অপরাধের কী, আগে তা জানা প্রয়োজন। অপরাধ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক আইনবিরুদ্ধ কাজ করা। মানুষ যখন নীতি নৈতিকতা বিবর্জিত কোনো কাজ করে, তখন তাকে অপরাধ বলে গণ্য করা হয়। অথবা মানুষ তার নৈতিক স্খলন থেকে যা ঘটায়, সেটাই অপরাধ। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত আইনের পরিপন্থী কার্যকলাপই অপরাধ হিসেবে গণ্য হয়। এ অপরাধ গুরুতর কিংবা লঘু হতে পারে। অপরাধের দায়ে মৃত্যুদণ্ড, কারাদণ্ড, জরিমানার মতো নানা ধরনের শাস্তির বিধানও রয়েছে।
সাধারণ ধারণা অনুযায়ী, কোনো ব্যক্তি বা সমাজে সমস্যার সৃষ্টি করতে পারে এমন যেকোনো কাজকেই অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে খুন, জখম, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্ষণ, জালিয়াতি, রাষ্ট্রদ্রোহী কাজ, অর্থপাচার, ঘুষ দেওয়া-নেওয়া ইত্যাদি উল্লেখযোগ্য। এ ছাড়া যেসব সমাজে মদ, জুয়া নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ, সেসব সমাজে এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরাও অপরাধী হিসেবে গণ্য হয়।
অপরাধের ইংরেজি প্রতিশব্দ ‘ক্রাইম’, যা ল্যাটিন শব্দ ‘সার্নো’ থেকে এসেছে, যার অর্থ ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দন্ডাজ্ঞা দেব’। এখান থেকে উদ্ভূত ‘ক্রাইম’ শব্দটির অর্থ ‘আইনের দ্বারা শাস্তিযোগ্য কাজ’। বিখ্যাত সমাজবিজ্ঞানী রিচার্ড ফুইনি সমাজ ও অপরাধের মধ্যে সম্পর্কের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অপরাধ হচ্ছে সামাজিকতার দৃশ্যমান প্রতিফলন। এ কথার মাধ্যমে তিনি মূলত ব্যক্তির অপরাধে সম্পৃক্ততার প্রেক্ষাপট এবং সামাজিক আদর্শ ও ন্যায়-নিষ্ঠার মাধ্যমে জনগণের উপলব্ধি তৈরি—উভয় দিকই বিবেচনা করতে বলেছেন।
অপরাধ বিজ্ঞানী বিসলারের মতে, কিশোর অপরাধ হলো প্রচলিত সামাজিক নিয়মকানুনের ওপর অপ্রাপ্তবয়স্ক কিশোরদের অবৈধ হস্তক্ষেপ। আরেক অপরাধ বিজ্ঞানী বার্ট বলেছেন, কোনো শিশুকে তখনই অপরাধী মনে করতে হবে, যখন তার অসামাজিক কাজ বা অপরাধপ্রবণতা রোধে আইনগত ব্যবস্থার প্রয়োজন পড়ে। মূলত বিশেষ ধরনের অস্বাভাবিক ও সমাজবিরোধী কাজ, যা কিশোর কিশোরীরা সংগঠিত করে, তাকে কিশোর অপরাধ বলে।
লেখার শুরুতেই অপরাধের তাত্ত্বিক ও শব্দগত অর্থের ব্যাখ্যা ও অপরাধ বিজ্ঞানীদের দেওয়া এ সম্পর্কিত তত্ত্বের উল্লেখ করা হয়েছে। কিশোর অপরাধের তত্ত্বও তুলে ধরা হয়েছে। এই অবতারণার কারণ হচ্ছে দীর্ঘ দিন ধরে এ বিষয়টি আমাকে তাড়িত করছে। এ থেকেই বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক বিভিন্ন অপরাধের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করছি আমি। এ লক্ষ্যে অপরাধপ্রবণতা বুঝতে শুধু নিজের দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া কিছু অপরাধের চিত্র তুলে ধরার চেষ্টা করব আমি।
সম্প্রতি আমি লক্ষ্য করেছি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঘটে যাওয়া কিছু অপরাধের মাত্রা ও চরিত্র একই রকম। শুধু এই তিন দেশ নয় অপরাধ পৃথিবীর সব দেশে সব যুগে ঘটে থাকে। তবে যেসব দেশে আইনের শাসন খুব কড়াকড়ি থাকে, সেসব দেশে মানুষের অপরাধপ্রবণতা কম থাকে। আর যেসব দেশে আইনের শাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকে, সেসব দেশে অনিয়ন্ত্রিত অপরাধ চলতেই থাকে। এই তিন দেশ ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীন দেশ হিসেবে পথ চলা শুরু করলেও তারা এখনো ঔপনিবেশিক আইনের বেড়াজালে আবদ্ধ। তারা অনেক আইন এখনো সংস্কার করতে পারেনি বা করেনি। ফলে অনেক অপরাধের শাস্তি হয় না। হলেও বিচারের দীর্ঘসূত্রতার কারণে অপরাধী পার পেয়ে যায় কিংবা অপরাধের যথাযথ বিচার হয় না। ফলে দিন দিন অপরাধপ্রবণতা বাড়ে।
দেখা গেছে, উপমহাদেশের তিন দেশে একটি অপরাধ সংঘটনের পরপরই এ ধারার অপরাধ চলতেই থাকে। আজ একজন করল তো কাল আরেকজন। অপরাধীদের মধ্যে অপরাধবোধও কাজ করে না। অপরাধ করে দিব্যি দাপটের সঙ্গে ঘুরে বেড়ায়; ভাব এমন যে, কে তার বিচার করবে। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া কিছু অপরাধ দেখে একটি বড় প্রশ্ন হাজির হয়েছে—কেন মানুষ এত বেপরোয়া হয়ে উঠেছে? তবে অন্য দিকটিও দেখতে হয়। এ যুগে সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম থাকায় এবং সেলফোনে এসবে প্রবেশযোগ্যতা থাকায় অধিকাংশ অপরাধ মানুষের নজরে আসছে, যা তারা বিভিন্নভাবে আইনপ্রয়োগকারী সংস্থার দৃষ্টিতে আনতে পারে। এটা ঠিক যে, অপরাধ কম-বেশি সব যুগে হয়েছে বা হচ্ছে। যোগাযোগের অভাবে অনেক অপরাধ আগে লোকচক্ষুর অন্তরালে থাকত, যা এখন নজরে আসছে।
বাংলাদেশে সম্প্রতি মাদকাসক্তি, অবৈধ অর্থোপার্জন, অবৈধ ব্যবসা, অর্থ আত্মসাৎ, ঋণখেলাপি, প্রতারণা ইত্যাদির মতো অপরাধ ভয়াবহ মাত্রায় বেড়েছে। সবচেয়ে ভয়াবহ যেটি তা হলো ‘ধর্ষণ’। সমাজের সর্বস্তরে ধর্ষণ প্রবণতা এত বেশি বেড়েছে যে তা মানুষ ও পশুর মধ্যে ব্যবধান ঘুচিয়ে দিচ্ছে। পরিস্থিতি এমন যে, যে যাকে পারছে তাকেই ধর্ষণের চেষ্টা করছে। আইনের প্রতি, শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত এই জঘন্য অপরাধ ঘটেই চলেছে।
যখন দেখি মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম, স্কুলশিক্ষক তার ছাত্রীদের দিনের পর দিন ধর্ষণ করে, তখন লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পাই না। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষক নিজের সন্তানতুল্য শিক্ষার্থীদের যৌন নির্যাতন করে, তখন আমাদের নিজেদের নীতি-নৈতিকতা নিয়ে ভাবতে হবে। খুঁজতে হবে আমাদের নৈতিক স্খলন কতটা নিচে নেমেছে। বিচারের কথা এলে বলতে হয়, একজন শিক্ষকের যদি এমন নৈতিক অধঃপতন হয়, সেখানে বিচারক কী বিচার করবেন?
আদালত দু-একজনকে শাস্তি দিতে পারবেন, আইনের আওতায় আনতে পারবেন; কিন্তু সমাজের সবচেয়ে সম্মানের জায়গায় থাকা মানুষগুলো যদি নিজের সন্তানতুল্য ছাত্রীদের ধর্ষণ করে অথবা ধর্ষণের কথা সব সময় চিন্তা করে, তাহলে ভাবতে হবে আমাদের অধঃপতন কোথায় এসে ঠেকেছে। ভাবুন একবার ঢাকার ভিকারুননিসা স্কুলের শিক্ষক পরিমলের কথা কিংবা ফেনীর সোনাগাজীর নুসরাতের ঘটনা। নুসরাত প্রতিবাদ না করলে সোনাগাজীর ঘটনা হয়তো কখনো প্রকাশই হতো না। এভাবে সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত—এমন কোনো জায়গা বাকি নেই, যেখানে নারীরা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে না। বাসচালক ও হেলপারদের এ ধরনের কর্মকাণ্ড অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। রেহাই পাচ্ছে না ৯ মাসের শিশু থেকে ৩-৪ বছরের শিশু পর্যন্ত! পিতার লালসার হাত থেকে বাঁচতে পারছে না তারই সন্তান।
সমাজের এমন কোনো জায়গা বাকি নেই, যেখানে মানুষের মধ্যে ধর্ষণ প্রবণতা কাজ করে না। শুধু বাংলাদেশ কেন, ভারত বা পাকিস্তানেও প্রতিদিন এমন বহু ঘটনা ঘটছে। এই যে সর্ববিস্তারি ধর্ষণ প্রবণতা—এর কারণ কী? অপরাধীকে ধরে শাস্তি দিলে এটি হয়তো সাময়িকভাবে প্রশমিত হবে। কিন্তু এই প্রবণতার বিনাশ হবে কি? এই প্রশ্ন নিয়ে ভাবার সময় এসেছে। তিনটি দেশেই ধর্ষণ প্রবণতা যে হারে বাড়ছে, তাতে এর সামাজিক কারণকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা না নিতে পারলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তাই অতিসত্বর এ ক্ষেত্রে জরুরি গবেষণা হওয়া প্রয়োজন।