূচিও রয়েছে তাদের কার্যক্রমে। এ ছাড়া সাংস্কৃতিক নানা ধরনের তৎপরতা আছে তাদের। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদেও তারা সরব। যেমন ঘাতকের হাতে ইএমটি কর্মকর্তা ইয়াদিরা অ্যারোয়োর মৃত্যুতে বিচারে বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ করে সংগঠনটি।
আর এই স্ট্রং উইম্যান কমিউনিটি এমপাওয়ারমেন্ট বা সোয়েক নামের সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন মনিকা হক। সংগঠনের যেকোনো কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ সবার নজর কেড়েছে। সংগঠনকে সক্রিয় এবং গতিশীল রাখার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন তিনি। তিনি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নারী তাঁর ব্যক্তিত্বের প্রভাব দিয়ে গড়ে তুলছেন সংগঠনটি। কমিউনিটিতে তিনি খুবই সক্রিয়। এই তো কিছুদিন আগে হয়ে যাওয়া অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি নির্বাচনের প্রার্থী মনোনয়নের জন্য তিনি কমিউনিটি থেকে লুইস সেপালভেদারের পক্ষে স্বাক্ষর সংগ্রহ অভিযানে সাফল্যের স্বাক্ষর রাখেন। সেপালভেদার বাংলাদেশি কমিউনিটির কাছে লুইস ভাই নামে পরিচয় দিয়ে থাকেন।
মনিকা হক কেবল সাংগঠনিক কাজেই দক্ষ নেতা নন, তিনি ভালো নৃত্যশিল্পী এবং গায়িকাও। সংগীত ও নৃত্যশিল্পী হিসেবে নিজের পরিচয় না দিলেও বিভিন্ন অনুষ্ঠানে যাঁরা তাঁর গান শুনেছেন বা নাচ দেখেছেন তাঁরা স্বীকার করেন যে, তিনি পেশাদার শিল্পীদের সমকক্ষ।